২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিশোধের লক্ষ্য নিয়ে চেন্নাইয়ের সামনে পাঞ্জাব

দ্বিতীয় স্থানে থেকে আইপিএল-এর লিগ পর্ব শেষ করলেও চেন্নাই সুপার কিংসের বিপক্ষে একটা ম্যাচও জিততে পারেনি তারা। ১৯ এপ্রিল ঘরের মাঠ মোহালিতে কিংস ইলেভেন পাঞ্জাব হার মেনেছিল ৩৩ রানে। আর ১০ মে চেন্নাইয়ে অনুষ্ঠেয় ফিরতি ম্যাচে স্বাগতিকরা জিতেছিল ১৮ রানে। চেন্নাইয়ের সঙ্গে শনিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠেয় দ্বিতীয় সেমিফাইনাল তাই প্রতিশোধের উপলক্ষ্য নিয়ে এসেছে পাঞ্জাবের সামনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2008, 11:44 AM

Updated : 26 Aug 2022, 01:55 PM

মুম্বাই, ৩০ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয় স্থানে থেকে আইপিএল-এর লিগ পর্ব শেষ করলেও চেন্নাই সুপার কিংসের বিপক্ষে একটা ম্যাচও জিততে পারেনি তারা। ১৯ এপ্রিল ঘরের মাঠ মোহালিতে কিংস ইলেভেন পাঞ্জাব হার মেনেছিল ৩৩ রানে। আর ১০ মে চেন্নাইয়ে অনুষ্ঠেয় ফিরতি ম্যাচে স্বাগতিকরা জিতেছিল ১৮ রানে। চেন্নাইয়ের সঙ্গে শনিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠেয় দ্বিতীয় সেমিফাইনাল তাই প্রতিশোধের উপলক্ষ্য নিয়ে এসেছে পাঞ্জাবের সামনে। সেই 'মিশনে' পাঞ্জাবের তুরুপের তাস নিঃসন্দেহে শন মার্শ। প্রথম চার ম্যাচ না খেলেও টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন তিনি। ১০ ম্যাচে ৭৪.১২ গড়ে একটি সেঞ্চুরি ও পাঁচটি ফিফটিসহ ৫৯৩ রান, স্ট্রাইক রেট ১৩৯.৮৫ রান --- প্রশ্নাতীতভাবে শন মার্শ আইপিএল-এর প্রথম আসরে সবচেয়ে আলোচিত ব্যাটসম্যান। সবচেয়ে বেশি বার (৫ বার) ম্যাচ-সেরা হওয়ার গৌরবও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যানের দখলে। মার্শ-যুবরাজ-জয়াবর্ধনে-সাঙ্গাকারা-হোপসকে নিয়ে গড়া পাঞ্জাবের ব্যাটিং লাইনআপও চেন্নাইয়ের চেয়ে অনেক এগিয়ে। সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য দেশে ফিরে গেছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিভেন ফ্লেমিং। তার অনুপস্থিতিতে পার্থিব প্যাটেলের সঙ্গে ওপেন করবেন এস, বিদ্যুৎ কিংবা অনিরুদ্ধ শ্রীকান্তর যে কোনো এক জন। এর পর নামবেন রায়না-বদ্রিনাথ-ধোনি-অ্যালবি মরকেলরা। ব্যাটিং শক্তিতে চেন্নাইকে পিছিয়ে না রেখে উপায় নেই! বোলিং শক্তি অবশ্য দু দলের প্রায় সমান-সমান। শ্রীশান্ত, ইরফান পাঠান, ভিআরভি সিং, পীযূষ চাওলাদের নিয়ে গড়া পাঞ্জাবের বোলিং আক্রমণকে চ্যালেঞ্জ জানাতে সমস্যা হওয়ার কথা নয় চেন্নাইয়ের এনটিনি-গোনি-বালাজি-মরকেল-মুরালিধরনদের। সব মিলিয়ে দ্বিতীয় সেমিফাইনালে একটা জমজমাট লড়াইয়ে আশা করতেই পারে ক্রিকেটানুরাগীরা। সেই উপভোগ্য লড়াইয়ের জন্য অপেক্ষা করতে হবে শনিবার রাত সাড়ে আটটা পর্যন্ত। তখনই শুরু হবে দুই 'কিংস' অর্থাৎ পাঞ্জাব কিংস ইলেভেন ও চেন্নাই সুপার কিংসের দ্বিতীয় সেমিফাইনাল। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭৪০ঘ.