লাহোর, ৮ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের ইনিংসে উত্থান আর পতন দুটোই ছিল। যে কারণে ৩৮ রানে ২ উইকেট হারানোর পরও তারা ৫ উইকেটে পৌছেছে ৩২২ রানে। আর এই রান তাড়া করতে নেমে বাংলাদেশের ইনিংস যেন শুধু পতনের চিত্রনাট্য মেনেই এগিয়েছে। ৯২ রানে নবম উইকেট হারানোর পরও একশোর নীচে অলআউট হওয়ার লজ্জা এড়ানো গেছে বটে। তবে তাতে ১২৯ রানে অলআউট বাংলাদেশের ব্যাটিং লজ্জা ঢাকেনি। হারটা ১৯৩ রানের না হয়ে ১৫২ রানে হওয়ার কারণ গাদ্দাফি স্টেডিয়ামের ফ্লাডলাইট জটিলতা, বিগড়ে যাওয়ায় খেলা বন্ধ থেকেছে দুবার। এরপর বাংলাদেশের টার্গেট পুনঃনির্ধারিত হয় ৩৯ ওভারে ২৮২ রান।
আয়ারল্যান্ড সিরিজের ব্যাটিং সাফল্য পাকিস্তানেও ধরে রাখার কথা বলে গেলেও লাহোরে দেখা গেছে পুরো উল্টোচিত্র। শুরুর ধাক্কার পর কিভাবে বড় ইনিংস গড়তে হয়, মোহাম্মদ আশরাফুলদের জন্য এই ম্যাচেই তার উদাহরণ পাকিস্তানি ব্যাটসম্যানরা। কিন্তু নিজেদের পুরনো রোগ উইকেট ছুঁড়ে দিয়ে আসার প্রতিযোগীতাতেই যেন মাতলেন তারা। ফ্লাডলাইট সমস্যার সমাধানের পর রাও ইফতিখারের অফস্টাম্পের ওপরের বল পুল করতে গিয়ে বোল্ড হন বাংলাদেশ অধিনায়ক (৯)। এক বল পর উইকেটের পেছনে ক্যাচ দিয়ে যান সাকিব আল হাসান (০)। পরের ওভারে মাহমুদুল্লাহ রিয়াদ রানআউট। সেখানেই বাংলাদেশের বড় হারের পথ প্রশস্ত হয়ে যায়।
সোহেল তানভীরকে ফ্লিক করে বাউন্ডারি মারার পরের বলেই আবার চালিয়ে খেলার লোভ সামলাতে পারেননি তামিম ইকবাল। ফলাফল, তার বোল্ড হওয়ার মাধ্যমে বাংলাদেশের শুরুর ধাক্কা। যা একই বোলারের ছেড়ে দিলে ওয়াইড হয়, এমন ডেলিভারি তাড়া করে আরো বাড়িয়ে গেছেন শাহরিয়ার নাফীস (২৪)। সোহেলের বলে উইকেট ছেড়ে বেরিয়ে লফটেড শট খেলতে যাওয়া আফতাবের (১৪) ব্যাটের বাইরের কানা নিয়ে চলে যায় উইকেটকিপারের কাছে।
এর আগে পাকিস্তানের পুরো ইনিংসে দুরকম চিত্র। ২০ ওভার পর্যন্ত ম্যাচটা যেন বাংলাদেশের। তারপর? বোলারদের নাস্তানাবুদ হওয়ার পালা। শোয়েব মালিকের ঝড়ো ফিফটি, মোহাম্মদ ইউসুফের অভিজ্ঞতায় শানানো পঞ্চদশ ওয়ানডে সেঞ্চুরি এবং মিসবাহ-উল, আফ্রিদির স্বভাবসুলভ ব্যাটিংয়ের যোগফলে ৫০ ওভারে ৫ উইকেটে ৩২২। রানের বড় সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান।
২০ ওভারের মধ্যে ৭০ রানে ৩ উইকেট হারিয়ে বেশ বেকায়দায় পড়েছিল পাকিস্তান। কিন্তু মোহাম্মদ ইউসুফের সঙ্গে যোগ দিয়েই সে অবস্থা সামলে দেন শোয়েব মালিক। সিঙ্গেল-ডাবলসের ওপর স্কোরবোর্ড সচল রাখার পাশাপাশি সুযোগ পেলেই বল সীমানার বাইরে পাঠিয়ে বোলারদের একরকম ব্যতিব্যস্তই করে তুলেছিলেন পাকিস্তান অধিনায়ক। মাত্র ৪৫ বলে ২৭তম ফিফটি হয়ে যায় তার। এক পর্যায়ে ইউসুফও খোলস ছেড়ে বের হওয়ায় রান উঠছিল ঝড়ের বেগে। চতুর্থ উইকেটে রেকর্ড ১৪৫ রান ওঠে মাত্র ১২৭ বলে। বোলারদের কাছে মূর্তিমান আতঙ্ক হয়ে ওঠা শোয়েব মালিক ৭টি চারের সহায়তায় ৭৫ বলে ৮৫ রান করার পর শাহরিয়ার নাফীসকে ক্যাচ দেন সাকিব আল হাসানের বলে। ততক্ষণে অবশ্য চতুর্থ উইকেট জুটিতে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ১৪৫ রান পেয়ে বেশ স্বস্তির জায়গায় পৌঁছে গেছে পাকিস্তান।
