করাচি, ১৫ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকর্ম) - তার মুখে যেন ঠিক শোয়েব আখতারের কথারই প্রতিধ্বনি। "অপরাধ এমন গুরুতর নয় যে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করতে হবে। কেউ কেউ হয়তো প্রতিশোধ নিতে শোয়েবকে নিষিদ্ধ করেছেন" - আগে অনেকটা এরকম কথাই শোনা গেছে শোয়েব আখতারের মুখে, সোমবার এ কথা বললেন পাকিস্তানের খেলাধুলা বিষয়ক সিনেট কমিটির সদস্য এনভার আলী বেগ। সিনেট কমিটি এ জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-র সমালোচনা করে জানিয়েছে, তারা মনে করেন শোয়েবের আপিলের পরবর্তী কার্যক্রম চালু থাকা এবং আপিল ট্রাইবুনালের স্বাধীনভাবে কাজ করা উচিত।
পিসিবির আরোপ করা পাঁচ বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে শোয়েব আপিল করার পর গত সপ্তাহে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত এক বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের আপিল ট্রাইবুনাল গঠন করা হয়। তবে ট্রাইবুনাল কাজ শুরু করার আগেই পিসিবির কয়েকজন কর্মকর্তা আর শোয়েবের সঙ্গে কথা বলে সিনেট কমিটির মনে হয়েছে অপরাধের চেয়ে বড় শাস্তি দিয়ে "রাওয়ালপিন্ডি এক্সপ্রেস"-এর প্রতি অন্যায় করা হয়েছে। সোমবার এনভার আলী বেগ জানান, " (শোয়েবের বিরুদ্ধে) অভিযোগগুলো খতিয়ে দেখে যা বুঝেছি তাতে আমরা পিসিবির সমালোচনা করছি। ( সিনেট) কমিটি শোয়েব আর পিসিবি কর্মকর্তাদের ডেকে কথা বলেছে। আধ ঘন্টার এ সভা শেষে আমাদের ধারণা হয়েছে, কিছু লোক প্রতিশোধ নেয়ার জন্যই শোয়েবকে নিষিদ্ধ করেছে।"
গত জানুয়ারিতে পিসিবি'র কেন্দ্রীয় চুক্তিতে তাকে না রাখায় ক্রিকেট কর্মকর্তাদের প্রকাশ্যে সমালোচনা করেছিলেন শোয়েব আখতার। অথচ গত বছর টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে মোহাম্মদ আসিফকে পেটানোর পর মুচলেকা দিয়ে তাকে বলতে হয়েছিল, দুবছরের মধ্যে আর কোনো শৃঙ্খলাভঙ্গের অপরাধে জড়াবেন না। তাই ক্রিকেট-কর্মকর্তাদের প্রকাশ্য সমালোচনাকে আচরণবিধি ও শৃঙ্খলা ভঙ্গের অপরাধের আওতায় নিয়ে শোয়েবকে আন্তর্জাতিক ক্রিকেটে ৫ বছরের জন্য নিষিদ্ধ করে পিসিবি।
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৬৫৫ ঘ.
bdnews24