২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতা নাইট রাইডার্সের প্রথম পরাজয়

এক দলের অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। অন্য দলের নেতৃত্ব মহেন্দ্র সিং ধোনির কাঁধে। শনিবার আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের লড়াইটা তাই জমজমাট হওয়ারই কথা ছিল। দুই ভাই মাইকেল ও ডেভিড হাসির মুখোমুখি হওয়াও কম আলোচনার জন্ম দেয়নি। কিন্তু আকর্ষণীয় হওয়ার সব উপকরণ থাকলেও ম্যাচটা হয়েছে একতরফা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2008, 04:08 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

চেন্নাই, ২৬ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক দলের অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। অন্য দলের নেতৃত্ব মহেন্দ্র সিং ধোনির কাঁধে। শনিবার আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের লড়াইটা তাই জমজমাট হওয়ারই কথা ছিল। দুই ভাই মাইকেল ও ডেভিড হাসির মুখোমুখি হওয়াও কম আলোচনার জন্ম দেয়নি। কিন্তু আকর্ষণীয় হওয়ার সব উপকরণ থাকলেও ম্যাচটা হয়েছে একতরফা। ভারতের সফলতম টেস্ট অধিনায়ক সৌরভের কলকাতা নাইট রাইডার্স পাত্তাই পায়নি টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেয়া ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে। ১৯ বল হাতে রেখে ৯ উইকেটের জয় দিয়ে কলকাতাকে টুর্নামেন্টে প্রথম পরাজয়ের তেতো স্বাদ উপহার (!) দিয়েছে চেন্নাই। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা স্বাগতিকরা উদ্বোধনী জুটিতে ৮.২ ওভারেই পেয়ে যায় ৬৬ রান। ভারতের সাবেক উইকেট কিপার পার্থিব প্যাটেলকে (২১) অজিত আগারকার ফিরিয়ে দিলেও অন্য ওপেনার ম্যাথু হেইডেন ছিলেন লক্ষ্যের প্রতি অবিচল। ধোনির সঙ্গে ৮৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন তিনি। হেইডেনের ৪৮ বলে অপরাজিত ৭০ রানের ইনিংসটা সাজানো তিন ছক্কা ও ছয় বাউন্ডারিতে। অন্য প্রান্তে ২৭ বলে দুটি ছক্কা ও তিনটি বাউন্ডারিতে ৪৩ রানে অপরাজিত থেকে যান ধোনি। দু জনের এমন দুরন্ত ব্যাটিংয়ের জন্যই টানা তৃতীয় জয় পেয়ে চেন্নাই সুপার কিংস এখন আইপিএল-এর পয়েন্ট টেবিলের শীর্ষে। অথচ টসজয়ী কলকাতার দলটির শুরুটা হয়েছিল দুর্দান্ত। ম্যাককালাম-ঝড়ে ২.২ ওভারেই তারা পৌঁছে যায় ৩২ রানে। কিন্তু তারপরই ছন্দপতন। দুটি করে চার ও ছক্কায় ১২ বলে ২৪ রান করা ব্রেন্ডন ম্যাককালামকে সুরেশ রায়নার ক্যাচ বানিয়ে চেন্নাইকে ব্রেক থ্রু এনে দেন জ্যাকব ওরাম। পরের বলে রিকি পন্টিংও রায়নার হাতে কট! এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ১৯ বলে করেছেন ১২ রান। ডেকান চার্জার্সের বিপক্ষে আগের ম্যাচের জয়ের নায়ক ডেভিড হাসি কোনো রানই করতে পারেননি। ৯৮ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা কলকাতা নাইট রাইডার্স দেড় শ'র কাছাকাছি (৯ উইকেটে ১৪৭) পৌঁছাতে পেরেছে লক্ষীরতন শুক্লা ও প্রশান্ত সাহার দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ের সুবাদে। ৩৩ বলে ৪২ রান করে রান আউট হয়েছেন শুক্লা। আর প্রশান্তর ব্যাট থেকে এসেছে ১৬ বলে ২৭ রান। ৩২ রানে ৩ উইকেট নেয়া ওরাম চেন্নাইয়ের সফলতম বোলার। ম্যান অব দ্য ম্যাচও তিনি। দুটি করে উইকেট মানপ্রিত গনি ও পালানি অমরনাথের। তবে কোনো উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ১২ রান দিয়েছেন বিশ্বসেরা অফস্পিনার মুত্তিয়া মুরালিধরন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০০৫ঘ.