মেলবোর্ন, ২০ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বয়স যে পারফরম্যান্সের জন্য কোনো প্রতিবন্ধকতা নয় তার এক উজ্জ্বল উদাহরণ শেন ওয়ার্ন। প্রায় ১৫ মাস আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া 'ওয়ার্নি' আইপিএল-এর প্রথম আসরে তা প্রমাণ করছেন ভালোভাবেই। ভারতের এই টোয়েন্টি টোয়েন্টি টুর্নামেন্টে সাফল্যের জন্যই সম্ভবত আগামী বছর অ্যাশেজে খেলতে আগ্রহী সর্বকালের সেরা লেগস্পিনার। অস্ট্রেলিয়ার একটি পত্রিকাকে সেই ইচ্ছার কথা জানিয়েছেনও তিনি। তবে ওয়ার্নের আগ্রহে জল ঢেলে দিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে তার ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ।
১০ ম্যাচে ১৪ উইকেট, প্রয়োজনের সময় ব্যাট হাতে জ্বলে ওঠা এবং দলকে দক্ষ হাতে পরিচালনা করা --- আইপিএল-এ বোলার-ব্যাটসম্যান-অধিনায়ক তিন ভূমিকাতেই ওয়ার্নের দারুণ উজ্জ্বল ভূমিকা। আগামী ১৩ সেপ্টেম্বর ৩৯ বছর পূর্ণ করতে যাওয়া 'ওয়ার্নি' যে এখনো কতটা গুরুত্বপূর্ণ ও কার্যকর ক্রিকেটার, সেটা ভালোভাবেই প্রমাণিত হচ্ছে গত এক মাসে। আর তাই ২০০৯ সালে ইংল্যান্ড সফরে খেলার ইচ্ছা প্রকাশ করে 'হেরাল্ড সান' পত্রিকাকে তিনি বলেছেন, "যদি অস্ট্রেলিয়া সত্যিই আমাকে চায়, অন্য কাউকে না পাওয়া যায় আর রিকি (পন্টিং) মনে করে যে আমি কাজটা করতে পারবো, তাহলে বিকল্প ভাবনার কথা আপনারা বিবেচনা করতে পারেন।"
ওয়ার্নের অবসরের পর স্টুয়ার্ট ম্যাকগিল এখন টেস্ট দলে অস্ট্রেলিয়ার প্রথম পছন্দের স্পিনার। তবে সেই প্রথম পছন্দের স্পিনার ইনজুরিতে পড়লে এবং অন্য কাউকে পাওয়া না গেলে অ্যাশেজে খেলতে কোনো আপত্তি নেই তার, "যদি স্টুয়ি (স্টুয়ার্ট) ম্যাকগিল পড়ে গিয়ে হাত ভেঙ্গে ফেলে, অন্য কোনো স্পিনারকে পাওয়া না যায় আর রিকি এগিয়ে এসে বলে, 'বন্ধু, তুমি কি এই একটি সফরে আমাদের সাহায্য করতে পারো? তোমাকে আমাদের ভীষণ দরকার', তাহলে আমি তা বিবেচনা করবো।"
আইপিএল-এ ভালো পারফরম্যান্সের জন্যই ওয়ার্ন নিজের ওপরে এখনো দারুণ আস্থাশীল, "যদি আমি খেলা চালিয়ে যাই তাহলে মনে হয় না এক নম্বর স্পিনার হয়ে পারফর্ম করতে তেমন সমস্যা হবে আমার। আমি এখনো আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পছন্দই করবো। আমি এটা খুব মিস করছি। কারণ ফার্স্ট ক্লাস ক্রিকেটের জন্য ২০ বছর উৎসর্গ করেছি। এটা আমার জীবনের একটা বড় অংশ।"
তবে টেস্ট ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের (৭০৮টি) মালিক অ্যাশেজে খেলার ইচ্ছা প্রকাশ করলেও সিএ'র প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড তাতে মোটেও আহ্লাদিত নন। তিনি বরং ওয়ার্নকে নিরস্ত করতেই উৎসাহী, "আমি অনেক দিন ধরে ক্রিকেটের সঙ্গে জড়িত। তাই ওয়ার্নির (খবরের) শিরোনামে আসায় মোটেও অবাক হইনি। সহজ কথা হলো প্রায় ১৫ মাস আগে শেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছে। বুঝতে পারছি যে পত্রিকাগুলোতে এ নিয়ে বেশ জল্পনা চলছে ... তবে বাস্তবতা হলো শেন অবসর নিয়েছে আর তাই (দলে) তাকে বিবেচনা করা হবে না।" অবশ্য ওয়ার্নকে অ্যাশেজের দলে রাখার ব্যাপারটা নির্বাচকদের ওপরেই ছেড়ে দিচ্ছেন সাদারল্যান্ড, "আমি তো নির্বাচক নই। তারা (নির্বাচকরা) অস্ট্রেলীয় ক্রিকেটের বৃহত্তর স্বার্থেই সব সিদ্ধান্ত নেবেন। সে সময়ে যাদেরকে পাওয়া যাবে তাদেরকে নিয়েই অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেট দল গড়বেন তারা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৫০৫ঘ.
bdnews24