২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরেকটি অসহায় আত্মসমর্পণে শেষ পাকিস্তান সফর

একমাত্র টোয়েন্টি টোয়েন্টি ম্যাচটাও এগোলো ওয়ানডে সিরিজের ধারাপাত মেনেই। যেখানে আবারো পাকিস্তানের সামনে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের। তা নয়তো কী? শোয়েব মালিকের দলের ৫ উইকেটে ২০৩ রান তাড়া করতে নেমে বাংলাদেশ পুরো ২০ ওভারও ব্যাটিং করতে পারলো না। ১৬ ওভারেই ১০১ রানে শেষ তাদের ইনিংস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2008, 04:58 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

করাচী, ২০ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- একমাত্র টোয়েন্টি টোয়েন্টি ম্যাচটাও এগোলো ওয়ানডে সিরিজের ধারাপাত মেনেই। যেখানে আবারো পাকিস্তানের সামনে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের। তা নয়তো কী? শোয়েব মালিকের দলের ৫ উইকেটে ২০৩ রান তাড়া করতে নেমে বাংলাদেশ পুরো ২০ ওভারও ব্যাটিং করতে পারলো না। ১৬ ওভারেই ১০১ রানে শেষ তাদের ইনিংস। ১০২ রানের হার তাই পাকিস্তান থেকে বলার মতো কিছু ঘটিয়ে ফেরার স্বপ্নকে স্বপ্নই রেখে দিল। যদিও বাংলাদেশের ইনিংসের শুরুতে বেশ কিছু ক্যাচ ফেলেছেন পাকিস্তানি ফিল্ডাররা। তামিম ইকবালই তো জীবন ফিরে পেয়েছেন দু'দুবার। তাই বলে আবার এই সুযোগ কাজেও লাগাতে পারেননি এলোমেলো ব্যাটিংয়ে ১৮ বলে ২৩ রান করা তামিম। আউট হওয়ার ধরনটাও হাস্যরসের খোরাক না জুগিয়ে পারে না। সোহেল তানভীরের ফুলটস বলে বোল্ড হওয়া তামিমের বিদায়ের পর ক্যাচ ফেলা পুষিয়েও দিয়েছেন পাকিস্তানি ফিল্ডাররা। এই যেমন বাংলাদেশের ইনিংসে তিন তিনটি রানআউট। আবার লেগস্পিনার মনসুর আমজাদ ম্যাচের শেষ এবং তার একমাত্র ওভারে তিন তিনটি উইকেটই শুধু তুলে নেননি। মাত্র ৩ রান খরচ করে ম্যাচের সেরা বোলারও। শাহরিয়ার নাফীসের ক্রমাগত ব্যর্থতায় শেষ দুটো ওয়ানডেতে দলে সুযোগ পেয়ে হতাশই করেছেন জুনায়েদ সিদ্দিকী। টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে তার জায়গায় খেলতে নামা নাজিমউদ্দিনই যা একটু পাল্টা আক্রমণে গেছেন। সেটা অবশ্য দলের আশা-ভরসার প্রতীক হওয়ার মতো নয়। শোয়েব মালিককে টানা দুটো ছক্কা হাঁকানো নাজিম ৪৮ বলে করেছেন ৪২ রান। যে ইনিংসে নেই একটিও বাউন্ডারির মার, ছক্কা তিনটি। আশরাফুল এই ম্যাচেও পারেননি তার ব্যর্থতার বৃত্ত ভাঙ্গতে। ১৩ রান করে আউট হওয়ার পর হাঁফ ছেড়েই বেঁচেছেন হয়তো। তার জন্য দুঃস্বপ্নের প্রতিশব্দ হয়ে যাওয়া পাকিস্তান সফরটা তো শেষ হল অবশেষে! এর আগে টস হারা বাংলাদেশের শুরুটা দারুণই হয়েছিল। ৬ রানে পাকিস্তানের দুই ওপেনারকে ফিরিয়ে দেওয়া আনন্দ অবশ্য স্থায়ী হয়নি বেশিক্ষণ। এরপর ইউনিস খান, মিসবাহ-উল হক ও শোয়েব মালিকদের ব্যাটিং ঝড়ে টালমাটালই হয়েছে বাংলাদেশের বোলিং। বিশেষ করে মিসবাহর ৫৩ বলে অপরাজিত ৮৭ রানের ব্যাটিং তান্ডব পাকিস্তানকে দুইশো পার করে নিয়ে যায়। ম্যাচের তৃতীয় বলেই রান আউট ওয়ানডে সিরিজের সেরা ব্যাটসম্যান সালমান বাট (১)। আর মাশরাফি বিন মর্তুজার করা ম্যাচের প্রথম ওভারের শেষ বলে প্লেড অন কামরান আকমলও (০)। এমন শুরুর পর ইউনিস আর মিসবাহ মিলে পাকিস্তানের বিপর্যয়ই শুধু সামলে দেননি। রানের ফল্গুধারাও যেন বইছিল তাদের ব্যাটে। তৃতীয় উইকেটে তারা দ্রুতগতিতে যোগ করে ফেলেন ৭৮ রান। সাকিব আল হাসানকে রিটার্ন ক্যাচ দিয়ে ফিরে যাওয়ার আগে ইউনিস মাত্র ২৮ বলে করে গেছেন ৪৭ রান। ইউনিস ফিফটি মিস করলেও মিসবাহ করেননি। এমনকি সেঞ্চুরিও পেয়ে যেতে পারতেন তিনি। মাত্র ৫৩ বলে ৮৭ রানে অপরাজিত থাকা মিসবাহর ইনিংসে বাউন্ডারি মাত্র তিনটি হলেও ছক্কা পাঁচটি। পাকিস্তান অধিনায়ক শোয়েব মালিকের ব্যাটিংয়ে ছিল একই রকম তান্ডব। ১৮ বলে ৩৫ রান করে আব্দুর রাজ্জাকের বলে স্টাম্পিংয়ের ফাঁদে পড়া শোয়েব তিনটি ছক্কা মারলেও বাউন্ডারি দুটো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২৫০ঘ.