২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেকান চার্জার্সকে উড়িয়ে সবার ওপরে ওয়ার্নের রাজস্থান রয়েলস

শুরুতে কারো মনে দাগ কাটতে না পারলেও যত দিন যাচ্ছে আইপিএল-এ ততই অপ্রতিরোধ্য হয়ে উঠছে রাজস্থান রয়েলস। শুক্রবার ডেকান চার্জার্সকে ৮ উইকেটে হারিয়ে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে শেন ওয়ার্নের দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2008, 08:58 AM

Updated : 26 Aug 2022, 01:49 PM

জয়পুর , ১০ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুরুতে কারো মনে দাগ কাটতে না পারলেও যত দিন যাচ্ছে আইপিএল-এ ততই অপ্রতিরোধ্য হয়ে উঠছে রাজস্থান রয়েলস। শুক্রবার ডেকান চার্জার্সকে ৮ উইকেটে হারিয়ে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে শেন ওয়ার্নের দল। কখনো কখনো এমন হয় যে অর্ধেকটা দেখার পরই বোঝা হয়ে যায় ম্যাচের ভাগ্য। টস হেরে ডেকান চার্জার্সের অস্থায়ী অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট ব্যাট করতে নামার সময় নিশ্চয়ই তার স্বদেশী শেন ওয়ার্নের দলকে বড় স্কোরে চাপা দেয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু সেটা আর হলো কই! ভিভিএস লক্ষণের চোটজনিত অনুপস্থিতির সুযোগে অধিনায়ক হওয়াটা গিলক্রিস্ট উদযাপন করলেন ঠিকই ৪৯ বলে ৯টি চার আর ১টি ছক্কায় ৬১ রান করে, কিন্তু দলের অন্যদের ব্যর্থতা উদযাপনটাকে সার্থক হতে দিলো না। বেনুগোপাল রাও (১১ বলে ২৩*), হার্শেল গিবস আর স্কট স্টাইরিস (১৩) ছাড়া আর কেউ দু অঙ্কেই পৌঁছাতে পারেননি! পারেননি না বলে অবশ্য ওয়ার্ন (২/২০), শেন ওয়াটসন (১/২২), মুনাফ প্যাটেল (১/২৮),সিদ্ধার্থ ত্রিবেদী (১/৮) আর ইউসুফ পাঠান (১/১৯) তাদের পারতে দেননি বলাই ভালো। গিলক্রিস্ট-গিবস উদ্বোধনী জুটিতে ৮ ওভারে ৬১ রান তোলার পরও রাজস্থান পরিকল্পিত বোলিং-ফিল্ডিংয়ের মাধ্যমে চাপ বজায় রেখেছিল বলেই ৭৯ রানে ৯ আর শেষ দিকে মাত্র ৪০ রানে ৭ উইকেট হারিয়ে ১৪০ রানে অল আউট হয়ে যায় ডেকান চার্জার্স। তখনই একরকম নিশ্চিত হয়ে যায় ম্যাচ হেরে ডেকান চার্জার্সের পয়েন্ট তালিকার একেবারে নিচে, শুধু ব্যাঙ্গালোর রয়েল চ্যালেঞ্জার্সের ওপরে স্থান করে নেয়া। রাজস্থানকে শুরুতে একটা ধাক্কা দিতে পারলে হয়তো ফলাফল অন্যরকম হবার একটা আশা জাগতো। কিন্ত তা হয়নি ইউসুফ পাঠান (৩৭ বলে ৯টি চার ও ২টি ছক্কায় ৬৮) আর গ্রায়েম স্মিথ (৪৩ বলে ৪০) উদ্বোধনী জুটিতেই ১০৯ রান তুলে ফেলায়। ১৯ রানে ১ উইকেট নেয়ার পর ব্যাট হাতে ৬৮ রানের ঝড়ো ইনিংস খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ইউসুফ পাঠান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৫১৩ ঘ.