লন্ডন, ৭ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্রিকেট আইনের অভিভাবক মেরিলিবোন ক্রিকেট ক্লাব বা এমসিসি এখন ক্রিকেট ব্যাটের ব্যবহার নিয়ে ভীষণ দুশ্চিন্তায়। ব্যাট এবং ব্যাটের হাতল 'অবৈধ' কোনো উপাদান দিয়ে তৈরি কি না তা নিয়েই তাদের দুশ্চিন্তা। সমস্যাটা দূর করতে ব্যাট তৈরির নিয়ম সংশোধনের উদ্যোগ নিচ্ছে এমসিসি।
এই সমস্যার শুরু বছর দুয়েক আগে। ২০০৬ সালে গ্র্যাফাইটের আস্তরণ দেয়া ব্যাট ব্যবহার করে হৈ-চৈ ফেলে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং। কুকাবুরার তৈরি করা এ ধরনের ব্যাটের ব্যবহার নিয়ে কম জল ঘোলাও হয়নি। শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে গ্র্যাফাইটের আস্তরণ দেয়া ব্যাট ব্যবহার থেকে সরে আসেন পন্টিং।
ক্রিকেট ব্যাট নিয়ে কোনো ধরনের অনাকাক্সিক্ষত ঘটনার যেন জন্ম না হয় তার জন্যই ব্যাট তৈরির নিয়ম সংশোধনের উদ্যোগ নিয়েছে এমসিসি। মুম্বাই ভিত্তিক ট্যাবলয়েড 'মিড ডে'র সঙ্গে কথা বলার সময় এমসিসি'র ক্রিকেট বিষয়ক প্রধান জন স্টিভেনসন জানিয়েছেন, "এই মুহূর্তে খেলাটার মধ্যে ব্যাট ও বলের ভারসাম্য নিয়ে আমরা বেশ দুশ্চিন্তায়। নতুন কিছুর প্রবর্তনে আমরা নিরুৎসাহ দিতে চাই না। শুধু ব্যাট প্রস্তুতকারকরা যেন উইলো দিয়ে ব্যাট এবং নরম কাঠ, রাবার ও আঠা দিয়ে ব্যাটের হাতল তৈরি করে সেটাই নিশ্চিত করতে চাই আমরা।"
গ্র্যাফাইটের মতো যৌগিক উপাদান যে এখনো ব্যাটে ব্যবহার হচ্ছে সেটাও জানিয়েছেন তিনি, "আমরা ভেবেছিলাম গত বছরই শেষ হয়ে গেছে ব্যাপারটা। কিন্তু গ্রে-নিকলসের তৈরি ব্যাটের হাতলে গ্র্যাফাইট ও টাইটেনিয়ামের মতো যৌগিক উপাদান পাওয়া গেছে। তাই আমরা ব্যাটের হাতল যেন শুধু রাবার, নরম কাঠ ও আঠা দিয়েই তৈরি হয় তা পুননির্ধারণের সিদ্ধান্ত নিয়েছি। এই প্রথম ক্রিকেটের আইনানুসারে ব্যাটের হাতল নির্ধারণ করা হবে।"
এই লক্ষ্যে এমসিসি'র ঠিকানা লর্ডসে বুধবার একটি লিখিত রচনা পাঠ করবেন স্টিভেনসন। তারপর এমসিসি'র সদস্যদের মধ্যে ভোট নেয়া হবে। এই ভোটেই নির্ধারিত হবে ক্রিকেট ব্যাট তৈরির নিয়মে সংশোধন আসবে কি না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৩৪২ঘ.
bdnews24