২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানহানির অভিযোগে শোয়েবকে পিসিবি চেয়ারম্যানের উকিল নোটিশ

নিষেধাজ্ঞার বিরুদ্ধে সোচ্চার হয়ে বিপদই ডেকে আনলেন শোয়েব আখতার। বুধবার পাকিস্তানের জিও টিভিকে দেয়া সাক্ষাতকারে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য পিসিবিকে একহাত নিয়েছিলেন শোয়েব। তারই এক ফাঁকে পিসিবি চেয়ারম্যানের বিরুদ্ধেতার কাছে চাঁদা চাওয়ার অভিযোগও তুলেছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2008, 05:43 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

করাচি, ৩ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিষেধাজ্ঞার বিরুদ্ধে সোচ্চার হয়ে বিপদই ডেকে আনলেন শোয়েব আখতার। বুধবার পাকিস্তানের জিও টিভিকে দেয়া সাক্ষাতকারে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য পিসিবিকে একহাত নিয়েছিলেন শোয়েব। তারই এক ফাঁকে পিসিবি চেয়ারম্যানের বিরুদ্ধেতার কাছে চাঁদা চাওয়ার অভিযোগও তুলেছিলেন। ফল যা হওয়ার তা-ই হয়েছে। মানহানির অভিযোগে ২০ কোটি রুপির ক্ষতিপূরণ চেয়ে তাকে উকিল নোটিশ পাঠিয়েছেন পিসিবি চেয়ারম্যান নাসিম আশরাফ। জিও টিভিকে শোয়েব নাকি বলেছেন, আইপিএল-এ খেলার অনুমতি দিতে তার কাছে টাকা চেয়েছিলেন নাসিম আশরাফ। টাকা দেননি বলেই নাকি শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এবং পাঁচ বছরের এই নিষেধাজ্ঞা! পাশাপাশি শোয়েব পাকিস্তান দলের অন্য ক্রিকেটারদের কাছেও আশরাফ টাকা চেয়েছেন বলে অভিযোগ করেন। উকিল নোটিশে শোয়েবের তোলা কথিত অভিযোগ অস্বীকার করেছেন নাসিম আশরাফ। পাশাপাশি উকিল মারফত এ-ও পরিস্কার জানিয়েছেন, অবিলম্বে নিঃশর্ত ক্ষমা চেয়ে ক্ষতিপূরণের টাকা পরিশোধ না করলে শোয়েবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবেন তিনি। নোটিশে সমস্ত অভিযোগ পুরোপুরি অস্বীকার করে পিসিবি চেয়ারম্যান বলেছেন," এসব (শোয়েবের কার্যকলাপ) পাকিস্তান ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। সত্যকে আলোয় আনার জন্যই এ নোটিশ পাঠানো হয়েছে।" নিষেধাজ্ঞা আরোপটা যে ব্যক্তি শোয়েবের বিরুদ্ধে বিদ্বেষপ্রসূত নয় সেটা বুঝিয়েছেন তিনি এভাবে,"অনেক আলোচনার পর ওর (শোয়েব) ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রথমে বোর্ডের ১৫ সদস্যের পরিচালনা পরিষদ এবং তারপর শৃঙ্খলা কমিটি সিদ্ধান্ত নেয় অনেক হয়েছে, শৃঙ্খলার প্রশ্নে আর কোনো আপোষ নয়।" এদিকে শোয়েব আখতারও বসে নেই। আগের ঘোষণা অনুযায়ী নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করছেন। এ জন্য বৃহস্পতিবার লাহোরে তার আইনজীবীর সঙ্গে কথা বলে জানিয়েছেন, শুক্রবারই আপিল করবেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/এমএম/২১৫৫ঘ.