মুম্বাই, ৩১ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- "না" বলে দিয়েছেন ইমতিয়াজ প্যাটেল। তার মানে, ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা'কে (আইসিসি) পরবর্তী প্রধান নির্বাহী খোঁজার কাজ শুরু করতে হবে নতুন করে। মাত্র দু সপ্তাহ আগে (১৭ মার্চ) এ দায়িত্বে ম্যালকম স্পিডের উত্তরসূরী হিসেবে ঘোষণা করা হয় ইমতিয়াজ প্যাটেলের নাম। অথচ সোমবার আইসিসি জানিয়েছে, দায়িত্ব নিতে রাজি নন দক্ষিণ আফ্রিকার খেলাধুলা বিষয়ক টিভি চ্যানেল সুপারস্পোর্টস-এর প্রধান নির্বাহী ইমতিয়াজ।
সাত বছর ধরে আইসিসি'র প্রধান নির্বাহীর দায়িত্বে আছেন অস্ট্রেলিয়ার ম্যালকম স্পিড। আগামী জুলাইয়ে তার দায়িত্ব ছাড়ার কথা। সেই শূণ্যতা পূরণ করার কথা ইমতিয়াজ প্যাটেলের। কিন্তু সোমবার এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, এ দায়িত্ব নেয়ায় তার অনাগ্রহের কথা জানিয়ে দিয়েছেন ইমতিয়াজ, "আইসিসির ডিরেক্টর-ইলেক্ট ডেভিড মর্গানের সঙ্গে ফোনালাপে কথাটি উল্লেখ করেছেন মি. প্যাটেল।"
এদিকে আরেক বিবৃতিতে মর্গান জানিয়েছেন, শিগগিরই নতুন প্রধান নির্বাহী খোঁজা শুরু করা হবে এবং নিশ্চিতভাবেই ইমতিয়াজের চেয়ে কোনো দিক থেকে অযোগ্য কাউকে বেছে নেয়া হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৬৫৫ ঘ.
bdnews24