ঢাকা, ৫ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- পাকিস্তানকে হারিয়ে উড়তে থাকা বাংলাদেশ মহিলা ক্রিকেট দলকে আবার মাটিতে নামিয়ে এনেছে শ্রীলঙ্কা। সোমবার রঙ্গিরি ডাম্বুলা স্টেডিয়ামে এশিয়া কাপের স্বাগতিকরা সালমা খাতুনের নেতৃত্বাধীন দলকে একদম হেসেখেলেই হারিয়েছে। টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশের তোলা ৯৪ রান যখন তারা টপকে যায়, তখনো শ্রীলঙ্কার ইনিংসের ১৮৩ বল বাকি। ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যাওয়া শ্রীলঙ্কা পেয়েছে ৮ উইকেটের জয়।
পাকিস্তানের বিপক্ষে যেমন বিপর্যয়ের মধ্যে দলের ব্যাটিংয়ের হাল ধরে জয় এনে দিয়েছিলেন সালমা, এই ম্যাচে তেমন কোনো প্রতিরোধ দেখা যায়নি কারো ব্যাটে। তাও ভালো যে ওপেনার সাথীরা জাকের জেসি (২৫) ও আয়েশা আক্তারের (২৪) ব্যাট থেকে কিছু রান এসেছে। শেষ ব্যাটসওম্যান তিথি রাণী সরকারের ১৭ রান একশ'র কাছে নিয়ে না গেলে আরো সহজ হত প্রতিপক্ষের জয়।
এতো অল্প পুঁজি নিয়ে শ্রীলঙ্কার মতো দলের সঙ্গে লড়াই করা যায় না। বাংলাদেশের লক্ষ্য তাই হয়ে গিয়েছিল হারের ব্যবধান যতোটা সম্ভব কমানো। পান্না ঘোষ ও সালমা একটি করে উইকেট তুলে নিয়ে ১০ উইকেটে না হারার সান্ত্বনাটা এনে দিয়েছেন দলকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮৪০ঘ.
bdnews24