২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটের আলোয় পৃথিবী দেখার স্বপ্ন

একবার আন্ডারআর্ম বোলিং করে ক্রিকেট ইতিহাসেরই চিরকালীন এক বিতর্কের 'খলনায়ক' হয়ে আছেন ট্রেভর চ্যাপেল। অথচ নিষিদ্ধ এই ডেলিভারিই কিনা খোদ আন্তর্জাতিক ক্রিকেটেও দিব্যি বৈধতা পেয়ে আসছে! শুনে গোলকধাঁধায় পড়বেন না, যদি জানা থাকে যে এই নিয়মটা প্রযোজ্য শুধু দৃষ্টি প্রতিবন্ধীদের ক্রিকেটেই। যাদের জন্য প্রতি চার বছরে একবার করে বিশ্বকাপও হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2008, 04:51 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ঢাকা, ২৭ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- একবার আন্ডারআর্ম বোলিং করে ক্রিকেট ইতিহাসেরই চিরকালীন এক বিতর্কের 'খলনায়ক' হয়ে আছেন ট্রেভর চ্যাপেল। অথচ নিষিদ্ধ এই ডেলিভারিই কিনা খোদ আন্তর্জাতিক ক্রিকেটেও দিব্যি বৈধতা পেয়ে আসছে! শুনে গোলকধাঁধায় পড়বেন না, যদি জানা থাকে যে এই নিয়মটা প্রযোজ্য শুধু দৃষ্টি প্রতিবন্ধীদের ক্রিকেটেই। যাদের জন্য প্রতি চার বছরে একবার করে বিশ্বকাপও হয়। ২০১০ সালে বিশ্বকাপের চতুর্থ আসরের যৌথ আয়োজক ভারত ও পাকিস্তান। যেখানে অংশ নেওয়ার পরিকল্পনা আছে বাংলাদেশেরও। সেই লক্ষ্যে পাঁচজন পাকিস্তানি কোচের তত্ত্বাবধানে একেবারে প্রাথমিক স্তরের প্রস্তুতি চলছে ঢাকার ধানমন্ডি ক্লাব মাঠে। রোববার সকালে সেখানে হানা দিয়েই পরিচয় হল বিচিত্র সব নিয়ম-কানুনের সঙ্গে। বিশেষভাবে তৈরি বল একটু নড়ালেই বাচ্চাদের 'ঝুনঝুনি'র মতো শব্দ তোলে। শব্দ শুনেই দৃষ্টিহীন ক্রিকেটাররা বুঝে নেন বলের অবস্থান ও গতিপথ। হাটু গেড়ে বসে ব্যাটিং করেন ব্যাটসম্যানরা। ডেলিভারির আগে বোলারকে 'প্লে' বলে নিতে হয়। না হলে 'নো বল' কল করা হয়। বাইশ গজের উইকেট সাদা দাগের 'সেন্টার লাইন' দিয়ে সমান দুই ভাগে ভাগ করা থাকে। বল সেন্টার লাইনের আগে প্রথম ড্রপ না খেলেও 'নো'। দৃষ্টি প্রতিবন্ধীদের এভাবে ক্রিকেটের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল এর আগেও। ২০০০ সালের নভেম্বরে বাংলাদেশের অভিষেক টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতিতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে একটা ম্যাচও খেলেছিলেন দৃষ্টিহীন ক্রিকেটাররা। এরপর আর বিষয়টা না এগোনোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে উদ্যোক্তা জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির মহাসচিব এমএ বাতেন বললেন, "পৃষ্ঠপোষকতার অভাবে এরপর আমরা হারিয়েই গিয়েছিলাম।" ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের (ডাব্লিউবিসিসি) কাছে সহায়তা চেয়ে সাড়া পাওয়াতেই এতোদিন পর আবার শূন্য থেকে শুরু করতে পারলেন তারা, "ডাব্লিউবিসিসির অনুরোধে পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল (পিবিসিসি) বেশ কয়েকজন কোচকে নিজ খরচেই পাঠিয়েছে। আমরা শুধু তাদের থাকা-খাওয়ার বন্দোবস্ত করেছি। এমনকি তারা ক্রিকেট সরঞ্জামও নিয়ে এসেছেন আমাদের জন্য। এই যেমন বিশেষ ধরনের বল