মুম্বাই, ১৪ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওপেনিং জুটিতে শচীন টেন্ডুলকারের সঙ্গে সনাৎ জয়াসুরিয়া! ওয়ানডের দুই সফলতম ব্যাটসম্যানকে এক সঙ্গে ব্যাট করতে দেখার আকাক্সক্ষা শেষ পর্যন্ত পূরণ হলো ক্রিকেট-ভক্তদের। বুধবার আইপিএল-এ টেন্ডুলকার তার অভিষেক ম্যাচে তেমন সুবিধা করতে না পারলেও জয়াসুরিয়া ঝড় তুললেন মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। যে ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল চেন্নাই সুপার কিংসের বোলিং আক্রমণ। জয়াসুরিয়ার ৪৮ বলে অপরাজিত ১১৪ রানের সুবাদে মুম্বাই ইন্ডিয়ানসের জয় পেতে বিন্দুমাত্র সমস্যা হয়নি। ৩৭ বল হাতে রেখেই ম্যাচটা তারা জিতে নিয়েছে ৯ উইকেটে। অষ্টম ম্যাচে মুম্বাইয়ের এটা চতুর্থ জয়। আর দশম ম্যাচে চতুর্থ পরাজয় চেন্নাইয়ের।
১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা মুম্বাই ইন্ডিয়ানস জয়াসুরিয়ার সৌজন্যে ঝড়ো সূচনা পায়, যদিও টেন্ডুলকার তার ভক্তদের প্রত্যাশা পূরণ করতে পারেননি। ১৬ বলে একটি করে ছক্কা ও বাউন্ডারিতে ১২ রান করা 'লিটল জিনিয়াস'কে বোল্ড করে চেন্নাইকে ব্রেক থ্রু এনে দিয়েছেন যোগিন্দর শর্মা। ৭.২ ওভারের ওপেনিং জুটিতে জয়াসুরিয়ার অবদান ছিল ২৮ বলে ৭টি ছক্কাসহ ৫৯ রান। এ থেকেই বোঝা যায় কতটা বিধ্বংসী ছিলেন 'মাতারা হারিকেন'। মাত্র ২৫ বলে ফিফটিতে পৌঁছানো জয়াসুরিয়ার পরের পঞ্চাশ এসেছে মাত্র ২০ বলে। কাপুগেদারার ৫ বলে ৩টি ছক্কা ও ২টি বাউন্ডারি মেরে দলকে জয়ের লক্ষ্যেও পৌঁছে দিয়েছেন তিনি। সব মিলিয়ে জয়াসুরিয়ার ইনিংসে ১১টি ছক্কা ও ৯টি বাউন্ডারি। তার সঙ্গে ৬.৩ ওভারে ৭৬ রানের জুটিতে উথাপ্পার অবদান মাত্র অপরাজিত ১৬ রান।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৪৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় চেন্নাই সুপার কিংস। সেই বিপদ থেকে তাদের উদ্ধার করেছে ধোনি-বদ্রিনাথের ১০.১ ওভারের ৯৫ রানের জুটি। ৩৩ বলে ৫৩ রান করে বদ্রিনাথ ব্রাভোকে রিটার্ন ক্যাচ দিলেও ধোনি আউট হননি। ৩৫ বলে ৪৩ রানে অপরাজিত ছিলেন চেন্নাইয়ের অধিনায়ক। আর তাই ৬ উইকেটে ১৫৬ রান করতে পেরেছে তার দল। কুলকার্নি ৩টি ও ব্রাভো নিয়েছেন ২ উইকেট। মাত্র ১ উইকেট নিলেও ৪ ওভারে মাত্র ৯ রান দিয়েছেন পোলক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২৩৪৫ঘ.
bdnews24