নয়া দিল্লি, ৮ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লাগাতার ক্রিকেট আর ক্রিকেট - এই একঘেয়েমি থেকে একটু নিস্তার পাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। মহেন্দ্র সিং ধোনিদের এ সুযোগ দিতে জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় একটি ওয়ানডে সিরিজ স্থগিত ঘোষণা করেছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তিন ম্যাচের এ সিরিজটি আগামী জুনে হওয়ার কথা।
মঙ্গলবার এ সিদ্ধান্ত জানানোর সময় অবশ্য ভবিষ্যতে কোনো এক সময়ে এই সিরিজের জন্য দল পাঠানোর আশ্বাসও দিয়েছেন বিসিসিআই সেক্রেটারি নিরঞ্জণ শাহ, " আইপিএল-এর পর অথব অন্য কোনো সময় যাতে সিরিজটি হয় আমরা সে চেষ্টা করবো। এটা তো ছোট্ট একটা ব্যাপার।"
আগামী কয়েকটা মাস ভারত যে সিরিজগুলো খেলবে তার তুলনায় জিম্বাবুয়ে সিরিজ আসলেই ছোট্ট ব্যাপার। এ মুহুর্তে দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট সিরিজ খেলছে ভারত। এ সিরিজ শেষ হলে ১৮ এপ্রিল থেকে শুরু হবে টোয়েন্টি টোয়েন্টি ত্রিকেটের সবচেয়ে সাড়া জাগানো টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ভারত তো বটেই, টেস্ট খেলুড়ে সব দেশের বড় বড় তারকা ক্রিকেটাররাই অংশ নেবেন এ টুর্নামেন্টে। টুর্নামেন্ট চলবে ৪৪ দিন। আইপিএল-এর পর ৮ থেকে ১৪ জুন বাংলাদেশে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নেবে ভারত। পাকিস্তানও খেলবে সেখানে। ত্রিদেশীয় ওই সিরিজের পর ২৪ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত পাকিস্তানে বসবে এশিয়া কাপ ক্রিকেটের আসর। ভারত না থাকলে এশিয়া কাপ জমে?
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/ ২০৫৯ ঘ.
bdnews24