আমাদের এখানে পাওয়া যায় না। তারা এরকম শ'খানেক বলও দিয়ে যাচ্ছেন।" সবসময় তো এরকম কোচিং সহায়তা পাওয়া যাবে না। তাই এক ঢিলে দুই পাখি মারার চেষ্টাও করছে জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতি, "বারবার তো আর বিদেশ থেকে কোচ আসবেন না। এই ৩৩ জন অন্ধ ক্রিকেটারকে শেখানোর প্রক্রিয়া চালু রাখতে জনাবিশেক কোচ তৈরিরও চেষ্টা করছি আমরা। যাদের হাতেকলমে শিক্ষা দিয়ে যাচ্ছেন পাকিস্তানি কোচরা।" এদের মধ্যেই একজন সৈয়দ সুলতান শাহ শোনালেন তার হার না মানা জীবনের গল্প। নয় বছর বয়সে চোখ উঠেছিল। সেরে ওঠার জন্য যে ওষুধ ব্যবহার করেছিলেন তা ছিল মেয়াদোত্তীর্ণ। ফলাফল দৃষ্টিহানি। অনেক চিকিৎসায়ও ফল না পাওয়া সুলতান হাল ছাড়েননি। রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করেছেন। ১৯৯৮ সালে অন্ধদের প্রথম বিশ্বকাপে রানার্স আপ পাকিস্তান দলের অধিনায়ক এখন পিবিসিসির ক্রিকেট অপারেশন্স ডিরেক্টরও। পেশায় তিনি ব্রেইল (অন্ধদের জন্য বিশেষ শিক্ষা পদ্ধতি) টিচার। তার নেতৃত্বে না পারলেও পরের দুবারই বিশ্বকাপ জিতেছে পাকিস্তান। সেখানে অন্ধ ক্রিকেটারদের পেশাদারি কাঠামোয় নিয়ে আসার মজাদার তথ্যটাও দিলেন সুলতানই, "আমরা প্রতিবছর পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছ থেকে পাঁচ মিলিয়ন রুপি পেয়ে থাকি। এখান থেকেই আমরা ক্রিকেটারদের বেতন দেই। ১৮ জন চুক্তিবদ্ধ ক্রিকেটারের মধ্যে 'এ' ক্যাটাগরির ক্রিকেটাররা মাসে সাত হাজার রুপি পায়। 'বি' আর 'সি' ক্যাটাগরির ছেলেরা পায় পাঁচ ও চার হাজার করে।" বাংলাদেশে সবে শুরু। এখনই সেরকম কিছু করার সুযোগ নেই জানেন। তবে অন্ধদের ক্রিকেট এগিয়ে নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সুনজর থাকা জরুরী বলেই মনে করেন সুলতান। কয়েকদিনের মধ্যেই বিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বিসিবির পৃষ্ঠপোষকতা চাইবেন বলেই জানালেন জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির মহাসচিব। কতোটা পাবেন, সেটা পরের ব্যাপার। তার আগে শুরু যে হল, তাতেই খুশী খিলক্ষেতের জানে আলম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র ফেরদৌস হাসান। পাঁচ বছর বয়সে টাইফয়েডে দৃষ্টি হারানো এই ক্রিকেটারের কাছে খেলতে পারাটাই অপার আনন্দের, " ছোটবেলা থেকেই ক্রিকেট ভালোবাসি। দেখতে পারি না কিন্তু টিভির সামনে বসে কমেন্ট্রি শুনে ক্রিকেট বোঝার চেষ্টা করতাম। খেলতেও চাইতাম। কিন্তু কেউ নিত না। এমনিতে আমি অন্ধদের দাবা প্রতিযোগিতায় অংশ নেই নিয়মিত। আশা করি এখন ক্রিকেটের প্রতিযোগিতায়ও নামতে পারবো।" মোহাম্মদ আশরাফুল ও সৌরভ গাঙ্গুলীর ভক্ত ফেরদৌসের এই ইচ্ছেপূরণ এখন সময়ের ব্যাপার মাত্র। কারণ ডাব্লিউবিসিসি'র সদস্যপদ পেতে হলে যে নিয়মিত টুর্নামেন্টই শুধু নয়, জাতীয় চ্যাম্পিয়নশিপও আয়োজন করতে হবে বাংলাদেশকে। জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির ১৫ দিনের এই প্রশিক্ষণ কর্মসূচী সে পথেই প্রথম পদক্ষেপ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৫৫৫ঘ.