২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন হতে তাহলে তারকা লাগে না!

শিরোপা জিততে হলে তারকাখচিত দল গড়তে হয়। বেশি বেশি জাতীয় দলের খেলোয়াড়ও দলে ভেড়াতে হয়। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট সার্কিটে প্রচলিত এমন ধারণাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই যেন চলতি মৌসুমের প্রিমিয়ার ক্রিকেট লিগের শিরোপা জিতলো আবাহনী। গত বছর তাদের শিরোপাজয়ী দলে মাশরাফি বিন মর্তুজা ও খালেদ মাসুদের মতো তারকা ক্রিকেটাররা ছিলেন। কিন্তু এবার? এক শাহরিয়ার নাফীস ছাড়া সেই অর্থে কোনো তারকা ক্রিকেটারকেই দলে ভেড়ায়নি তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2008, 05:15 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, ২১ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- শিরোপা জিততে হলে তারকাখচিত দল গড়তে হয়। বেশি বেশি জাতীয় দলের খেলোয়াড়ও দলে ভেড়াতে হয়। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট সার্কিটে প্রচলিত এমন ধারণাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই যেন চলতি মৌসুমের প্রিমিয়ার ক্রিকেট লিগের শিরোপা জিতলো আবাহনী। গত বছর তাদের শিরোপাজয়ী দলে মাশরাফি বিন মর্তুজা ও খালেদ মাসুদের মতো তারকা ক্রিকেটাররা ছিলেন। কিন্তু এবার? এক শাহরিয়ার নাফীস ছাড়া সেই অর্থে কোনো তারকা ক্রিকেটারকেই দলে ভেড়ায়নি তারা। অথচ মধ্যমসারির এই দল নিয়েই আবাহনী চ্যাম্পিয়ন! রহস্য ব্যাখ্যা করতে গিয়ে আবাহনী অধিনায়ক তুষার দিলেন এরকম ব্যাখ্যা, "অন্যান্য দলে অনেক বেশি তারকা ক্রিকেটার ছিল ঠিকই কিন্তু পারফরমার ছিল না। আর আমাদের নামী ক্রিকেটার তেমন না থাকলেও অন্য দলের চেয়ে পারফরমার ছিল বেশি। আমাদের সাকসেস স্টোরি তৈরি হয়েছে এভাবেই।" আর এর নেপথ্যে আরেকজনের ভূমিকার কথা খেলোয়াড় থেকে শুরু করে ক্লাব কর্মকর্তা সবাই বলছেন। আবাহনীর কর্মকর্তা আহমেদ সাজ্জাদুল আলম ববি যেমন বললেন, "সাফল্যের জন্য দলে খুব ভালো ক্রিকেট মস্তিষ্ক থাকা জরুরী। আমাদের কোচ আমিনুল ইসলাম বুলবুল তেমনই একজন। খেলোয়াড়দের একনিষ্ঠতা, কোচের দক্ষতা এবং ভালো ব্যবস্থাপনাতেই আমাদের এই সাফল্য।" এবারের শিরোপা জয় কোচ আমিনুলের সাফল্যের মুকুটে যোগ করলো আরেকটি পালক। সর্বশেষ কর্পোরেট ক্রিকেট লিগে তার কোচিংয়ে চ্যাম্পিয়ন হয়েছিল একমি ল্যাবরেটরিজ। এরপর গত বছরের প্রিমিয়ার ক্রিকেটে আবাহনীর শিরোপজয়ী দলেরও কোচ ছিলেন তিনি। এবার প্রিমিয়ারের টোয়েন্টি টোয়েন্টিতেও দলটি একই সাফল্যের স্বাদ নিয়েছে তার অধীনে। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ক্রিকেটারদেরই পুরো কৃতিত্ব দিয়ে বলছেন, "ছেলেরা খুব সিরিয়াস ছিল। ওদের নিজেদের ওপর বিশ্বাস ছিল। আমি কৃতিত্বটা ওদেরই দিতে চাই।" সর্বোপরি দলীয় কিছু পরিকল্পনাও খুব কাজে দিয়েছে বলে মনে করেন তিনি, "প্রথম পর্বে মোহামেডানের বিপক্ষে ম্যাচের আগে আমরা 'নো নেগেটিভ টক' নামে একটা নিয়ম চালু করি। মানে ড্রেসিংরুমে 'না' সূচক কিছু কেউ বলতে পারবে না। এটা খুব কাজে দিয়েছে। তাছাড়া প্রত্যেকের শক্তিশালী দিকটা কাজে লাগানোর চেষ্টা করা হয়েছে। আবার দলের স্বার্থে কখনো কখনো কারো শক্তিশালী দিক ব্যবহারও করিনি।" তেমনই একটা উদাহরণ এটা,"রফিককে যেমন বলে দিয়েছিলাম 'আর্মার' দেওয়া চলবে না, এটা ও খুব ভালো পারে জানার পরেও। কারণ আর্ম বল করতে গিয়ে ও কখনো কখনো লেগসাইডে বল ফেলে। ওয়ানডে ক্রিকেটে ভুল করে ফেললে শুধরানোর সময় পাওয়া যায় কম। তাই আমরা কোনো পরীক্ষা-নিরীক্ষায় যাইনি। রফিককে তাই একটা লাইনে বল করতে বলেছিলাম। তাতে দল লাভবানই হয়েছে।" আবাহনী লাভবান হয়েছে দলে কম তারকা ক্রিকেটার নিয়েও। মোহামেডান যেমন বেশি বেশি তারকা ক্রিকেটার নিয়ে ভীষণ ক্ষতিগ্রস্ত এক দল! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৫৫ঘ.