২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় দিন শেষেই প্রায় ম্যাচের বাইরে ভারত

স্টেইন, এনটিনিদের দাপটে প্রথম দিনেই কোণঠাসা হয়ে পড়েছিল ভারত। ৭৬ রানে অল আউট হওয়ার পর ম্যাচ জেতার আশা খোদ অনিল কুম্বলেও করতে পেরেছেন কিনা কে জানে! তখন পেরে থাকলেও শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিন শেষে নির্ঘাত তা আর পারবেন না। এবি ডিভিলিয়ার্সের ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি আর জ্যাক ক্যালিসের ৩০তম সেঞ্চুরি জয় একরকম নিশ্চিতই করে দিয়েছে দক্ষিণ আফ্রিকার। দিন শেষে তাদের স্কোর ৭ উইকেটে ৪৯৪।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2008, 05:12 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

আহমেদাবাদ, ৪ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্টেইন, এনটিনিদের দাপটে প্রথম দিনেই কোণঠাসা হয়ে পড়েছিল ভারত। ৭৬ রানে অল আউট হওয়ার পর ম্যাচ জেতার আশা খোদ অনিল কুম্বলেও করতে পেরেছেন কিনা কে জানে! তখন পেরে থাকলেও শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিন শেষে নির্ঘাত তা আর পারবেন না। এবি ডিভিলিয়ার্সের ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি আর জ্যাক ক্যালিসের ৩০তম সেঞ্চুরি জয় একরকম নিশ্চিতই করে দিয়েছে দক্ষিণ আফ্রিকার। দিন শেষে তাদের স্কোর ৭ উইকেটে ৪৯৪। এরই মাঝে ৪১৮ রানে পিছিয়ে পড়া ভারত হার এড়াতে পারে কিনা আপাতত সেটাই দেখার। দ্বিতীয় দিনটা যেভাবে শেষ হয়েছে তাতে ম্যাচ ড্র করার ক্ষীণ একটা আশার আলো দেখেও থাকতে পারেন ভারত-সমর্থকেরা। অবশ্য সেই সম্ভাবনাও পুরোপুরি 'যদি-নির্ভর'। শুক্রবার বৃষ্টির জন্য আগেভাগেই শেষ হয়েছে খেলা। আবহাওয়ার বৈরিতা আরো দীর্ঘস্থায়ী হলে ড্র সম্ভব-এ কথা কেউ কেউ ভাবতেই পারেন! টস হেরেও আগে ফিল্ডিং করা যদি সৌভাগ্য হয়ে থাকে তাহলে শেষ বিকেলে দুর্ভাগ্যের ছোট্ট একটা আলামতও হয়তো দেখে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। জ্যাক ক্যালিস (১৩২) ৩০তম সেঞ্চুরি করে আউট হয়ে গেলেও নিজের পঞ্চম সেঞ্চুরিটাকে ডাবল সেঞ্চুরিতে (২১৭*) পরিণত করে নিশ্চিন্তেই এগোচ্ছিলেন এবি ডি ভিলিয়ার্স। মাত্র ১৩ রানের মধ্যে বাউচার (২১) ও মর্নে মরকেলকে (১) হারানোর ধাক্কা সামলানোর কাজে তাকে ভালোই সঙ্গ দিচ্ছিলেন পল হ্যারিস (৯*)। দিনের খেলা শেষ হতে তখনো ঘন্টাখানেক বাকি। সে অবস্থাতেই নামে বৃষ্টি। প্রথম দিনের ৪ উইকেটে ২২৩ রান নিয়ে শুরু করে সকালটা কোনো উইকেট না হারিয়েই পার করে দেয় ক্যালিস-ডি ভিলিয়ার্স জুটি। আগের দিন শ্রীশান্তের বলে নিশ্চিত এলবিডব্লু থেকে বেঁচে যাওয়া ক্যালিস না পারলেও ডি ভিলিয়ার্স কিন্তু মধ্যাহ্ন বিরতির আগেই পৌঁছে যান সেঞ্চুরিতে। সৌরভ গাঙ্গুলীকে প্যাডেল শটে একাদশ চার মেরে ১৭৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ডি ভিলিয়ার্স। ম্যাজিক ফিগারে পৌঁছাতে ক্যালিসও বেছে নেন সৌরভকেই। মধ্যাহ্ন বিরতির পর দ্বিতীয় ওভারে সৌরভের বলে কভার ড্রাইভে চার এবং তাতেই ক্যারিয়ারে ৩০তম বারের মতো তিন অঙ্কের স্কোর পেয়ে যান ক্যালিস। ২২৮ বলে করা তার এ সেঞ্চুরিতে ছিল ১২ টি চার, ১টি ছক্কার মার। এই দুজনের পঞ্চম উইকেট জুটিতে ওঠে ২৫৬ রান, যা কিনা ভারতের বিপক্ষে যে কোনো উইকেটে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ রানের রেকর্ড। নতুন রেকর্ড গড়া এ জুটি চা বিরতির আগেই বড় লিড নিশ্চিত করে দেয়। ক্যালিস অবশ্য শ্রীশান্তের বলে তার আগেই 'প্লেইড অন' হয়ে যান। চা বিরতির পর ডি ভিলিয়ার্সের সঙ্গে ৬৬ রানের জুটি গড়ে ভারতীয়দের হতাশা বাড়াচ্ছিলেন বাউচার। কিন্তু কুম্বলের নিচু হয়ে আসা বল ব্যাক ফুটে খেলতে গিয়ে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ডিসমিসালের মালিক এই উইকেটকিপার-ব্যাটসম্যানও আঙ্গুল তোলার সুযোগ করে দেন বিলি ডকট্রোভকে। এরপর ৫ ওভারের মধ্যে মরকেলকে এলবিডব্লুর ফাঁদে ফেলে হরভজন মৃদু হাসি ফুটিয়েছিলেন অনিল কুম্বলের ঠোঁটে। অবিচ্ছিন্ন অষ্টম উইকেটে ৪২ রান তুলে ৩২০ বলে ডাবল সেঞ্চুরি করা ডি ভিলিয়ার্স সেই হাসি মুছে দেন। তবে বৃষ্টি সে হাসি আবার ফিরিয়ে দিয়েছে। ম্যাচ থেকে প্রায় ছিটকে পড়া ভারতের সামনে তো এখন শুধু দুটো পথ খোলা। এক, পরাজয়। দুই, ড্র। যদিও তিন দিন বাকি, তারপরও আবহাওয়া বেশি বৈরি হলে দ্বিতীয় সম্ভাবনাটা উজ্জ্বল হতেই পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/এমএম/১৮৫২ ঘ.