২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সারওয়ানের সেঞ্চুরিতে সিরিজ বাঁচালো ওয়েস্ট ইন্ডিজ

প্রায় দু বছর পর টেস্টে সেঞ্চুৃরির দেখা পেয়েছেন রামনরেশ সারওয়ান। আর তার সেঞ্চুরিই ওয়েস্ট ইন্ডিজকে বাঁচিয়েছে সিরিজ পরাজয়ের হাত থেকে। পোর্ট অব স্পেনে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2008, 04:34 PM

Updated : 26 Aug 2022, 01:40 PM

পোর্ট অব স্পেন, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রায় দু বছর পর টেস্টে সেঞ্চুৃরির দেখা পেয়েছেন রামনরেশ সারওয়ান। আর তার সেঞ্চুরিই ওয়েস্ট ইন্ডিজকে বাঁচিয়েছে সিরিজ পরাজয়ের হাত থেকে। পোর্ট অব স্পেনে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। রোববার ম্যাচের চতুর্থ দিনে পাওয়া এই জয়ে টানা সাতটি হারার পর এই প্রথম সিরিজ ড্র করে নিজেদের মাঠে শ্রীলঙ্কার কাছে প্রথম সিরিজ হারের লজ্জাও এড়ালো তারা। দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে জিতেছিল শ্রীলঙ্কা। ফলে সিরিজ শেষ হলো ১-১ সমতায়। জয়ের জন্য ২৫৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ৭৩ রানে ৩ উইকেট হারিয়ে এক সময় বিপদেই পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু চতুর্থ উইকেটে ১৫৭ রানের জুটি গড়ে সেই বিপর্যয় খুব সহজেই সামাল দেন সারওয়ান আর শিবনারায়ন চন্দরপল। সারওয়ান ১০২ রান করে আউট হলেও চন্দরপল শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৮৬ রানে। ২০০৬ সালে ভারতের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরির দেখা পাওয়া সারওয়ানের জন্য সিরিজটাই কেটেছে দারুণ। তাই ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি করে ম্যাচসেরা তো হয়েছেনই, সঙ্গে জিতে নিয়েছেন সিরিজ সেরার পুরস্কারটাও। ম্যাচশেষে হারের জন্য ব্যাটসম্যানদেরই দুষেছেন শ্রীলঙ্কার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে, যদিও সারওয়ান-চন্দরপলের ব্যাটিং এ ইনিংসে ভাস-মুরালিধরনের বোলিংকেও খুব অসাধারণ কিছু মনে হতে দেয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/এসি/ ১২৩৬ ঘ.