২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট নিয়ে সেমিনারে হতাশা আর আশাভঙ্গের কথাই বেশি

এক বছর আগে-পরের অভিজ্ঞতা তুলনা করতে গিয়ে হতাশা গোপন করতে পারছিলেন না ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্র, "গত বছর বিশ্বকাপে এমনকি শ্রীলঙ্কানরা এসেও বলেছে, 'আগামী বিশ্বকাপে তোমরাই চ্যাম্পিয়ন হবে।' অথচ এক বছরের মধ্যে সবকিছু পাল্টে গিয়ে একধরনের হতাশা চলে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2008, 05:46 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ঢাকা, ৭ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- এক বছর আগে-পরের অভিজ্ঞতা তুলনা করতে গিয়ে হতাশা গোপন করতে পারছিলেন না ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্র, "গত বছর বিশ্বকাপে এমনকি শ্রীলঙ্কানরা এসেও বলেছে, 'আগামী বিশ্বকাপে তোমরাই চ্যাম্পিয়ন হবে।' অথচ এক বছরের মধ্যে সবকিছু পাল্টে গিয়ে একধরনের হতাশা চলে এসেছে। পাড় সমর্থকও এখন বাংলাদেশের ক্রিকেট নিয়ে আলোচনায় বিরক্ত হন।" ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (কোয়াব) আয়োজিত গোলটেবিল বৈঠকে এরকম হতাশার কথা শোনা গেছে কমবেশি সবার মুখ থেকেই। তবে 'বাংলাদেশের ক্রিকেট- এই মুহূর্তের বাস্তবতা এবং ভবিষ্যৎ করণীয়' বিষয়ের ওপর আলোচনায় বক্তারা হতাশার দিন পেছনে ফেলে আশার আলো দেখার আশায়ও বুক বেঁধেছেন। সেজন্য সম্ভাব্য সমাধান এবং করণীয়ও তাদের কথায় উঠে এসেছেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সদস্য আহমেদ সাজ্জাদুল আলম ববি যেমন বললেন, "আমাদের ক্রিকেটের মানটা বাড়াতে হবে।" সেই মান বাড়ানোর দাবি শুধু ক্রিকেটারদের দিকেই নয়। আরো অনেক দিকেই মান বাড়ানোর প্রয়োজনটা বক্তারা দেখিয়ে দিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক রাইসউদ্দিন আহমেদ দেখালেন তেমনই একটা দিক, "জাতীয় লিগের ভারে জাতীয় চ্যাম্পিয়নশিপ হারিয়েই গেছে। খেলা হয় নিম্নমানের উইকেটে। জেলা পর্যায়ে ক্রিকেট ঠিকমতো হয় কিনা সেবিষয়ে কোনো নজরদারি নেই। মাঠেরও বড় অভাব।" মাঠ এবং উইকেটের বিষয়ে আলোকপাত করতে গিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ লিপু বললেন, "উইকেটে পর্যায়ক্রমে উন্নতির ধারা লক্ষ্য করেছি। কিন্তু সেটা যথেষ্ট নয়। আমার মনে হয় বিদেশী একজন কোচ আরো আগেই নিয়ে আসা উচিত ছিল আমাদের। ইতিমধ্যেই তেমন একজনকে আনার বিষয়টা বোর্ডের অনুমোদন পেয়ে গেছে। এই মুহুর্তে বিসিবির কয়টা মাঠ আছে, এই কথাটা আমরা জোর গলায় বলতে পারছি না। তবে আশার কথা আরো কিছু মাঠ আমরা পাচ্ছি। আগামী বছরের মধ্যে এসব ক্ষেত্রে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারবো বলে আশা করছি।" বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল জানালেন, এখনো ঢাকার ক্লাবগুলোর প্র্যাকটিস হয় কংক্রিটের উইকেটে। উইকেট সমস্যার কথা আসলো বাংলাদেশের সফলতম অধিনায়ক হাবিবুল বাশারের কথাতেও, "আন্তর্জাতিক ক্রিকেটে আমরা যেমন উইকেট চাই তেমনটা