২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শোয়েবের পর কানেরিয়া, ইউনিস আর গুলকেও জিজ্ঞাসাবাদ

কথাটা বলে শোয়েব আখতার শুধু নিজে বিপদে পড়েননি, ঝামেলায় ফেলেছেন তার আরো কয়েকজন সতীর্থকেও। আচরণবিধি ভাঙ্গার দায়ে ৫ বছরের জন্য নিষিদ্ধ হওয়ার ঠিক এক দিন পর এক টিভি সাক্ষাতকারে শোয়েব দাবি করেছিলেন অতীতে খারাপ পারফরম্যান্সের জন্য একাধিকবার ঘুষ নেয়ার প্রস্তাব পেয়েছিলেন তিনি। সেই দাবীর ঠিক এক সপ্তাহের মাথায় মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিট (এসিএসইউ) জিজ্ঞাসাবাদ করে তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2008, 04:29 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

করাচি, ৯ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কথাটা বলে শোয়েব আখতার শুধু নিজে বিপদে পড়েননি, ঝামেলায় ফেলেছেন তার আরো কয়েকজন সতীর্থকেও। আচরণবিধি ভাঙ্গার দায়ে ৫ বছরের জন্য নিষিদ্ধ হওয়ার ঠিক এক দিন পর এক টিভি সাক্ষাতকারে শোয়েব দাবি করেছিলেন অতীতে খারাপ পারফরম্যান্সের জন্য একাধিকবার ঘুষ নেয়ার প্রস্তাব পেয়েছিলেন তিনি। সেই দাবীর ঠিক এক সপ্তাহের মাথায় মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিট (এসিএসইউ) জিজ্ঞাসাবাদ করে তাকে। সেখানেই শেষ নয়। বুধবার এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, লাহোরে পাকিস্তানের আরো তিন ক্রিকেটার দানিশ কানেরিয়া, ইউনিস খান আর উমর গুলকেও জিজ্ঞাসাবাদ করেছে এসিএসইউ। কানেরিয়া,ইউনিস আর গুলকে জিজ্ঞাসাবাদের কারণ তাদের কাছ থেকে নির্দিষ্ট একটি তথ্য জেনে নেয়া - এ কথা জানিয়ে বিবৃতিতে দাবি করা হয়," খেলোয়াড়রা তথ্যটি দিয়েছেন বলে এসিএসইউ নিশ্চিত করেছে।" তবে সেই তথ্য শোয়েবের ম্যাচ পাতানো সংক্রান্ত দাবির সঙ্গে সংশ্লিষ্ট কিনা এ বিষয়ে বিবৃতিতে কিছু বলা হয়নি। সেখানে শুধু বলা হয়েছে, " আইসিসির আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগের সূত্র ধরেও তা (জিজ্ঞাসাবাদ) করা হয়নি।" এর আগে এক টেলিভিশন চ্যানেলে করা শোয়েব আখতারের মন্তব্যে সত্যাসত্য যাচাই করতে এসিএসইউর কর্মকর্তা নুরুদ্দিন খাজাকে পাকিস্তানে পাঠায় আইসিসি। নুরুদ্দিন খাজা অবশ্য শোয়েবকে জিজ্ঞাসাবাদ সম্পর্কে কিছু জানাননি। শুধু জানিয়েছিলেন এ ব্যাপারে মন্তব্য করার অধিকার একমাত্র আইসিসি'রই আছে। তবে কয়েকটি সূত্র জানায় একজন তদন্তকারী কর্মকর্তার সহায়তায় শোয়েব ছাড়াও আরো কয়েক জন খেলোয়াড়কে জিজ্ঞাসাবাদ করছেন নুরুদ্দিন খাজা। সূত্রগুলো আরো জানায়, কয়েক দিনের মধ্যেই দুর্নীতি দমন ইউনিটের কাছে রিপোর্ট পেশ করবেন নুরুদ্দিন খাজা। এক টিভি সাক্ষাতকারে শোয়েব বলেছিলেন ভারত ও দক্ষিণ আফ্রিকা সফরে তিনি ঘুষের প্রস্তাব পেয়েছিলেন। একবার টাকাভর্তি ব্যাগ নিয়ে তার ঘরে হাজিরও হয়েছিল এক লোক। কিন্তু সেই লোককে ঘর থেকে বের করে দেন 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'। আইসিসি'র আচরণবিধি অনুযায়ী একজন খেলোয়াড় ম্যাচ পাতানো কিংবা বাজে পারফরম্যান্সের প্রস্তাব পাওয়ার পর দলের অধিনায়ক, ম্যানেজার, বোর্ড বা দুর্নীতি দমন ইউনিটকে জানাতে ব্যর্থ হলে সেই খেলোয়াড় এক থেকে পাঁচ বছর পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এসি/২০২২ঘ.