২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না টেন্ডুলকার, ডাক পেলেন কাইফ

আশঙ্কা জেগেছিল চেন্নাই টেস্টের শেষ দিনেই। কুঁচকির চোটের জন্য সেদিন মাঠেই নামতে পারেননি শচীন টেন্ডুলকার। সোমবার জানা গেল, চোট আসলেই খুব তাড়াতাড়ি সারার নয় আর সে কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টেও তার পক্ষে মাঠে নামা অসম্ভব। তাই আহমেদাবাদে অনুষ্ঠেয় ম্যাচের ভারতীয় দলে টেন্ডুলকারের জায়গায় নেয়া হয়েছে মোহাম্মদ কাইফকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2008, 04:10 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

চেন্নাই, ৩১ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আশঙ্কা জেগেছিল চেন্নাই টেস্টের শেষ দিনেই। কুঁচকির চোটের জন্য সেদিন মাঠেই নামতে পারেননি শচীন টেন্ডুলকার। সোমবার জানা গেল, চোট আসলেই খুব তাড়াতাড়ি সারার নয় আর সে কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টেও তার পক্ষে মাঠে নামা অসম্ভব। তাই আহমেদাবাদে অনুষ্ঠেয় ম্যাচের ভারতীয় দলে টেন্ডুলকারের জায়গায় নেয়া হয়েছে মোহাম্মদ কাইফকে। এমন যে হতে পারে এ আশঙ্কা সিবি সিরিজ ফাইনাল শেষেই প্রকাশ করেছিলেন ভারতের ফিজিও জন গ্লস্টার। টেন্ডুলকারের ফিটনেস রিপোর্টে গ্লস্টার বলেছিলেন, 'লিটল জিনিয়াস'-এর চোটটা ভাবনায় ফেলার মতো, গুরুত্ব না দিলে এটা স্থায়ী সমস্যার রূপ নিতে পারে। তারপর দু সপ্তাহের বিশ্রামের পরামর্শ দেয়া হয়েছিল টেন্ডুলকারকে। কিন্তু বিশ্রাম যে আরো দরকার তা বোঝাতেই বুঝি চেন্নাই টেস্ট শুরুর দিন থেকেই ফিরে আসে কুঁচকির সমস্যা। সেজন্য ম্যাচের প্রথম, দ্বিতীয় ও চতুর্থ দিনের কিছু সময় আর পঞ্চম দিনের পুরোটাই মাঠের বাইরে কাটাতে হয় টেস্ট ও ওয়ানডের সবচেয়ে বেশি সেঞ্চুরিসহ অনেক রেকর্ডের মালিককে। টেন্ডুলকার দ্বিতীয় টেস্টে থাকছেন না এটা নিশ্চিত হলেও তার জায়গায় মোহাম্মদ কাইফ সুযোগ পাবেনই তা কিন্তু এখনো বলা যাচ্ছে না। বরং আহমেদাবাদে যুবরাজ সিংয়ের সুযোগ পাওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে আরো কিছুদিন অপেক্ষায় থাকতে হবে ২০০৬-এর ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকে টেস্ট দলের বাইরে থাকা এই ডানহাতি ব্যাটসম্যানকে। এ বছর ভারতে প্রথম শ্রেণীর ক্রিকেটে উত্তর প্রদেশ ও মধ্যাঞ্চলের হয়ে এ পর্যন্ত ৫৮.৪১ গড়ে ৯৯৩ রান করেছেন মোহাম্মদ কাইফ। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৫০২ ঘ.