২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজের চোখে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার স্বপ্ন

একটা ছক্কাই পাল্টে দিয়েছে চিত্রটা। প্রথম ওয়ানডেতে পরাজয়ের কিনারায় চলে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ শেষ বলে শিবনারায়ণ চন্দরপলের ছক্কায় নাটকীয়ভাবে হারিয়ে দিয়েছিল শ্রীলঙ্কাকে। সেই ছক্কায় অনুপ্রাণিত ক্যারিবীয়রা পরের ম্যাচে ৭ উইকেটের সহজ জয় দিয়ে নিশ্চিত করেছে সিরিজও। মঙ্গলবার সেন্ট লুসিয়ায় শেষ ওয়ানডের তাই তেমন কোনো গুরুত্ব নেই। তবে স্বাগতিকদের কাছে আছে। দিবারাত্রির ম্যাচটা জিতলেই শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে সিরিজ জয়ের উৎসবে পূর্ণতা দিতে পারবে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2008, 04:17 PM

Updated : 26 Aug 2022, 01:42 PM

সেন্ট লুসিয়া, ১৪ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটা ছক্কাই পাল্টে দিয়েছে চিত্রটা। প্রথম ওয়ানডেতে পরাজয়ের কিনারায় চলে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ শেষ বলে শিবনারায়ণ চন্দরপলের ছক্কায় নাটকীয়ভাবে হারিয়ে দিয়েছিল শ্রীলঙ্কাকে। সেই ছক্কায় অনুপ্রাণিত ক্যারিবীয়রা পরের ম্যাচে ৭ উইকেটের সহজ জয় দিয়ে নিশ্চিত করেছে সিরিজও। মঙ্গলবার সেন্ট লুসিয়ায় শেষ ওয়ানডের তাই তেমন কোনো গুরুত্ব নেই। তবে স্বাগতিকদের কাছে আছে। দিবারাত্রির ম্যাচটা জিতলেই শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে সিরিজ জয়ের উৎসবে পূর্ণতা দিতে পারবে তারা। পুরো দলের মতো এখন উৎসবের আমেজ জন ডাইসনের মনেও। প্রথম ম্যাচে শেষ বলের ছক্কায় অসাধারণ এক জয় এবং পরের ম্যাচে ১৮ রানে ৩ উইকেট হারানোর পরও চন্দরপল-স্যামুয়েলসের দুর্দান্ত ব্যাটিংয়ে ২৭ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যাওয়ার আনন্দে ওয়েস্ট ইন্ডিজ কোচ দারুণ আপ্লুত, "সব মিলিয়ে ছেলেরা দুর্দান্ত কাজ করেছে এখন পর্যন্ত। বেশ কিছু দিন ধরেই আমাদের দলের ছেলেরা কঠোর পরিশ্রম করছে। স্বদেশের দর্শকদের সামনে নিজেদের দারুণভাবে সংগঠিত করতে সক্ষম হওয়ায় আমি তাদের ওপরে খুবই সন্তুষ্ট। প্রত্যেক সিরিজই গুরুত্বপূর্ণ। আমি সব সময় বলি যে আন্তর্জাতিক পর্যায়ে সিরিজ জয়ই প্রত্যেকের লক্ষ্য হওয়া উচিৎ।" মঙ্গলবারের ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজ জয় পেলে ডাইসনের উচ্ছ্বাসের মাত্রা বহু গুণ বেড়ে যাবে নিঃসন্দেহে। সেন্ট লুসিয়ার ব্যাটিং সহায়ক উইকেটে দু দলেই পরিবর্তন আসতে পারে। পেসার ড্যারেন স্যামির বদলে বাঁহাতি স্পিনার সুলেইমান বেনকে একাদশে রাখতে পারে ক্যারিবীয়রা। অন্যদিকে চামিন্ডা ভাসকে বিশ্রাম দিয়ে বাঁহাতি পেসার থিলান তুষারাকে দলে নিতে পারে শ্রীলঙ্কা। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২২০০ঘ.