২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাঙ্গালোরের ব্যর্থতার জন্য রাহুল দ্রাবিড়ই দায়ী!

২০ ওভার জুড়ে চার-ছয়ের বন্যা বইবে এমন খেলায় কিনা ইনিংস সূচনা করতে আসেন রাহুল দ্রাবিড় আর ওয়াসিম জাফর! শুরুতে এটাই ছিল ব্যাঙ্গালোর রয়েল চ্যালেঞ্জার্সকে নিয়ে হাসাহাসির মূল বিষয়। দিন গড়ালো, দলের পারফরম্যান্সও দিতে থাকলো লোক হাসানোর নানা খবর। কাঁড়ি কাঁড়ি টাকা ঢেলেও যদি দল পড়ে থাকে পয়েন্ট তালিকায় সবার নিজে তাহলে হাসাহাসিতো হবেই। ব্যাঙ্গালোর রয়েল চ্যালেঞ্জার্সের এ অবস্থার কারণ কী? এমন ধারাবাহিক ব্যর্থতার জন্য কে দায়ী? দলের মালিক বিজয় মাল্য কিন্তু অনেকটাই দায়ী করছেন অধিনায়ক রাহুল দ্রাবিড়কে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2008, 05:17 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ব্যাঙ্গালোর, ১২ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০ ওভার জুড়ে চার-ছয়ের বন্যা বইবে এমন খেলায় কিনা ইনিংস সূচনা করতে আসেন রাহুল দ্রাবিড় আর ওয়াসিম জাফর! শুরুতে এটাই ছিল ব্যাঙ্গালোর রয়েল চ্যালেঞ্জার্সকে নিয়ে হাসাহাসির মূল বিষয়। দিন গড়ালো, দলের পারফরম্যান্সও দিতে থাকলো লোক হাসানোর নানা খবর। কাঁড়ি কাঁড়ি টাকা ঢেলেও যদি দল পড়ে থাকে পয়েন্ট তালিকায় সবার নিজে তাহলে হাসাহাসিতো হবেই। ব্যাঙ্গালোর রয়েল চ্যালেঞ্জার্সের এ অবস্থার কারণ কী? এমন ধারাবাহিক ব্যর্থতার জন্য কে দায়ী? দলের মালিক বিজয় মাল্য কিন্তু অনেকটাই দায়ী করছেন অধিনায়ক রাহুল দ্রাবিড়কে। ব্যর্থতার আসল কারণ টোয়েন্টি টোয়েন্টির অনুপযোগী দল গড়া। বিজয় মাল্য অন্তত সে ব্যাপারে নিশ্চিত। আর সেখানেই তার আফসোস, অনেক চেষ্টা করেও যেমনটি দরকার সেরকম খেলোয়াড়দের নিয়ে তিনি দল গড়তে পারেননি, পারেননি দ্রাবিড় আর দলের সদ্য পদচ্যুত প্রধান নির্বাহী (সিইও) চারু শর্মার কারণে, "আমারও পছন্দের খেলোয়াড়ের একটা তালিকা ছিল। কিন্তু রাহুল দ্রাবিড় আর চারু শর্মা তাদের পছন্দ অনুযায়ীই দল গড়েছে।" এনডিটিভিকে দেয়া সাক্ষাতকারে বিজয়ের কাছ থেকে জানা গেছে, খেলোয়াড়-বাছাই নিয়ে দ্রাবিড় আর চারুর সঙ্গে মতবিরোধটা ঝগড়াতেও রূপ নিয়েছিল! তবে বাদানুবাদেও কোনো লাভ হয়নি। সোমবারের আগ পর্যন্ত ৯ খেলায় মাত্র দুটি জয়ের সুবাদে মাত্র ৪ পয়েন্ট নিয়ে তালিকার একেবারে তলানিতে পড়ে আছে দ্রাবিড়ের দল। ইতোমধ্যে প্রধান নির্বাহীর পদ থেকে সরানো হয়েছে ক্রিকেট ধারাভাষ্যের জন্য সুপরিচিত চারু শর্মাকে। তাকে সরিয়ে সাবেক টেস্ট ক্রিকেটার ব্রিজেশ প্যাটেলকে প্রধান নির্বাহী করার কারণ জানাতে গিয়ে শিল্পপতি বিজয় মাল্য'র ইঙ্গিতপূর্ণ মন্তব্য, "আমি মনে করেছিলাম চারু শর্মা ক্রিকেটটা ভালো বোঝেন। সে কারণেই সিইও করা হয়েছিল তাকে। পরে সবকিছু দেখে আমি ব্রিজেশ প্যাটেলকে নিয়ে আসতে বাধ্য হয়েছি। উনি (ব্রিজেশ) কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থা (কেএসসিএ)-র সচিব, ক্রিকেটটা সত্যিই ভালো বোঝেন।" চারু শর্মা বিদায় নিলেও বাজে দল গড়ায় তার অংশীদার রাহুল দ্রাবিড় কিন্তু বহাল তবিয়তেই আছেন। দল সেমিফাইনালে উঠতে পারবে না এটা শতভাগ নিশ্চিত। এ অবস্থায় দ্রাবিড়ের কাছে বিজয় মাল্য'র একটাই চাওয়া, "দল যেন কয়েকটা ম্যাচে অন্তত ভালো করে, কারণ, আমার মনে হয় না লিগ টেবিলের একেবারে নিচে পড়ে থাকাটা রাহুল দ্রাবিড়ও খুব একটা উপভোগ করছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/এমএম/১৭৫৫ঘ.