হায়দ্রাবাদ, ২৫ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেমিফাইনালে ওঠার আশা আগেই শেষ। এখন আর জিতলেও কোনো লাভ নেই। তবে লাভ থাকুক আর না-ই থাকুক, ব্যাঙ্গালোরের রয়্যাল চ্যালেঞ্জার্স কিন্তু এই মুহূর্তে জয়ের ধারায়! আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জয় পাওয়া ব্যাঙ্গালোর রোববার ৫ উইকেটে হারিয়েছে ডেকান চার্জার্সকে। এই জয়ে ৮ দলের টুর্নামেন্টে সবার নিচে না থাকাও নিশ্চিত করে ফেলেছে রাহুল দ্রাবিড়ের দল। ১৩ ম্যাচে চতুর্থ জয় পাওয়া ব্যাঙ্গালোর ৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে। সমান ম্যাচ খেলে একাদশ বারের মতো পরাজিত ডেকান ৪ পয়েন্ট নিয়ে যথারীতি সবার নিচে।
হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ব্যাঙ্গালোরের জয় নিশ্চিত হয়েছে সম্মিলিত প্রচেষ্টায়। ক্যালিস (২৫ বলে ৩১), মিসবাহ (২৮ বলে ৩৪) ও অধিনায়ক দ্রাবিড়ের (২১ বলে ৩১) দেখিয়ে যাওয়া পথ ধরে দলকে এক ওভার আগেই লক্ষ্যে পৌঁছে দেন হোয়াইট (২৩ বলে অপরাজিত ৩১) ও অখিল (৭ বলে ৩টি ছক্কায় অপরাজিত ২৭)।
এর আগে টস জিতে ব্যাট করতে নামা ডেকান চার্জার্স দারুণ সূচনা পেয়েছিল গিলক্রিস্ট (৩৭ বলে ৪৬) ও গিবসের (৩৪ বলে ৪৭) সৌজন্যে। তবে এই দু জনের মধ্যে ১১.২ ওভারে গড়ে ওঠা ১০১ রানের উদ্বোধনী জুটি ভেঙ্গে যাওয়ার পর দিগ্ভ্রান্ত হয়ে পড়ে স্বাগতিকদের ইনিংস। বেনুগোপাল রাও (২৬) ও রোহিত শর্মা (১৭) ছাড়া আর কোনো ব্যাটসম্যান দু অংকের ঘরে যেতে পারেননি। তাই ইনিংসের শেষ বলে অলআউট হওয়া ডেকান ১৬৫ রানের বেশি সংগ্রহ গড়তে পারেনি। ২৭ রানে ৩ উইকেট নেয়া বিনয় কুমার ব্যাঙ্গালোরের সেরা বোলার। ম্যান অব দ্য ম্যাচও তিনি। স্টেইন ও বিরাট কোহলির শিকার দুটি করে উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০৪০ঘ.
bdnews24