কানপুর, ৯ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উপমহাদেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার টেস্ট পারফরম্যান্স এক কথায় দুর্দান্ত। ২০০০ সালে ভারতকে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করেছিল তারা। গত বছর পাকিস্তান এবং গত মাসে বাংলাদেশ সফরে টেস্ট সিরিজে বিজয়ীও প্রোটিয়ারাই। আর উপমহাদেশে সর্বশেষ দুটো সফরের সাফল্যের জন্যই গ্রায়েম স্মিথের দল এখন অন্য ধরনের এক হ্যাটট্রিকের সামনে। শুক্রবার থেকে কানপুরে শুরু হতে যাওয়া তৃতীয় ও শেষ টেস্ট কোনো রকমে ড্র করতে পারলেই উপমহাদেশে টানা তিনটি টেস্ট সিরিজ জয়ের গৌরবের অধিকারী হবে তারা।
দক্ষিণ আফ্রিকার এই সাফল্যকে দারুণ বিস্ময়করই বলতে হবে। উপমহাদেশের উইকেটগুলো সাধারণত স্পিন এবং ব্যাটিং সহায়ক হয়ে থাকে। সেই সব উইকেটে পেসারদের সাফল্য পাওয়াই কঠিন ব্যাপার। অথচ সেখানেই প্রোটিয়া পেসাররা একের পর এক জয় এনে দিচ্ছেন দলকে। আহমেদাবাদ টেস্টে প্রথম ইনিংসে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে মাত্র ৭৬ রানে গুঁড়িয়ে দিয়ে তারাই দলের ইনিংস জয়ের ভিত গড়ে দিয়েছেন। যে জয়ের সুবাদে দক্ষিণ আফ্রিকা ছাড়াও গ্রায়েম স্মিথ এখন অনন্য এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে। কানপুরেও জয় পেলে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসাবে প্রয়াত হানসি ক্রনিয়ের রেকর্ড ২৭ টেস্ট জয়ে ভাগ বসাবেন তিনি।
জিততে না পারলেই বা ক্ষতি কি! ড্র করলেই তো ট্রফি নিয়ে ঘরে ফিরবে প্রোটিয়ারা। অবশ্য কানপুর টেস্টের আগে স্বাগতিকদের চেয়ে অন্তত মনোবলের দিক দিয়ে তারা অনেকখানি এগিয়ে। কানপুরে দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নেয়ায় টেস্ট বোলিং র্যাংকিংয়ে এখন মুরালিধরনের সঙ্গে যৌথভাবে শীর্ষে ডেল স্টেইন। এই ম্যাচে ৬ উইকেট নেয়া মাখায়া এনটিনিও আছেন দারুণ ফর্মে। আর ব্যাটসম্যানদের ফর্ম তো এক কথায় অতুলনীয়। এবি ডি ভিলিয়ার্সের প্রথম ডাবল সেঞ্চুরি, জ্যাক ক্যালিসের ৩০তম সেঞ্চুরি ছাড়াও 'ম্যাজিক ফিগারে' পৌঁছানোর কৃতিত্ব দেখিয়েছেন হাশিম আমলা ও নিল ম্যাকেঞ্জি। সব মিলিয়ে শেষ টেস্টের আগে প্রোটিয়াদের অনুপ্রেরণার কোনো অভাব নেই।
অন্যদিকে ভারত এ মুহূর্তে ভীষণ চাপের মধ্যে। চেন্নাইতে বীরেন্দর শেবাগের দ্রুততম ট্রিপল সেঞ্চুরির সুবাদে হাওয়ায় উড়তে থাকা 'টিম ইন্ডিয়া'কে পরের ম্যাচেই মাটিতে নামিয়ে এনেছে দক্ষিণ আফ্রিকা। ইনজুরিতে পড়া শচীন টেন্ডুলকার কানপুরেও খেলতে পারছেন না। বৃহস্পতিবার অর্থাৎ ম্যাচের আগের দিন অধিনায়ক অনিল কুম্বলে ও প্রতিশ্র"তিশীল পেসার ইশান্ত শর্মাকে ফিটনেসের পরীক্ষা দিতে হবে। স্বাগতিকদের আরো চাপে ফেলে দেয়ার জন্যই বোধহয় হাতে কলম তুলে নিয়েছেন মিকি আর্থার। দ্বিতীয় টেস্টের পর একটি পত্রিকার কলামে দক্ষিণ আফ্রিকার কোচ লিখেছেন, "স্বাগতিকদের জন্য একটা হুঁশিয়ারি জানাতে চাই আমি। এক জন ভারতীয় ব্যাটসম্যান হলে আমি কখনোই প্রস্তুতিবিহীন উইকেটে ঘন্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করতে সক্ষম দু জন বোলারের মুখোমুখি হতে চাইতাম না।"
'প্রস্তুতিবিহীন' অর্থাৎ কানপুরের গ্রিন পার্কের উইকেট সম্পর্কে আর্থারের মন্তব্য। এ ধরনের উইকেটে স্টেইন-এনটিনিরা আবারো জ্বলে উঠলে ভারতের ব্যাটসম্যানদের বিপদে পড়ার সম্ভাবনাই বেশি!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৫০৫ঘ.
bdnews24