২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার লড়াই করে হারলো বাংলাদেশ

লক্ষ্যটা খুব কঠিন --- ৩০৯ রানের। তবে রোববার পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে কঠিন এই লক্ষ্যের পিছু ধাওয়া করে বাংলাদেশ খারাপ করেনি। পুরো ৫০ ওভার খেলে ৭ উইকেটে ২৮৫ রান আগের দুই ম্যাচের তুলনায় নিঃসন্দেহে অনেক ভালো। আর তাই প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে পরাজিত বাংলাদেশ এবার হেরেছে ২৩ রানে। সেই সুবাদে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2008, 10:59 AM

Updated : 26 Aug 2022, 01:42 PM

লাহোর, ১৪ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্যটা খুব কঠিন --- ৩০৯ রানের। তবে রোববার পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে কঠিন এই লক্ষ্যের পিছু ধাওয়া করে বাংলাদেশ খারাপ করেনি। পুরো ৫০ ওভার খেলে ৭ উইকেটে ২৮৫ রান আগের দুই ম্যাচের তুলনায় নিঃসন্দেহে অনেক ভালো। আর তাই প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে পরাজিত বাংলাদেশ এবার হেরেছে ২৩ রানে। সেই সুবাদে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। বাংলাদেশের শুরুটা তেমন ভালো হয়নি। উদ্বোধনী জুটিতে ২৩ রান উঠলেও সেখানে শাহরিয়ার নাফীসের অবদান শূন্য। ৮টি বল 'ডট' দেয়ার পর নবম বলে সালমান বাটকে ক্যাচ দিয়েছেন তিনি। তবে সোহেল তানভির দলকে ব্রেক থ্রু এনে দিলেও সেই আনন্দ বেশিক্ষণ উপভোগ করতে পারেনি পাকিস্তানীরা। কারণ তামিম ইকবাল ও আফতাব আহমেদের দুর্দান্ত ব্যাটিং। বিশেষ করে তামিম। ৫২ বলে টানা দ্বিতীয় ফিফটি করা এই বাঁহাতি ওপেনারের সৌজন্যেই এক সময় দারুণ জায়গায় পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু দুর্ভাগ্যজনক এক রান আউট অপমৃত্যু ঘটিয়েছে সম্ভাবনাময় ইনিংসটার। আফতাবের স্কোয়ার কাট বাউন্ডারি লাইন থেকে কোনো রকমে বাঁচিয়ে থ্রো করেছিলেন ফাওয়াদ আলম। তৃতীয় রান নিতে চাওয়া তামিম ক্রিজে পৌঁছানোর আগেই উইকেট ভেঙ্গে দিয়েছেন পাকিস্তানের উইকেট কিপার কামরান আকমল। ৬৯ বলে ৬৩ রানের ইনিংসটা সাজানো ছিল ৮ বাউন্ডারিতে। দ্বিতীয় উইকেটে তামিম-আফতাবের মাত্র ১৩ ওভারে গড়ে ওঠা ৮৮ রানের জন্যই এক সময় জয়ের স্বপ্নও দেখতে পারছিল বাংলাদেশ। তামিমের বিদায়ের পর আফতাবও বেশিক্ষণ টিকতে পারেননি। পাকিস্তান অধিনায়ক শোয়েব মালিকের একটি বল অহেতুক রিভার্স সুইপ করতে গিয়ে আকমলকে সহজ ক্যাচ দিয়েছেন তিনি। তার ৪৯ বলে ৪২ রানের ইনিংসে বাউন্ডারির সংখ্যা ৭টি। পর পর দুই উইকেট হারানো বাংলাদেশকে আরো বেশি বিপদে ফেলে দেন আশরাফুল। বাংলাদেশ অধিনায়কও রান আউট এবং তা ফাওয়াদের মাধ্যমে! অফসাইডে ঠেলে প্রায় অসম্ভব এক সিঙ্গেল নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু মাঝপথ থেকে ফিরতে চাইলেও তার ইচ্ছা পূরণ হয়নি। ফাওয়াদের থ্রো ধরে উইকেট ভেঙ্গে দেন আকমল। আউট হওয়ার আগে ২৮ বলে ১৬ রান করেন আশরাফুল। আশরাফুলের বিদায়ের সময় বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১৫৩ রান। সাকিব ও মাহমুদুল্লাহ ৫৯ রানের জুটি গড়লেও আস্কিং রান রেট ক্রমশ লাফিয়ে,লাফিয়ে বাড়ছিল। ২৪ রান করা মাহমুদুল্লাহকে বোল্ড করে জুটিটা ভেঙ্গে দেন ইফতিখার আঞ্জুম। পরের ব্যাটসম্যান ফরহাদ রেজাও (১৩) বেশি দূর যেতে পারেননি। আফ্রিদিকে ডাউন দ্য উইকেট মারতে গিয়ে স্টাম্পড হয়ে যান তিনি। ঐ ওভারে সাকিবও আউট। সেই ওভারেই আফ্রিদিকে প্যাডল স্কুপ করে দুই রান নিয়েছিলেন। কিন্তু ওভারের শেষ বলে একই শট খেলতে গিয়ে তিনি বোল্ড! সাকিবের ৭৩ বলে ৭৫ রানের আক্রমণাত্মক ইনিংসটা গড়ে উঠেছে ৬টি বাউন্ডারিতে। সাকিবের বিদায়ের সময় ৪ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ৫৯ রান। ইফতিখারের করা ইনিংসের ৪৭তম ওভারে মাশরাফি ও ধীমান তুলে নেন ১৯ রান। এর মধ্যে ধীমানের দুটি ও মাশরাফির একটি বাউন্ডারি। ধীমান অবশ্য ভাগ্যবান, আকাশে ক্যাচ তুলে দিয়েও আফ্রিদির ব্যর্থতায় বেঁচে যান তিনি। কিন্তু সোহেল খানের করা পরের ওভারে ৫ রানের বেশি পায়নি বাংলাদেশ। শেষ দুই ওভারে তাই ৩৫ রানের কঠিন লক্ষ্যের সামনে দাঁড়াতে হয় আশরাফুলের দলকে। সোহেল খানের করা ৪৯তম ওভারে একটি ফ্রিহিট পেলেও মাত্র ৫ রান করতে পেরেছে তারা। শেষ ওভারে প্রয়োজন ছিল ৩০ রান। প্রথম বলেই মাশরাফির বাউন্ডারি। কিন্তু পরের ৩ বল ব্যাটেই লাগাতে পারেননি তিনি। আর তাই ২৮৫ রান করে ২৩ রানের হার মানতে হয়েছে বাংলাদেশকে। মাশরাফি ১৫ ও ধীমান ১৮ রানে অপরাজিত থেকেই ফিরেছেন মাঠ থেকে। এর আগে টস জয়ী পাকিস্তানকে তিন শ'র ওপরে নিয়ে গেছেন তাদের দুই ওপেনার সালমান বাট ও কামরান আকমল। শুরুতে দেখেশুনেই খেলছিল পাকিস্তানের উদ্বোধনী জুটি। তবে উইকেটে যতো সময় পার করছিলেন ততোই বাংলাদেশের বোলাররা সহজবোধ্য হয়ে উঠছিলেন সালমান-আকমলের কাছে। সেট হয়ে যাওয়ার পর দু'জনেই অনায়াসে স্ট্রোকও খেলেছেন। তবে মারমুখী ব্যাটিংয়ে আকমলের ধারে-কাছেও ছিলেন না সালমান। ৪২ বলে ফিফটি করা আকমল ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরিতে পৌঁছেছেন মাত্র ৮০ বলে। 'ম্যাজিক ফিগারে' পৌঁছানোর ঠিক পরের বলেই মাহমুদুল্লাহ রিয়াদ বোল্ড করেছেন তাকে। এর আগে বাংলাদেশের বোলাররা পুড়েছেন তার ব্যাটিং তোপে। ১০০ রানের মধ্যে তার ৭০ রানই এসেছে বাউন্ডারি ও ছক্কা (১৬ বাউন্ডারি ও এক ছক্কা) থেকে। তার ব্যাটিং ঝড়ে ২৩.৫ ওভারেই ১৫১ রানের সূচনা পেয়ে যাওয়া পাকিস্তানকে এরপর পথ দেখায় সালমান বাটের পঞ্চম সেঞ্চুরি। ১০৬ বলে সেঞ্চুরিতে পৌঁছানো সালমান শেষপর্যন্ত ১৫ বাউন্ডারিতে ১৩২ রান করে আউট হয়েছেন সপ্তম ব্যাটসম্যান হিসেবে। শেষপর্যন্ত তিনি বলও খেলেছেন রানের চেয়ে কম (১২৭)। তাকে উইকেটের পেছনে ক্যাচ বানানো মাশরাফি বিন মর্তুজাকেই বাংলাদেশের সফলতম বোলার বলতে হচ্ছে। ২ উইকেট নিতে তার খরচ হয়েছে ৪৭ রান। ২ উইকেট নেয়া সাকিব আল হাসান দিয়েছেন ৫০ রান। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন শাহাদাত হোসেন, ফরহাদ রেজা এবং মাহমুদুল্লাহ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/০০১৫ঘ.