২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএল-এর প্রথম আসরের শিরোপা রাজস্থান রয়্যালসের

দুটো সেমিফাইনালের একটিও জমেনি, সহজেই জিতে ফাইনালে উঠেছিল রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। তবে আইপিএল-এর প্রথম আসরের ফাইনাল সেই আক্ষেপ ঘুচিয়ে দিয়েছে ক্রিকেট-ভক্তদের। রোববার মুম্বাইয়ের ড. ডি ওয়াই পাতিল স্পোর্টস স্টেডিয়ামে অনুষ্ঠিত নাটকীয় ফাইনালে চেন্নাই সুপার কিংসকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে রাজস্থান রয়্যালস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2008, 04:54 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

মুম্বাই, ২ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুটো সেমিফাইনালের একটিও জমেনি, সহজেই জিতে ফাইনালে উঠেছিল রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। তবে আইপিএল-এর প্রথম আসরের ফাইনাল সেই আক্ষেপ ঘুচিয়ে দিয়েছে ক্রিকেট-ভক্তদের। রোববার মুম্বাইয়ের ড. ডি ওয়াই পাতিল স্পোর্টস স্টেডিয়ামে অনুষ্ঠিত নাটকীয় ফাইনালে চেন্নাই সুপার কিংসকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে রাজস্থান রয়্যালস। টুর্নামেন্টের সবচেয়ে কম দামী দলটির শেষ বলে পাওয়া জয়ে সবচেয়ে বড় অবদান ইউসুফ পাঠানের। ২২ রানে ৩ উইকেট নেয়ার পর ৩৯ বলে ৫৬ রান করে তিনিই দলকে এগিয়ে দিয়েছেন জয়ের পথে। ১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা রাজস্থানকে প্রথম ধাক্কা দেন মানপ্রিত গোনি, ১১ বলে মাত্র ২ রান করা নীরাজ প্যাটেলকে বোল্ড করে। অন্য ওপেনার স্বপ্নীল আসনোদকার অবশ্য আক্রমণাত্মক ব্যাটিং করে রানরেট এগিয়ে রাখার কাজটা ভালোমতোই করছিলেন। কিন্তু ২০ বলে ৪টি বাউন্ডারিসহ ২৮ রান করা আসনোদকারকে সুরেশ রায়নার ক্যাচ বানিয়ে প্রতিপক্ষকে বড় এক ধাক্কা দেন অ্যালবি মরকেল। এনটিনির সরাসরি থ্রোতে কামরান আকমলের (৬) রানআউটে আরো বিপদে পড়ে যায় শেন ওয়ার্নের দল। ৪২ রানে ৩ উইকেট হারানোর পর ইউসুফ-ওয়াটসনের মধ্যে ৭.৩ ওভারে গড়ে ওঠা ৬৫ রানের জুটিতে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে রাজস্থান। ১৯ বলে ৩টি বাউন্ডারিতে ২৮ রান করা ওয়াটসনকে বোল্ড করে চেন্নাইকে আবার ম্যাচে ফিরিয়ে নিয়ে আসেন মুরালিধরন। জুটিটা অবশ্য আগেই ভেঙ্গে যেতে পারতো। কিন্তু ১৩ রানের সময় মুরালির বলে আকাশে বল উঠিয়ে দিয়েও রায়নার ব্যর্থতায় বেঁচে যান ইউসুফ। বিশ্বসেরা অফস্পিনারকে পর পর দুই বলে ছক্কা হাঁকিয়ে 'কাটা ঘায়ে নুনের ছিটা'ও ভালো মতোই দিয়েছেন এই হার্ডহিটিং ব্যাটসম্যান। ৩৩ রানের সময়েও একটা সুযোগ দিয়েছিলেন তিনি। কিন্তু কঠিন রিটার্ন ক্যাচটা ধরতে পারেননি গোনি। মুরালিকে ছক্কা মেরে ফিফটিতে পৌঁছানো ইউসুফকে শেষ পর্যন্ত ফিরিয়েছেন রায়না, সরাসরি থ্রোতে রান আউট করে। ৩৯ বলে ৫৬ রানের বিধ্বংসী ইনিংসটা গড়ে উঠেছে ৪টি বিশাল ছক্কা ও ৩টি বাউন্ডারিতে। ইউসুফের আগেই অবশ্য কাইফ (১২) ও রবীন্দ্র জাদেজা (০) আউট হয়ে চাপের মধ্যে ফেলে দেন দলকে। সেই চাপ থেকে রাজস্থান বেরিয়ে এসেছে অধিনায়ক ওয়ার্ন (৯ বলে অপরাজিত ৯) ও সোহেল তানভিরের (৭ বলে অপরাজিত ৯) সৌজন্যে। এর আগে টস হেরে ব্যাট করতে নামা চেন্নাইয়ের ইনিংসে সর্বোচ্চ স্কোরার ছিলেন রায়না। দুটো ছক্কা ও একটি বাউন্ডারিতে ৩০ বলে ৪৩ রান করেছেন তিনি। ৩৩ বলে ৫টি বাউন্ডারিসহ দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান এসেছে পার্থিব প্যাটেলের ব্যাট থেকে। শেষ দিকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ১৭ বলে দুটি ছক্কায় গড়া অপরাজিত ২৯ রানের 'ক্যামিও' ইনিংসের সুবাদে ৫ উইকেটে ১৬৩ রান করেছে চেন্নাই। ২২ রানে ৩ উইকেট নেয়া ইউসুফ পাঠান রাজস্থানের সেরা বোলার। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট (২২টি) শিকারী সোহেল তানভির ফাইনালে একদমই সুবিধা করতে পারেননি। এক উইকেট নিলেও ৪ ওভারে ৪০ রান দিয়েছেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার। সংক্ষিপ্ত স্কোর : চেন্নাই সুপার কিংস : ২০ ওভারে ১৬৩/৫ (পার্থিব ৩৮, বিদ্যুৎ ১৬, রায়না ৪৩, মরকেল ১৬, ধোনি ২৯*, কাপুগেদারা ৮, বদ্রিনাথ ৬*, অতিরিক্ত ৭; তানভির ১/৪০, ওয়াটসন ১/২৯, মুনাফ ০/১৪, ইউসুফ ৩/২২, ত্রিবেদী ০/২১, ওয়ার্ন ০/৩৪) রাজস্থান রয়্যালস : ২০ ওভারে ১৬৪/৭ (প্যাটেল ২, আসনোদকার ২৮, আকমল ৬, ওয়াটসন ২৮, ইউসুফ ৫৬, কাইফ ১২, জাদেজা ০, ওয়ার্ন ৯*, তানভির ৯*, অতিরিক্ত ১৪; এনটিনি ০/২১, গোনি ১/৩০, মরকেল ২/২৫, বালাজি ০/৪২, মুরালিধরন ২/৩৯)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/০০৪৯ঘ.