২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঞ্জাবকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে চেন্নাই

কিংস ইলেভেন পাঞ্জাব মাত্র ১১২ রানে আটকে যাওয়ায় আনুষ্ঠানিকতাটাই শুধু বাকি ছিল। ওভারে ১ উইকেটে ১১৪ রান করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় সেমিফাইনালে সেই আনুষ্ঠানিকতাই সেরেছে চেন্নাই সুপার কিংস। ৯ উইকেটে ম্যাচ জিতে ফাইনালে রাজস্থান রয়্যালসের সঙ্গী হয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2008, 03:14 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

মুম্বাই, ৩১ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিংস ইলেভেন পাঞ্জাব মাত্র ১১২ রানে আটকে যাওয়ায় আনুষ্ঠানিকতাটাই শুধু বাকি ছিল। ওভারে ১ উইকেটে ১১৪ রান করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় সেমিফাইনালে সেই আনুষ্ঠানিকতাই সেরেছে চেন্নাই সুপার কিংস। ৯ উইকেটে ম্যাচ জিতে ফাইনালে রাজস্থান রয়্যালসের সঙ্গী হয়েছে তারা। রোববার মুম্বাইয়ে অনুষ্ঠেয় ফাইনালে চেন্নাই থাকছে -- এ নিয়ে সামান্যতম সংশয়ও যদি কখনো জেগে থাকে সেটা ১১৩ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে চেন্নাই ১৪ রানে বিদ্যুৎকে হারানোর সময়ই। ইরফান পাঠানের ওই সাফল্য অবশ্য কোনো প্রভাবই ফেলতে পারেনি ম্যাচে। দ্বিতীয় উইকেটে পার্থিব প্যাটেল (৪৮ বলে ৮টি চারে অপরাজিত ৫১) আর সুরেশ রায়নার (৩৪ বলে ৪টি চার ও ৪টি ছক্কায়) অবিচ্ছিন্ন ১০২ রানের জুটি সহজেই জয়ের বন্দরে পৌঁছে দিয়েছে মহেন্দ্র সিং ধোনির দলকে। ৩১ বল বাকি থাকতে ৯ উইকেটের জয় ফাইনালে নিশ্চয়ই আত্মবিশ্বাসী রাখবে চেন্নাইকে। অবশ্য পাঞ্জাবের ইনিংসের সময় মনে হচ্ছিল আরো একতরফা হবে ম্যাচ। একশ'র আগেই গুটিয়ে যাওয়ার আশঙ্কা ছিল যুবরাজ সিং আর প্রীতি জিনতার দলের। শেষ দিকে উইলকিনস মোতা (২৫), পিযূষ চাওলা (১২) আর রমেশ পাওয়ার (২৮*) কিছুটা জ্বলে ওঠায় সেই লজ্জা এড়াতে পারে তারা। প্রথম ওভারের তৃতীয় বল থেকে শুরু, ষষ্ঠ ওভারের এক বল বাকি থাকতে এক এক করে ৪ উইকেট শেষ। টস জিতে ব্যাট করতে নেমে পাঞ্জাব এ অবস্থায় পড়েছিল মূলত মাখায়া এনটিনি আর মনপ্রীত গোনির কারণে। শন মার্শ (২৩), জেমস হোপস (২), কুমার সাঙ্গাকারা (৩) ও অধিনায়ক যুবরাজ সিংরা (৪) বিদায় নেয়ার পর স্কোরবোর্ডে ছিল মাত্র ৩৪ রান। প্রথম দুটো উইকেট মাখায়া এনটিনির (২/২৩), বাকি দুটো মনপ্রীত গোনির (২/১৪)। এ দুই পেসারের তোপের ধকল আর কাটেনি। তাই নিয়মিত বিরতিতেই পড়তে থাকে উইকেট। এনটিনি আর গোনির মতো অ্যালবি মরকেলও পেয়েছেন দু' উইকেট (২/২৭)। এ ম্যাচে বোলিংয়ে ইনিংস সূচনা করা মুত্তিয়া মুরালিধরনকেও (১/১৯) খালি হাতে ফিরতে হয়নি। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/২৩৪০ ঘ.