চন্ডিগড় , ২৬ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - এই নিয়ে তিন ম্যাচে তাকে মিস করলো মুম্বাই ইন্ডিয়ানস। মিস করার প্রমান খোঁজারও দরকার পড়ছে না। ম্যাচের ফলাফলেই তা প্রতিফলিত। ইনজুরির জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম আসরে এখনো একটা ম্যাচও খেলতে পারেননি শচীন টেন্ডুলকার। পরিনামে হেরেই চলেছে তার দল মুম্বাই ইন্ডিয়ানস। শুক্রবার দিনের একমাত্র ম্যাচে যুবরাজ সিংয়ের কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে ৬৬ রানে হেরেছে তারা। টস হেরে ব্যাট করতে নেমে ১৮২ রানে অলআউট হয়ে যায় কিংস ইলেভেন পাঞ্জাব। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১১৬ রান করতে পারে মুম্বাই ইন্ডিয়ানস।
এ ম্যাচের আগ পর্যন্ত দু দলই ছিল সমানে সমান। আগের দু ম্যাচের ব্যর্থতায় এ ম্যাচ দু দলের জন্যই হয়ে পড়েছিল পরাজয়ের হ্যাটট্রিক এড়ানোর চ্যালেঞ্জ। সে চ্যালেঞ্জে কিংস ইলেভেন পাঞ্জাব জিতেছে মূলত কুমার সাঙ্গাকারার জন্য। শ্রীলঙ্কান এই উইকেট কিপার ব্যাটসম্যানের ৫৬ বলে ১৩টি চার ও ১টি ছক্কায় সাজানো ৯৪ রানের ইনিংসই পার্থক্য গড়ে দেয়। নইলে টস হেরে ব্যাট করতে নামা পাঞ্জাবের জন্য ইরফান পাঠান (৬), যুবরাজ সিং (১৮), রামনরেশ সারোয়ান (৭), মাহেলা জয়াবর্ধনে (১২) বা ব্রেট লি (১৬*) তো আহামরি কিছু করতে পারেননি। বরং মনে হচ্ছিল শন পোলক (১/৪০), আশীষ নেহরা (২/২২), কুলকার্নি (২/৩৭), হরভজনের (৩/৩২) বোলিং বুঝি সহজ জয়ের লক্ষ্যই দিয়েছে মুম্বাইকে।
ধারনাটা ভুল প্রমান করতে উঠে-পড়ে লেগেছিলেন একজন। ব্রেট লি। হ্যাঁ, অস্ট্রেলিয়ার এই ফাস্টবোলার দু ওভারের প্রথম স্পেলে এমন আতঙ্ক ছড়ান যে তা কাটিয়ে আর জয়ের পথ ধরতে পারেনি মুম্বাই। জয়াসুরিয়াকে ফিরতি ক্যাচ দিতে বাধ্য করার পরের বলে অবিশ্বাস্য ক্ষিপ্রতায় দৌড়ে গিয়ে আরেক ওপেনার রোচিকে করলেন রান আউট। ওভাবে১৪ রানে দ্বিতীয় উইকেট হারানো আর ম্যাচে ফিরতে পারেনি। ম্যাচসেরার পুরস্কার নেয়ার সময় সাঙ্গাকারাও প্রশংসা করেছেন ৪ ওভারে মাত্র ৯ রানে ১ উইকেট পাওয়া ব্রেট লির। অবশ্য অন্য বোলারদের প্রশংসাও শোনা গেছে তার মুখে। সেটাই স্বাভাবিক। ইরফান পাঠান (২/১৯), ভি আর ভি সিং (১/৪০), শ্রীশান্ত (২/৩১) আর পিযূষ চাওলা (২/১৬) বল হাতে তাদের দায়িত্ব পালনে সফল না হলে তো জয়াসুরিয়া (১), রবিন উথাপ্পা (২১), ডোয়াইন ব্রাভো (২৩), সৌরভ তিওয়ারি (১৭), শন পোলক (২২), অভিষেক নায়ার (২), হরভজনদের (০) ব্যর্থতার জ্বালায় পুড়তে হতো না, মুম্বাইকেও ডুবতে হতো না হ্যাটট্রিক পরাজয়ের লজ্জায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৫২৭ ঘ.
bdnews24