করাচি, ২৯ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- একই দিনের দুটি দৃশ্য। দুটোতেই নিজের আচরণের জন্য ক্ষমা চাওয়ার ঘটনা। শ্রীশান্তকে চড় মারায় তার ওপর নেমে আসা শাস্তির খড়গ মাথা পেতে নিয়ে ক্ষমা চাইলেন হরভজন সিং। ওদিকে সোমবারই করাচিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-র বিশেষ ট্রাইবুনালের কাছে নিঃশর্ত দুঃখপ্রকাশ করলেন লাগাতার শৃঙ্খলাভঙ্গের দায়ে ৫ বছরের জন্য নিষিদ্ধ শোয়েব আখতার। পাকিস্তানী ফাস্টবোলারের দুঃখপ্রকাশের ভাষাটা ঠিক এরকম, "আমার কোনো কথা বা কাজের মাধ্যমে যদি জাতি, আমার দল এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডকে দুঃখ দিয়ে থাকি বা তাদের বিব্রত করে থাকি তাহলে সেজন্য অন্তরের অন্তস্থল থেকে দুঃখপ্রকাশ করছি। আমি আমার অভ্যাস পরিবর্তন করার পাশাপাশি ভবিষ্যতে এমন আচরণ না করার অঙ্গীকার করছি।" অবশেষে নিজেদের কৃতকর্মের জন্য হরভজন আর শোয়েব অনুতপ্ত এটুকু ধরে নেয়া যেতেই পারে। তবে শোয়েবের এমন দুঃখপ্রকাশে একটা প্রশ্ন উঠে এসেছে। নিষিদ্ধ হওয়ার পরের সেই প্রতিবাদী শোয়েব আখতার কোথায় গেলেন?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ শান্তাকুমারন শ্রীশান্তকে চড় মারার পর পরই হরভজন যেভাবে নিজে গিয়ে ক্ষমা চেয়েছেন, এমনকি তাকে আইপিএল-এর ১১ ম্যাচে বহিস্কার করার পর শাস্তির ব্যাপারে কোনো দ্বিমত প্রকাশ না করে ক্ষমা চেয়েছেন, বিশ্বের দ্রুততম বোলার শোয়েব কিন্তু এত দ্রুত সবকিছু কবুল করেননি। আচরণবিধি ভাঙ্গার দায়ে এপ্রিলের প্রথম সপ্তাহে ৫ বছরের জন্য নিষিদ্ধ হওয়ার পর এক টিভি সাক্ষাতকারে দাবি করেছিলেন, অতীতে খারাপ পারফরম্যান্সের জন্য একাধিকবার ঘুষ নেয়ার প্রস্তাব পেয়েছেন তিনি। এমন প্রলোভনে সাড়া না দিয়ে দেশের হয়ে খেলেছেন অথচ ওসব কথা মনে না রেখে কুচক্রি মহল ষড়যন্ত্র করে, প্রতিশোধস্পৃহা চরিতার্থ করতে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন এমন অভিযোগও করেছিলেন তিনি। আরেক সাক্ষাতকারে পিসিবি চেয়ারম্যান নাসিম আশরাফ আইপিএল-এ খেলার অনুমতি দিতে তার কাছে ঘুষ চেয়েছিলেন এমন কথাও বলতে ছাড়েননি শোয়েব। জবাবে তাকে উকিল নোটিশ পাঠান নাসিম আশরাফ। ওদিকে ঘুষের প্রলোভনে সাড়া না দেয়ার দাবির সত্যতা যাচাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিট (এসিএসইউ) জিজ্ঞাসাবাদ করে শোয়েবকে। পাকিস্তান ক্রিকেটের জন্য ঘটনাবহুল এপ্রিলের সেই প্রথম সপ্তাহে ৫ বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলও করেন ঝড়োগতির বোলিং ছাড়া অধিকাংশ সময় বিতর্কিত ঘটনার জন্যই আলোচিত শোয়েব আখতার। সোমবার সেই আপিলের পরিপ্রেক্ষিতেই পিসিবির ট্রাইবুনালের কাছে নিজের বক্তব্য তুলে ধরেন শোয়েব। অবশ্য কথাগুলো নিজের মুখে বলেননি। তার হয়ে লিখিত বিবৃতি পড়ে শোনান তার আইনজীবী আবিদ মিন্টো। পাকিস্তান হাইকোর্টের সাবেক বিচারপতি আফতাব ফারুকসহ তিন সদস্যের বিশেষ ট্রাইবুনালও পরে আশ্বাস দেয়, "তার (শোয়েব) দুঃখপ্রকাশকে উপযুক্ত বিবেচনায় নেয়া হবে। পুরো বিষয়টিকে ক্ষমাশীলতার নজরেই দেখা হবে।"
গত জানুয়ারিতে ঘোষিত পিসিবি'র নতুন কেন্দ্রীয় চুক্তিতে শোয়েব আখতারকে রাখা হয়নি। এর প্রতিবাদে তখন পিসিবি'র নীতির প্রকাশ্যে সমালোচনা করেছিলেন 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' নামে পরিচিত এই ফাস্ট বোলার। ব্যাপারটা মোটেও ভালো লাগেনি পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তাদের। তাছাড়া আচরণবিধির কারণে এভাবে সমালোচনা করার কোনো অধিকারও নেই ক্রিকেটারদের। শোয়েবের তো নেই-ই। গত অক্টোবরে টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে সতীর্থ ফাস্ট বোলার মোহাম্মদ আসিফকে পিটিয়ে দল থেকে বহি
bdnews24