জয়পুর, ২৭ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ, বর্ণাঢ্য ক্যারিয়ারে কম ম্যাচে জয় পাননি তিনি। তবু সোমবার আইপিএল-এ মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে শেষ বলের নাটকীয় জয়কে ক্যারিয়ারের অন্যতম সেরা বলতে দ্বিধা করছেন না শেন ওয়ার্ন। রাজস্থান রয়্যালসের অধিনায়ক ও কোচ ৫ উইকেটের এই জয়ে একেবারে আনন্দে আত্মহারা, আবেগে ভীষণভাবে আপ্লুত।
আবেগে ভেসে যাওয়ারই তো কথা। ১৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭৭ রানে প্রথম পাঁচ ব্যাটসম্যান নেই, ক্রিজে দুই তরুণ নীরাজ প্যাটেল ও রবীন্দ্র জাদেজা --- পরাজয়ের প্রহর গোনাই বোধহয় শুরু করে দিয়েছিল রাজস্থানের সমর্থকরা। কিন্তু প্যাটেল-জাদেজার ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটি অসাধারণ এক জয় এনে দিয়েছে ওয়ার্নের দলকে। টান-টান উত্তেজনায় ভরা শেষ ওভারে দু জনের মাথা ঠান্ডা রেখে রাজস্থানকে লক্ষ্যে পৌঁছে দেওয়ার কথাও বলতে হবে। দিলহারা ফার্নান্দোর করা সেই ওভারে তাদের প্রয়োজন ছিল ১৫ রান। প্রথম বলে প্যাটেল সিঙ্গেল এবং পরের বলে জাদেজা ৩ রান নিলে শেষ ৪ বলে দরকার হয় ১১ রানের। এবং ওভারের তৃতীয় বলে প্যাটেলের ছক্কা! তখন মনে হচ্ছিল জয় পেতে তেমন সমস্যা হবে না রাজস্থানের। কিন্তু পরের দুই বলে দুই রান হওয়ায় ম্যাচটা আবার হেলে পড়ে মুম্বাইয়ের দিকে। শেষ বলে তিন রান দরকার --- রাজস্থানের সামনে সমীকরণটা তখন ভীষণ কঠিন।
সেই কঠিন কাজটা সহজ করে দিলেন ফার্নান্দো, লেগ সাইড দিয়ে ওয়াইড দিয়ে। তারপরও জিততে পারতো মুম্বাই, যদি না শেষ বলে জয়াসুরিয়া অমন অমার্জনীয় ভুল না করতেন। প্যাটেল পুল করতে চাইলেও টাইমিং ঠিক মতো না হওয়ায় বল চলে যায় মিড অন অঞ্চলে। সেখান থেকে ডুইন স্মিথ থ্রো করেছিলেন বোলার প্রান্তে। জাদেজা তখনো বেশ দূরে। কিন্তু জয়াসুরিয়া থ্রোটা হাতে জমাতে না পারায় নিশ্চিত রান আউটের হাত থেকে বেঁচে যান জাদেজা। আর রাজস্থানও মেতে ওঠে জয়োৎসবে।
পেন্ডুলামের মতো দুলতে থাকা এক ম্যাচে এমন রোমাঞ্চকর জয়ের জন্য ওয়ার্ন খুশিতে বাঁধনহারা হয়ে পড়েছেন ম্যাচশেষে। যে জয়টাকে ক্যারিয়ারের অন্যতম সেরা বলতেও দ্বিধা করেননি সর্বকালের সেরা লেগস্পিনার, "এটা একটা অসাধারণ জয় এবং আমার ২০ বছরের দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের অন্যতম সেরা ম্যাচ।" অনন্ত চাপের মধ্যেও প্যাটেল-জাদেজার মাথা ঠান্ডা রাখার প্রশংসা করে তার মন্তব্য, "এ ধরনের ক্লোজ ম্যাচগুলোতে সবচেয়ে বড় কথা হলো নিজেদের ওপরে আস্থা রাখা। চাপের মোকাবেলা করা এবং মাথা ঠান্ডা রাখার ওপরেই সব কিছু নির্ভর করে। রবীন্দ্র জাদেজা ও নীরাজ প্যাটেল যেভাবে চাপের মোকাবেলা করেছে তাতে আমি তাদের নিয়ে ভীষণ গর্বিত।"
মুম্বাই পারলো না, কিন্তু মাত্রই ক্যারিয়ার শুরু করা দুই তরুণ কিভাবে এমন চাপের মধ্যে অবিচল থাকলো তা নিয়েও প্রশ্ন করা হয়েছিল ওয়ার্নকে। এই প্রশ্নে টেস্ট ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিকের সোজাসাপ্টা জবাব, "আমরা সব সময় তরুণদের মধ্যে আত্মবিশ্বাস ছড়িয়ে দেই। আমাদের দলের অন্যতম স্লোগান হলো 'পথ খুঁজে নাও' এবং 'নিজের ভূমিকা পালন করো'। আমার দল যে তা করতে পারছে সেজন্য আমি গর্বিত।" তবে সেই সঙ্গে মধুর একটা সমস্যাতেও পড়েছেন ওয়ার্ন! সমস্যাটার কথা শোনা যাক তার মুখেই, "নীরাজ প্যাটেলের মতো নতুন ম্যাচ উইনার আমাদের মাথা ব্যথার কারণও হয়ে দাঁড়িয়েছে। দল নির্বাচনের সময় কাকে বাদ দেয়া হবে তা বেশ কঠিন হয়ে দাঁড়াবে আমাদের জন্য।"
আইপিএল শুরু হওয়ার সময় যাদেরকে কেউ পাত্তাই দিতে চায়নি, যে দলটা গড়া হয়েছিল সবচেয়ে কম টাকায় সেই রাজস্থান রয়্যালসই এখন কাকে ছেড়ে কাকে খেলাবে ভেবে অস্থির! ক্রিকেট-বিশ্বে হৈ-চৈ ফেলা দেয়া আইপিএল-এর প্রথম আসরের সবচেয়ে বড় চমক যে রাজস্থান তা বোধহয় বলার দরকার নেই। যে চমকের অন্যতম রূপকার ওয়ার্নকে ঘিরেই এখন পাদপ্রদীপের আলো। অধিনায়কত্বের পাশাপাশি কোচিং দিয়ে তিনিই তো রাজস্থান রয়্যালসকে পরিণত করেছেন টুর্নামেন্টের সবচেয়ে বড় বিস্ময়ে!
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭০০ঘ.
bdnews24