লাহোর, ৩০ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিতর্কিত ঘটনার জন্ম দিয়ে অতীতে অনেক বার পার পেয়েছিলেন তিনি। তবে এবার বোধহয় ফেঁসেই গেলেন শোয়েব আখতার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তিন সদস্যের বিশেষ ট্রাইবুনাল তার পাঁচ বছরের নিষেধাজ্ঞা বহাল রেখেছে। সোমবার নিঃশর্ত দুঃখ প্রকাশ করেও কোনো লাভ হলো না 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'-এর।
গত জানুয়ারিতে ঘোষিত নতুন কেন্দ্রীয় চুক্তিতে না রাখার জন্য প্রকাশ্যে পিসিবি'র সমালোচনা করেছিলেন শোয়েব। আচরণবিধি ভাঙ্গার দায়ে এপ্রিলের প্রথম সপ্তাহে তাকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। অবশ্য এই শাস্তির বিরুদ্ধে আপিল করার সুযোগ দেয়া হয়েছিল তাকে। শোয়েব আপিল তো করেছিলেনই, দু দিন আগে পিসিবি'র বিশেষ ট্রাইবুনালকে দেয়া এক লিখিত বিবৃতিতে কৃতকর্মের জন্য দুঃখও প্রকাশ করেছিলেন। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। নিষেধাজ্ঞা বহাল রাখার কথা ঘোষণা করে ট্রাইবুনালের প্রধান আফতাব ফারুক ক্ষোভের সঙ্গে জানিয়েছেন, "আসলে সে (শোয়েব) নিজেকে শোধরানোর কোনো চেষ্টাই করেনি। এবং একের পর এক শৃঙ্খলা ভঙ্গ করেছে। শোয়েব বোর্ডের, ক্রিকেট-ভক্তদের এবং পুরো দেশেরই ক্ষতি করেছে। তার প্রতি এটাই ট্রাইবুনালের অভিমত। তাই তার নিষেধাজ্ঞা বহাল থাকছে। আমরা শোয়েবের পাঁচ বছরের নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করবো না। বিশ্বের যে কোনো জায়গায় খেলতে পারলেও পাকিস্তানের ঘরোয়া কিংবা দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ সে খেলতে পারবে না।" ফারুক আরো জানিয়েছেন সোমবার শোয়েবের নিঃশর্ত দুঃখ প্রকাশের পরিপ্রেক্ষিতেই নেয়া হয়েছে সিদ্ধান্তটা।
ফারুকের চেয়েও অনেক কড়া কথা বলেছেন আমির বিলাল। পিসিবি'র মিডিয়া বিষয়ক উপদেষ্টার বক্তব্যে ক্ষোভের সঙ্গে মিশেছিল শোয়েবকে চিরতরে বিদায় জানানোর আহ্বানও! "শোয়েবের মধ্যে এক ধরনের ক্ষমা চাওয়ার প্রবণতা আছে। কিন্তু তারপরই সে ভুলের পুনরাবৃত্তি করে। পিসিবি পাকিস্তান ক্রিকেটে এ ধরনের ঘটনা আর দেখতে চায় না। কোনো খেলোয়াড়ই খেলার চেয়ে বড় নয়। আর পিসিবিও শৃঙ্খলাভঙ্গের সঙ্গে আপোস করবে না। খেলাটার বৃহত্তর স্বার্থেই নেয়া হয়েছে সিদ্ধান্তটা। হরভজন বা শোয়েব যে-ই হোক না কেন খেলার মধ্যে শৃঙ্খলা বজায় রাখা উচিৎ। পাকিস্তান ক্রিকেটকে বিদায় বলাই শোয়েবের জন্য এখন সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তার উচিৎ আন্তর্জাতিক ক্রিকেটে বিকল্প ক্যারিয়ার গড়ার চেষ্টা করা"--- আমির বিলালের মন্তব্য।
পিসিবি অবশ্য জানিয়েছে আইপিএল-এ খেলতে কোনো সমস্যা নেই শোয়েবের। তবে আইপিএল-এর এক জন মুখপাত্র জানিয়েছেন শৃঙ্খলা রক্ষার স্বার্থে তারা এই টুর্নামেন্টে খেলতে দেবেন না 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'কে। এবং শোয়েবকে কিনে নেয়া কলকাতা নাইট রাইডার্সের এক জন মুখপাত্র টুর্নামেন্ট কমিটির সিদ্ধান্ত মেনে চলার কথাও জানিয়ে দিয়েছেন। সব মিলিয়ে সর্বকালের অন্যতম দ্রুততম বোলারের জীবনে এখন অমাবস্যার অন্ধকার!
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৬১২ঘ.
bdnews24