ঢাকা, ৯ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- সোনারগাঁ ক্রিকেটার্সের কাছে হার দিয়েই রেলিগেশন লিগ শুরু করেছিল তারা। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে ইয়াং পেগাসাসের কাছেও হেরেছে কলাবাগান। আর ৪ উইকেটের এই হার তাদের প্রিমিয়ার ক্রিকেট থেকে নামিয়ে দিয়েছে প্রথম বিভাগে। অবশ্য তাদের সঙ্গে আরো একটা দলও রেলিগেটেড হবে। শুক্রবার সোনারগাঁ ক্রিকেটার্স ও ইয়াং পেগাসাস ম্যাচের পরাজিতরাও আগামী মৌসুমে প্রথম বিভাগে খেলবে।
টস জিতে ব্যাটিংয়ে নামা কলাবাগান এদিন পড়ে জুবায়ের আহমেদের বোলিং তোপের মুখে। ২৭ রানে ৫ উইকেট নিয়ে পেগাসাসের এই বোলারই আসলে শেষ করে দেন প্রতিপক্ষকে। কলাবাগানের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১২৮ রানেই। এই রান তাড়া করতে নেমে অবশ্য ঘাম ঝরাতে হয়েছে পেগাসাসকেও। ইফতেখার নাঈমের অপরাজিত ৪৯ রানে তারা ৪৪ ওভারে ৬ উইকেট খুঁইয়ে জয়ের তীরে পৌছায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯৪০ঘ.
bdnews24