২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন আশরাফুল-আফতাবও

তার কলেজের গন্ডি পেরোনোর কথা ছিল ২০০১ সালে। কিন্তু সে বছর এপ্রিলে জিম্বাবুয়ে সফরের বাংলাদেশ দলে জায়গা পাওয়ায় সে যাত্রা তো হয়ইনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2008, 02:47 PM

Updated : 26 Aug 2022, 01:53 PM

ঢাকা, ২৪ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- তার কলেজের গন্ডি পেরোনোর কথা ছিল ২০০১ সালে। কিন্তু সে বছর এপ্রিলে জিম্বাবুয়ে সফরের বাংলাদেশ দলে জায়গা পাওয়ায় সে যাত্রা তো হয়ইনি। একের পর এক ব্যস্ত ক্রিকেট সূচীর কারণে পরের সাত বছরেও আর উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়নি মোহাম্মদ আশরাফুলের। তবে এবার আর 'মিস' করছেন না, সামনে গুরুত্বপূর্ণ ত্রিদেশীয় সিরিজ থাকার পরেও ২৯ মে থেকে শুরু হতে যাওয়া উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবেন বলেই পণ করেছেন বাংলাদেশ অধিনায়ক। এখানে তার আরেকজন সঙ্গী আছেন বলেও শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানালেন, "উচ্চমাধ্যমিক পরীক্ষা শুধু আমিই দিচ্ছি না। আফতাবও (আফতাব আহমেদ) দিচ্ছে।" তাদের আরেক সতীর্থ সাকিব আল হাসানের মতো অবশ্য সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিচ্ছেন না আশরাফুল-আফতাব। কারিগরী শিক্ষা বোর্ডের অধীনেই বাংলাদেশ দলের এই দুই তারকা ব্যাটসম্যান উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন। অলরাউন্ডার সাকিব পরীক্ষা দেওয়ার জন্য ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে লম্বা ছুটি নিয়ে ফেলেছেন। এজন্য ৮ জুন থেকে ভারত-পাকিস্তানকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজেও খেলছেন না বিকেএসপির ছাত্র সাকিব। তবে আশরাফুল ছুটি নিচ্ছেন না বলেই নিশ্চিত করলেন, "না, আমরা ছুটি নিচ্ছি না। খেলার সময় পরীক্ষা থাকলে ছাড় পাবো।" সেটা কী রকম? এ প্রশ্নের জবাবে বললেন, "খেলার দিন কোনো পরীক্ষা থাকলে ওই পরীক্ষাটা পরে সুবিধাজনক কোনো সময়ে দেওয়ার সুযোগ দেওয়া হবে আমাদের।" সাত বছরে যে পরীক্ষাটা দেওয়া হল না, এবার সেটা দেওয়ার জন্য উদ্যোগী হওয়ার কারণ জানতে চেয়ে অন্য এক আশরাফুলকেই খুঁজে পাওয়া গেল। যিনি ক্রিকেটের পাশাপাশি পড়াশোনাটাও ভালোভাবে চালিয়ে যাওয়াকে ভীষণ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন, "ক্রিকেট ক্যারিয়ার শেষে কিছু একটা তো করতে হবে। এজন্য পড়াশোনা করা জরুরী। উচ্চমাধ্যমিক পাসের পর পড়াশোনাটা সিরিয়াসলিই করার ইচ্ছে আছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২০৪৪ঘ.