ঢাকা, ২১ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- মোহামেডানের কাছে বিমানের ১২৪ রানের বিশাল হারে আর নেট রানরেটের হিসাবে যেতে হয়নি। সূর্যতরুণকে শেষ ম্যাচে ৪ উইকেটে হারিয়ে সরাসরি পয়েন্টেই প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন আবাহনী। বিকেএসপি দুই নাম্বার মাঠে বুধবার বাঁ হাতি স্পিনার আরাফাত সানির ঘূর্ণিজাদুতে প্রতিপক্ষকে মাত্র ১৬০ রানে গুটিয়ে দেওয়া আবাহনীর এটা পঞ্চদশ লিগ শিরোপা। এছাড়া ঢাকার ঘরোয়া ক্রিকেটে তারা রানার্স আপ হয়েছে নয় বার।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আবারো বিমানের ব্যাটসম্যানদের চরম ব্যর্থতায় জয় দিয়েই শেষ করেছে তারকাখচিত মোহামেডান। আগের ম্যাচে তারকা ক্রিকেটারদের বাদ দিয়ে নামা দলটি এদিন অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে নামিয়েছে। এবং শেষ ম্যাচের জয়ে তাদের পয়েন্ট ২৪, রানার্স আপ বিমানের ২৫। আর চ্যাম্পিয়ন আবাহনীর ২৭।
টস জিতে ব্যাট করতে নামা সূর্যতরুণ এতো অল্পতে গুঁটিয়ে যাবে শুরুতে সেরকম মনেই হয়নি। বিশেষ করে ৪ ওভারেই ৪০ রান তুলে ফেলার পর। কিন্তু পঞ্চম ওভারে অধিনায়ক তুষার ইমরান স্পিনারদের আক্রমণে নিয়ে আসার পর থেকেই পরিস্থিতি পাল্টে যেতে থাকে। মোহাম্মদ রফিক ভাঙ্গেন উদ্বোধনী জুটি। তবে সূর্যতরুণ শিবিরে আতঙ্ক ছড়িয়েছেন ষষ্ঠ ওভারে আক্রমণে আসা আরেক বাঁ হাতি স্পিনার আরাফাত সানি। ৮.২-২-১৩-৫; এরকম বোলিংয়ের পর আসলে তার ম্যাচ সেরা না হওয়ারও কোনো কারণ ছিল না। মাত্র দুটো উইকেট পেলেও মিতব্যয়ীতায় পিছিয়ে ছিলেন না রফিকও। ৭ ওভারে দিয়েছেন মাত্র ১৩ রান। আরাফাত-রফিকের ঘূর্ণিজাদুতে ৩৯.২ ওভারেই গুটিয়ে যাওয়া সূর্যতরুণ ১৬০ পর্যন্ত যেতে পেরেছে মূলত নাঈম ইসলামের (৫৭) ফিফটিতে।
সহজ লক্ষ্যের পেছনে ছুটতে নামা আবাহনীরও আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ ছিল ২৯ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলার পর। কিন্তু চতুর্থ উইকেটে শাহরিয়ার নাফীস (৩১) ও থিলানা কান্দাম্বির (৪৬) ৫৯ রানের পার্টনারশিপ বিপর্যয় সামলায়। পরে ১০ রানের মধ্যে তাদের দু'জনের বিদায়ের পরও আবাহনীর পথ না হারানোর কারণ নাদীফ চৌধুরী। ৩৭ বলে পাঁচ বাউন্ডারিতে তার অপরাজিত ৩৪ রান আবাহনীকে ৪১.৩ ওভারেই জয়ের তীরে পৌছে দেয়।
সুপার লিগের শেষ ম্যাচে এসে দুইশো রানের দেখা পাওয়া মোহামেডানের এই কৃতিত্বের ভাগীদার অবশ্য তাদের শীর্ষ ব্যাটসম্যানরা নন। নির্ধারিত ৫০ ওভারে অলআউট মোহামেডানকে ২৩৯ পর্যন্ত নিয়ে গেছেন আসলে দুই টেল এন্ডার। এর আগে পরীক্ষিত ব্যাটসম্যানরা তেমন কিছুই করে দেখাতে পারেননি। এই যেমন এক ম্যাচ পর একাদশে ফেরা আশরাফুল থার্ডম্যান দিয়ে গ্লাইড করতে গিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ হয়েছেন। রান করেছেন মাত্র ৩।
যার ব্যাটে বড় ইনিংসের সম্ভাবনা দেখা যাচ্ছিল, সেই ফয়সাল হোসেনও (৩৮) ম্যাচের সেরা বোলার মাশরাফি বিন মর্তুজার বলে বোল্ড হয়ে যাওয়ার সময় দলের রান ৭ উইকেটে মাত্র ১৩৮। সেখান থেকে আট ও নয় নাম্বার ব্যাটসম্যান সোহরাওয়ার্দী শুভ (৫৭) এবং ডলার মাহমুদের (৬০) ৯৭ রানের পার্টনারশিপ প্রত্যাশাতীত সংগ্রহে নিয়ে যায় মোহামেডানকে। ডলারের ৬০ রান এসেছে মাত্র ৪২ বলে। এই ঝড়ো ইনিংসে চারটি বাউন্ডারির পাশাপাশি সমানসংখ্যক ছক্কার মারও ছিল।
মাশরাফির ৫২ রানে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অবশ্য একদমই ম্লান করে দিয়েছেন বিমানের ব্যাটসম্যানরা। কতোটা, তা বোঝার জন্য ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটার কথা বললেই চলছে। মুশফিকুর রহমানের ব্যাট থেকে আসা ওই ইনিংসটা মাত্র ২৫ রানের। ব্যাটিংয়ে ৫৭ রানের পর বোলিংয়েও ৩০ রানে ২ উইকেট পাওয়া ম্যাচ সেরার স্বীকৃতি এনে দিয়েছে সোহরাওয়ার্দীকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০২০ঘ.
bdnews24