মুম্বাই, ১৬ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইপিএল-এ নিজের দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ শচীন টেন্ডুলকার। তবে 'লিটল জিনিয়াস'-এর ব্যর্থতা তার দল মুম্বাই ইন্ডিয়ানসকে একটুও দুশ্চিন্তায় ফেলতে পারেনি। কি করে পারবে? মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স যে মাত্র ৬৭ রানেই অলআউট! শুক্রবার আইপিএল-এ কলকাতাকে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার লজ্জায় ডুবিয়ে ১৪ ওভার ৩ বল হাতে রেখে ৮ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে মুম্বাই। সেই সঙ্গে নবম ম্যাচে টানা পঞ্চম জয় দিয়ে সেমিফাইনালে ওঠার আশাও ভালো মতোই বাঁচিয়ে রেখেছে তারা। অন্যদিকে দশম ম্যাচে কলকাতার এটা পঞ্চম পরাজয়।
এত দিন আইপিএল-এ সর্বনিম্ন স্কোর ছিল ৮২ রান। আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্স করেছিল এই রান। শুক্রবার কলকাতাকে সেই লজ্জায় ডোবালো মুম্বাই ইন্ডিয়ানস। পোলক (৩/১২), থর্নলি (২/৭), ব্রাভো (২/১৩) ও রাজের (২/১৬) দুর্দান্ত বোলিংয়ে কলকাতা ১৫.২ ওভারে মাত্র ৬৭ রানেই অলআউট। মাত্র তিন জন ব্যাটসম্যান দুই অংকের ঘরে যেতে পেরেছেন --- অধিনায়ক সৌরভ (১৫), আগারকার (১৫) ও সালমান বাট (১৩)। চারটি ক্যাচ নিয়ে একটা 'রেকর্ড'ও গড়লেন টেন্ডুলকার। আইপিএল-এ এখন পর্যন্ত এক ইনিংসে এটাই কোনো ফিল্ডারের (উইকেট কিপার ছাড়া) সর্বোচ্চ ক্যাচ।
৬৮ রানের অতি সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই টেন্ডুলকারকে হারিয়ে ফেলে স্বাগতিকরা। শোয়েবের করা ইনিংসের পঞ্চম বলে কোনো রান না করেই 'আধুনিক ডন' কট বিহাইন্ড! তিন নম্বরে নামা উথাপ্পাও বেশি কিছু করতে পারেননি। ৯ রান করে ইশান্ত শর্মার বলে ক্যাচ দিয়েছেন সৌরভকে। তবে জয়াসুরিয়া তাতে মোটেও দমে যাননি। আগের ম্যাচে ৪৮ বলে অপরাজিত ১১৪ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। শুক্রবার 'মাতারা হারিকেন'-এর ব্যাট থেকে মাত্র ১৭ বলে এসেছে ৩টি ছক্কা ও ৬টি বাউন্ডারিসহ অপরাজিত ৪৮ রান। আর তাই মাত্র ৫.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে গেছে মুম্বাই ইন্ডিয়ানস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২২৫৫ঘ.
bdnews24