ঢাকা, ১০ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- আগামী মাসে নির্ধারিত ত্রিদেশীয় সিরিজের সবগুলো ম্যাচই দিবা-রাত্রির। কৃত্রিম আলোয় বাংলাদেশ দলের প্রস্তুতির আয়োজনও তাই জরুরী। ফ্লাডলাইটসহ অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদি বিবেচনায় এই মুহূর্তে প্রস্তুতির জন্য বগুড়াকেই সেরা ভেন্যু বলে মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগ শেষে মোহাম্মদ আশরাফুলদের নিরবচ্ছিন্ন প্রস্তুতি শিবির সেখানে হবে বলেই জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ লিপু। অবশ্য তিনি এটাও বলে রেখেছেন, "কোচ জেমি সিডন্সের সঙ্গে আগে বিষয়টা নিয়ে আলাপ করে নিতে হবে।"
হেড কোচের এই পরিকল্পনায় সায় না দেওয়ার কোনো কারণই নেই। কারণ ৮ জুন থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তো আর তিনি সেন্ট্রাল উইকেটে প্র্যাকটিস করার সুবিধা পাবেন না। লিপুর কথাতেও এসেছে প্রসঙ্গটা। সেই সঙ্গে তিনি বগুড়াকে বেছে নেওয়ার অন্য সুবিধাগুলোও তুলে ধরতে ভুললেন না, "সেন্ট্রাল উইকেটে প্র্যাকটিসকে সিডন্স খুব গুরুত্ব দেন। ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে মিরপুরে আমরা তাকে এই সুবিধাটা দিতে পারছি না। বগুড়ায় এটা পাওয়া যাবে। আর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বেশ কিছু প্র্যাকটিস উইকেট এবং ইনডোরও আছে। তাছাড়া ভালো মানের হোটেল, সুইমিং পুল ও জিমনেশিয়ামের সুবিধাও মিলবে। নিরবচ্ছিন্ন প্রস্তুতির জন্য এমন সমন্বিত ব্যবস্থা এই মুহূর্তে আর কোথাও আছে বলে আমার মনে হয় না।"
শনিবার ক্রিকেট অপারেশন্স কমিটির সভায় বগুড়ার সুবিধা হিসেবে গুরুত্ব পেয়েছে এগুলোই। ত্রিদেশীয় সিরিজের সময় দলগুলোর প্র্যাকটিসের জন্য নারায়ণগঞ্জের ফতুল্লার ওসমানী স্টেডিয়ামকেও প্রস্তুত রাখতে বলা হয়েছে গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ কমিটিকে। ম্যাচের দিন টুর্নামেন্টের তৃতীয় দলের প্র্যাকটিসের জন্যই করা হচ্ছে এই ব্যবস্থা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২০৪৪ঘ.
bdnews24