ঢাকা, ১১ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- জুনে নির্ধারিত ত্রিদেশীয় সিরিজে ভারত আছে মানে বেশ ভালো মূল্যেই বিকোনোর কথা সিরিজটার। কিন্তু বাজারমূল্যে তার প্রতিফলন নেই একদমই। ভারতের সঙ্গে পাকিস্তান ও স্বাগতিক বাংলাদেশকে নিয়ে আয়োজিত হতে যাওয়া এই সিরিজের জন্য তিনটি প্যাকেজে দরপত্র আহবান করে বিরূপ অভিজ্ঞতাই হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। সবমিলিয়ে তিনটি প্যাকেজের জন্য ১০ লাখ ডলারের ফ্লোর প্রাইস (সর্বনিম্ন দর) বেঁধে দিয়েছিল তারা। কিন্তু দর পাওয়া গেছে মাত্র ৫ লাখ ৬৫ হাজার ডলারের।
এক নাম্বার প্যাকেজ মানে টাইটেল স্পনসরশিপের জন্য ৫ লাখ ডলার ফ্লোর প্রাইসের বিপরীতে সর্বোচ্চ ২ লাখ ডলারের দর হেঁকেছে 'এড টাচ' নামের একটি সংস্থা। দুই (ইন স্টেডিয়াম এডভার্টাইজমেন্ট ও গ্রাউন্ড ম্যাট) এবং তিন (গ্রাউন্ড বোর্ড) নাম্বার প্যাকেজের জন্য ফ্লোর প্রাইস নির্ধারণ করা হয়েছিল আড়াই লাখ ডলার করে। এর মধ্যে সন্তোষজনক দর পাওয়া গেছে কেবল দুই নাম্বার প্যাকেজেই। 'বটমলাইন' নামের একটি সংস্থা এখানে ২ লাখ ৭০ হাজার ডলারের দর দিয়েছে ঠিকই। কিন্তু তিন নাম্বার প্যাকেজের জন্য তাদের হাঁকা দর লাখও ছোঁয়নি (৯৫ হাজার)।
দুই নাম্বার প্যাকেজে ফ্লোর প্রাইসের বেশি দর দেওয়া বটমলাইনের সঙ্গে এখন বিসিবি দরপত্রের শর্ত অনুযায়ী দরকষাকষিতে বসবে, যাতে মূল্যটা আরো বাড়িয়ে নেওয়া যায়। আর টাইটেল স্পনসরশিপ ও তিন নাম্বার প্যাকেজের জন্য সোমবার দুপুর ১২টার মধ্যে 'রি-বিড' করতে বলা হয়েছে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আহমেদ সাজ্জাদুল আলম ববি, "দুটো প্যাকেজে ফ্লোর প্রাইসও পাওয়া যায়নি বলে আমরা রি-বিড করতে বলেছি। যাতে আগ্রহীরা মূল্যটা আরো বাড়িয়ে নিয়ে আসেন।" যদি তাতেও প্রত্যাশিত সাড়া না মেলে তাহলে? ববির জবাব, "তাহলে আগের মূল্যই বহাল থাকবে।"
এই দরপত্রে একটি ভারতীয়সহ মোট চারটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এরা হচ্ছে ইনডাস, এড টাচ, বটমলাইন এবং এক্সিওম টেকনোলজিস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৪৫ঘ.
bdnews24