২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএল নিয়ে শঙ্কিত আকরাম

ভারতীয় প্রিমিয়ার লিগ বা আইপিএল শুরু হতে আর বেশি দেরি নেই। সময় যত ঘনিয়ে আসছে ততই উত্তেজনায় থরথর করে কাঁপছে ভারতের ক্রিকেটভক্তরা। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আয়োজিত এই টোয়েন্টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ক্রিকেটারদের উত্তেজনা তো আরো বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2008, 04:18 PM

Updated : 26 Aug 2022, 01:42 PM

লাহোর, ১৪ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় প্রিমিয়ার লিগ বা আইপিএল শুরু হতে আর বেশি দেরি নেই। সময় যত ঘনিয়ে আসছে ততই উত্তেজনায় থরথর করে কাঁপছে ভারতের ক্রিকেটভক্তরা। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আয়োজিত এই টোয়েন্টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ক্রিকেটারদের উত্তেজনা তো আরো বেশি। তবে ক্রিকেটার বা ক্রিকেটপ্রেমীদের রোমাঞ্চ একটুও স্পর্শ করতে পারেনি ওয়াসিম আকরামকে। তিনি বরং আইপিএল নিয়ে ভীষণ শঙ্কিত। সর্বকালের সেরা বাঁহাতি পেসারের আশঙ্কা মিলিয়ন ডলারের এই টুর্নামেন্টের হাতছানিতে প্রলুব্ধ হয়ে আগে-ভাগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন অনেক খেলোয়াড়। তার ফলে ক্রিকেটই ক্ষতিগ্রস্ত হবে সবচেয়ে বেশি। "আমার আশঙ্কা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) হস্তক্ষেপ না করলে আইপিএল ভীষণ বিভ্রান্তিকর ও ধ্বংসাত্মক হতে পারে (ক্রিকেটের জন্য)। কারণ এখানে প্রচুর অর্থ জড়িত। আর সেজন্য খেলোয়াড়রা আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিতেও প্রস্তুত"--- আইপিএল সম্পর্কে নিজের শঙ্কার কথা এভাবেই জানালেন আকরাম। শঙ্কাটা অবশ্য অমূলক নয়। বর্তমানের সেরা তারকাদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের ৮টি দল শক্তিশালী দল গড়তে বিশাল অর্থ ব্যয় করেছে। শাহরুখ খান, প্রীতি জিনতাদের মতো বলিউড-তারকারা যুক্ত হয়েছে এর সঙ্গে। গত মাসে ক্রিকেট-ইতিহাসে প্রথম বারের মতো খেলোয়াড়দের নিলামে তুলে কিনে নেয়ার ঘটনাও ঘটেছে আইপিএল-এ। বিপুল অর্থের হাতছানির জন্য অনেক খেলোয়াড় জাতীয় দলের চাইতে টোয়েন্টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতে খেলতেই বেশি আগ্রহী। সেজন্য খেলোয়াড়দের নয়, আইসিসি আর ক্রিকেট বোর্ডগুলোর দিকেই সমালোচনার তীর ছুড়লেন ওয়ানডের সর্বোচ্চ উইকেটের মালিক আকরাম, "১০ বছর আগেই বিপদটা বোঝা উচিৎ ছিল আইসিসির। কারণ আইসিসি ও কয়েকটি দেশের ক্রিকেট বোর্ড বিলিয়ন-বিলিয়ন ডলার কামায়। অথচ খেলোয়াড়রা তার সামান্য অংশই পায়। তাই এমন ঘটনা ঘটতোই। আইসিসি আর বোর্ডগুলো ঠিকমতো টাকা দিলে খেলোয়াড়রা হয়তো এ ধরনের লিগে যোগ দিতো না। এখন এমনই এক সময় এসেছে যখন খেলোয়াড়রা আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়াতে পর্যন্ত রাজি। এটা খুবই বিপজ্জনক।" ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১০৩ঘ.