পাই। কিন্তু ঘরোয়া ক্রিকেটে সেটা পাই না।" টেস্ট ম্যাচে ব্যাটসম্যানদের ভালো খেলতে না পারার পেছনে অনুশীলন পদ্ধতির গলদও ধরিয়ে দিলেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, "আমি যখন খেলতাম তখন নেটে সপ্তাহে ৪৫ মিনিট ব্যাটিং করার সুযোগ পেতাম। অথচ টেস্ট খেলতে নামার পর আমার কাছে প্রত্যাশা করা হত আমি যেন চার ঘন্টা ব্যাট করি। এই সমস্যাটা এখনো গেছে বলে আমার মনে হয় না।" আর টেস্টে সফল হতে হলে এখন থেকেই মূলে জোর দিতে বলছেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান, "আমাদের এখানে অনুর্ধ্ব-১৯ দলে খেলেই একটা ছেলে সরাসরি জাতীয় দলে চলে যাচ্ছে। মাঝখানে আর কিছু নেই। অনুর্ধ্ব-১৯ পর্যায়ে ছেলেরা কেবল ওয়ানডেই খেলে। ওরা হুট করে জাতীয় দলে গিয়ে টেস্ট ভালো খেলবে কী করে। করজোরে অনুরোধ করছি, এখনই বয়সভিত্তিক পর্যায়ে দুই-তিন-চারদিনের ম্যাচ চালু করুন।" দেশে এখন ভুরিভুরি স্পিনার বিশেষ করে বাঁ হাতি। কিন্তু মানসম্মত স্পিনার না থাকার পেছনে দীর্ঘ পরিসরের ম্যাচের অভাবকেই দায়ী করেছেন সাবেক জাতীয় কোচ জালাল আহমেদ চৌধুরী, "বড় দৈর্ঘ্যরে ম্যাচে বোলিংয়ে অনেক ধরনের বৈচিত্র্য আনার চেষ্টা করা যায়। কিন্তু কেবল ওয়ানডে ম্যাচ খেললে সেরকম কিছু করে নিজের বোলিং আরো ক্ষুরধার করার সুযোগ সেভাবে হয় না। বয়সভিত্তিক পর্যায়ে তাই বড় দৈর্ঘ্যরে ম্যাচের কোনো বিকল্প নেই।" ক্রীড়াঙ্গনে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সংস্কার কার্যক্রমে সহায়তা করতে বিসিবি থেকে সরে দাঁড়ানো সাধারণ সম্পাদক মাহবুব আনাম অবশ্য বর্তমান ক্রিকেট প্রশাসন নিয়েও হতাশা প্রকাশ করলেন, "আমাদের ক্রিকেট এখন মুমূর্ষু অবস্থায় আছে। আমি বলবো দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে আমাদের সম্মিলিত প্রচেষ্টার অভাব আছে। সংস্কারে সহায়তা করতে আমি সরে দাঁড়িয়েছিলাম। কিন্তু গত ৮ মাসে সংস্কারের কোনো চিহ্ন দেখিনি। বরং জীবিত অবস্থা থেকে ক্রিকেটকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে।" গোলটেবিল বৈঠকে এর জবাব দেওয়ার সুযোগ হয়নি বলে অনুষ্ঠানশেষে বেশ উসখুস করতে দেখা গেল গাজী আশরাফ লিপুকে। ডেভলপমেন্ট কমিটির সাবেক চেয়ারম্যান খন্দকার জামিলউদ্দিন আরেকটি দুর্বলতার দিকে দৃষ্টি ফেরালেন সবার, "আমরা অনেককে লেভেল ওয়ান, টু কোচিং কোর্স করাচ্ছি। কিন্তু তাদের কাজে লাগাচ্ছি কতোটা? বিদেশী কোচ আনছি। কিন্তু আমাদের দেশি কোনো কোচকে তৈরির চেষ্টা করছি না।" ক্রীড়া সাংবাদিক আরিফুর রহমান বাবু জোর দিলেন, বৈঠকে যে পরামর্শগুলো উঠে এসেছে সেগুলো যেন কাজে লাগানো হয়। মোস্তফা মামুনের অভিজ্ঞতা, খুব খারাপ খেললেও এখনকার ক্রিকেটারদের আচরণে তার প্রভাব পড়ে না একটুও। তাছাড়া দলের সঙ্গে জড়িত কর্মকর্তাদের আচরণও যে দলের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে বলে মনে করেন তিনি। দিলু খন্দকার মনে করেন, তরুণ দলেও কিছু কিছু সিনিয়র ক্রিকেটারকে রাখা জরুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৪৫ঘ.