ঢাকা, ১৮ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- আন্তর্জাতিক ক্রিকেটে বহুবার দল থেকে বাদ পড়েছেন। কিন্তু ক্লাব ক্রিকেটে? রোববার নতুন এক অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হওয়া মোহাম্মদ আশরাফুল নিজেই দিলেন এ প্রশ্নের উত্তর, "ঢাকার লিগে এর আগে দল থেকে বাদ পড়তে হয়নি কখনো।" প্রিমিয়ার ক্রিকেট লিগে বাজে পারফরম্যান্সের শাস্তি হিসেবে সিটি ক্লাবের বিপক্ষে ম্যাচে রোববার শুধু আশরাফুলকেই একাদশের বাইরে রেখে নামেনি মোহামেডান। জাতীয় দলের আরো দুই ব্যাটসম্যান আফতাব আহমেদ এবং জুনায়েদ সিদ্দিকীকেও বাদ দিয়ে মাঠে নামে তারা।
নিয়মিত অধিনায়ক বাদ পড়ায় সোহরাওয়ার্দী শুভ'র নেতৃত্বাধীন মোহামেডান অবশ্য এদিন সহজ জয়ই পেয়েছে। ২৮.২ ওভারে ১৩৬ রানে সিটি ক্লাবকে অলআউট করে দেওয়ার পর ৩০.২ ওভারেই ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় তারা। বিকেএসপি ও আবাহনীর কাছে টানা দুই হারের পর এই জয় কিন্তু লিগ টেবিলে তাদের অবস্থানে কোনো পরিবর্তন আনতে পারছে না। ২২ পয়েন্ট নিয়ে তারা তৃতীয় স্থানেই থাকছে। এবং তাদের এমনকি রানার্স আপ হওয়ারও কোনো সম্ভাবনা নেই।
প্রিমিয়ার ক্রিকেটে এরকম হতাশাজনক পারফরম্যান্সে হতাশ ক্লাবের ক্রিকেট কমিটি শনিবার রাতেই সিদ্ধান্ত নিয়ে ফেলে আশরাফুলদের 'ড্রপ' করার। ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বললেন, "দলের প্রতি ওদের কোনো কমিটমেন্টই নেই। হারার পর ওদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই তো মেজাজ খারাপ হয়ে যায়। বলতে পারেন, সব হারানোর পর বাদ দিয়ে কী লাভ হল? আমি বলি, জাতীয় স্বার্থেই এরকম সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল। জাতীয় দলের খেলোয়াড় হওয়া মানেই যে দলে থাকার নিশ্চয়তা নয়, আমরা এটাই ওদের বুঝিয়ে দিতে চেয়েছি। ওদেরও বিষয়টা উপলদ্ধি করা উচিত।"
তা কী উপলদ্ধি হল আশরাফুলের? জাতীয় দলের অধিনায়ক অসহায়ের মতো বললেন, "দেখেন, কেউই চায় না তার নিজের নামটা নষ্ট করতে। আমি কিংবা আমরাও চাই না। কিন্তু কী আর করবো? সময় খারাপ যাচ্ছে।" বিসিবির বেতনভোগী হিসেবে যেমন আচরণবিধি মেনে চলতে হয়, তেমনি ক্লাবেও। সেকারণেই কিনা তার বাদ পড়ার সিদ্ধান্ত নিয়ে নেতিবাচক কিছু বললেন না তিনি, "ক্লাব কর্মকর্তারা যে যুক্তিতে আমাদের বাদ দিয়েছেন, সেটা ঠিকই আছে। তাদের জায়গায় থাকলে আমিও একই সিদ্ধান্ত নিতাম।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০০০ঘ.
bdnews24