ঢাকা, ২৮ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- প্রতিপক্ষ পাকিস্তান একাডেমী মানেই জিপি-বিসিবি একাডেমী দলের হার অবধারিত- গ্রামীণফোন একাডেমী কাপের ত্রিদেশীয় সিরিজ থেকে শুরু হওয়া ধারাটা অব্যাহত আছে চারদিনের ম্যাচেও। সোমবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে চারদিনের ম্যাচ তিনদিনেই হেরে গেছে মেহরাব হোসেন জুনিয়রের নেতৃত্বাধীন স্বাগতিক একাডেমী। ১২৮ রানের টার্গেট পাওয়া পাকিস্তান একাডেমী দল পেয়েছে ৮ উইকেটের অনায়াস জয়।
৫ উইকেটে ১৪৪ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা জিপি-বিসিবি দলের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় আর মাত্র ৩২ রান যোগ করেই। এতো অল্পতেই তাদের গুটিয়ে দেওয়ায় সবচেয়ে বড় ভূমিকা পাকিস্তানের নতুন বলের বোলার ওয়াহাব রিয়াজের। কিছুদিন আগে দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে এখানে আসা এই পেসার এদিন পাঁচটি উইকেটের চারটিই তুলে নেন। প্রথম ইনিংসেও স্বাগতিকদের ব্যাটিং বিপর্যয়ের কারণ এবার ৩৫ রানে নিয়েছেন ৫ উইকেট। সবমিলিয়ে ম্যাচে ৬৮ রানে ৮ উইকেট নিয়ে হয়েছেন ম্যান অফ দি ম্যাচও।
১২৮ রানের লক্ষ্যে পৌছাতে পাক একাডেমীর ৩২.৫ ওভারের বেশি লাগেনি। ওপেনার খুররাম মঞ্জুর দলকে জয়ের তীরে পৌছে দিয়েই তবে সাজঘরে ফিরেছেন। তার অপরাজিত ৬৫ রানের ইনিংসটা সাজানো ছিল ৯ বাউন্ডারি ও দুটো ছক্কা দিয়ে। এর মধ্যে দ্বিতীয় ছক্কাটি দলের উইনিং স্ট্রোক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯৪৫ঘ.
bdnews24