সেখান থেকে ইউসুফ, মিসবাহ, আফ্রিদিদের কাজ ছিল বাকি সময়ে যত বেশি সম্ভব রান তোলা। দলের সেই চাহিদা তারা পূরণ করেছেনে হেসে-খেলে। তা করতে গিয়ে ৩২ বলে একটি চার আর ২টি ছক্কায় ৩৮ রান করা মিসবাহ-উলকেই শুধু আত্মাহুতি দিতে হয়েছে ধীমান ঘোষের চতুর্থ ক্যাচে মাশরাফির দ্বিতীয় শিকার হয়ে। ইউসুফ ১০৩ বলে ১০৮ আর আফ্রিদি ১৩ বলে দুটি চার আর দুটি ছক্কায় ২৭ রান করে অপরাজিত ছিলেন।
সর্বনাশ অনেকটা হয়ে যাওয়ার পরও মিসবাউলকে আউট করার সাফল্য কিন্তু মাশরাফি আর ধীমানকে এনে দিয়েছে রেকর্ডবুকে নাম লেখানোর সুযোগ। এর ফলে মোহাম্মদ রফিকের পর বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে ওয়ানডেতে একশ উইকেট পেয়েছেন মাশরাফি। তাকে উইকেটের সেঞ্চুরি করিয়ে ধীমান ঘোষ হয়ে গেছেন এক ওয়ানডেতে সর্বোচ্চ চারটি ক্যাচ নেয়া দ্বিতীয় বাংলাদেশী উইকেটকিপার। আগের নজিরটি মুশফিকুর রহিমের। ক্যাচে রেকর্ড ছুঁলেও ডিসমিসালের হিসেবে কিন্তু খালেদ মাসুদের চেয়ে পিছিয়েই আছেন ধীমান। ওয়ানডেতে মাসুদের এক ম্যাচে তিন ক্যাচ ও দুটি স্টাম্পিংসহ ৫টি ডিসমিসালেরও রেকর্ড আছে।
এ ম্যাচে বাংলাদেশের শুরুটাই হয়েছিল হতাশা দিয়ে। তৃতীয় ওভারে মাশরাফি বিন মতুর্জার বল গ্লাইড করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন সালমান বাট। কিন্তু সহজ ক্যাচটা ধরতে পারেননি ধীমান ঘোষ। তবে সেই ক্ষতি ভালোভাবেই পুষিয়ে দিয়েছেন বাংলাদেশের উইকেটকিপার।
তৃতীয় ওভারে সালমান বাটের ক্যাচ ফেলার হতাশা ভোলাতে খুব বেশি সময় নেননি ধীমান। ফরহাদ রেজার করা অষ্টম ওভারের দ্বিতীয় বলেই ক্যাচ নিয়ে ফিরিয়ে দেন অন্য ওপেনার নাসির জামশেদকে (২০)। এরপর মাশরাফিও উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন ইউনিস খানকে (১)। ৩৭ রানে প্রথম উইকেট হারানো পাকিস্তানের স্কোর হয়ে যায় ২ উইকেটে ৩৮। ইউসুফের সঙ্গে ৩২ রানের জুটি গড়ে বিপর্যয় অনেকটা সামলে নিয়েছিলেন সালমান বাট (৩৩)। তাকেও আর বিপদজনক হতে দেননি ফরহাদ। তার বলে বাঁ প্রান্তে ঝাঁপিয়ে পড়ে অসাধারণ এক ক্যাচ নিয়েছেন ধীমান।
এর আগে টস হেরে যাওয়ায় গাদ্দাফি স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে আগে ব্যাট করার কথা ভাবতেও পারেননি মোহাম্মদ আশরাফুল। মুদ্রাভাগ্যে জয়ী হয়ে সেই সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক শোয়েব মালিক। এ ম্যাচে বাংলাদেশ দলে একজনই স্পেশালিস্ট পেসার --- মাশরাফি বিন মর্তুজা। আয়ারল্যান্ডের সঙ্গে শেষ ওয়ানডের দলটাই ধরে রেখেছে বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এসি/এমপি/২৩৪০ ঘ.
bdnews24