মেলবোর্ন, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম/রয়টার্স) - নিরাপত্তার অভাবের কারণে অস্ট্রেলিয়া দল পাকিস্তানে না এসে যে ক্ষতিটা করেছিল তা পুষিয়ে দেয়ার ব্যবস্থা অবশেষে হয়েছে। সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, এক সফর বাতিল হওয়ায় একবার নয়, ২০০৯ ও ২০১০ সালে অর্থাৎ পরপর দুবার পাকিস্তানে আসবে বিশ্বসেরা অস্ট্রেলিয়া।
গত বছর সন্ত্রাসী হামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো মারা যাওয়ার পর উপমহাদেশের এ দেশে আসার সিদ্ধান্ত স্থগিত করে অস্ট্রেলিয়া। প্রকারান্তরে বাতিল হয়ে যাওয়া এ সফরের ক্ষতি পোষাতে ভারতকে একটা সিরিজ খেলার আমন্ত্রণ জানিয়েছিল পিসিবি। ভারত আসেনি। তবে বাংলাদেশ ৫টি ওয়ানডে ও একটি টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ খেলে এসেছে। তাই বলে বাংলাদেশকে দিয়ে কি অস্ট্রেলিয়ার স্বাদ মেটে? মেটে না বলেই অস্ট্রেলিয়াকে আনার চেষ্টাটাও জারি রেখেছিল পিসিবি। সে চেষ্টার ফলও পাওয়া গেছে। সোমবার পিসিবি আর সিএ যৌথ বিবৃতির মাধ্যমে জানিয়েছে, আগামী বছর (২০০৯) ৫টি ওয়ানডে ও একটি টোয়েন্টি টোয়েন্টি আর তার পরের বছর তিন টেস্টের সিরিজ খেলতে পাকিস্তানে আসবে অস্ট্রেলিয়া। বিশ্বসেরারা দু'দুবার আসছে - এ খবরে পিসিবি চেয়ারম্যান নাসিম আশরাফ বেশ খুশি, " নির্ধারিত সময়ে সফরটা হয়নি বলে কিছুটা হতাশা তো অবশ্যই আছে, তবে অস্ট্রেলিয়া ২০০৯ আর ২০১০ সাল মিলিয়ে দুবার পাকিস্তানে আসবে বলে পিসিবি খুব খুশি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম/এসি/ ১৪৪৭ ঘ.
bdnews24