২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইডবটমের বোলিংয়ে বদলে গেল দৃশ্যপট

মধ্যাহ্ন বিরতির সময় নিউজিল্যান্ডের স্কোর এক উইকেটে ৯৩ রান। ব্যাট করছেন জেমি হাও এবং জীবনের শেষ টেস্ট খেলতে নামা স্টিভেন ফ্লেমিং। স্বাগতিকরা তখন বেশ স্বস্তিতে। কিন্তু মধ্যাহ্ন বিরতির পর ভোজবাজির মতো পাল্টে গেল দৃশ্যপট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2008, 04:02 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

নেপিয়ার, নিউজিল্যান্ড, ২৩ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মধ্যাহ্ন বিরতির সময় নিউজিল্যান্ডের স্কোর এক উইকেটে ৯৩ রান। ব্যাট করছেন জেমি হাও এবং জীবনের শেষ টেস্ট খেলতে নামা স্টিভেন ফ্লেমিং। স্বাগতিকরা তখন বেশ স্বস্তিতে। কিন্তু মধ্যাহ্ন বিরতির পর ভোজবাজির মতো পাল্টে গেল দৃশ্যপট। একের পর এক উইকেট হারিয়ে নিউজিল্যান্ড ১৬৮ রানেই অলআউট! শনিবার সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে কিউইদের এমন দুরবস্থার কারণ রায়ান সাইডবটমের ক্যারিয়ার সেরা বোলিং। এই বাঁহাতি পেসারের ৭ উইকেট শিকারই নেপিয়ার টেস্টের প্রথম ইনিংসে ৮৫ রানের লিড এনে দিয়েছে ইংল্যান্ডকে। দিনশেষে দ্বিতীয় ইনিংসে ইংলিশদের সংগ্রহ ২ উইকেটে ৯১ রান। সব মিলিয়ে তারা এগিয়ে ১৭৬ রানে। ৭ উইকেটে ২৪০ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ইংল্যান্ড প্রথম ইনিংসে খুব বেশি দূরে যেতে পারেনি। আর ১৩ রান যোগ করে অলআউট হয়ে গেছে তারা। ৩ উইকেটের দুটোই অভিষিক্ত পেসার টিম সাউদির। ৫৫ রানের বিনিময়ে ৫ উইকেট পাওয়া সাউদির অভিষেকটা হয়েছে স্বপ্নের মতো। কিন্তু দিনশেষে তার কৃতিত্ব ঢাকা পড়ে গেছে সাইডবটমের নৈপুণ্যের কাছে। শুরুতে সাইডবটম ইয়ান বেলকে ফেরালেও ফ্লেমিং-হাওয়ের ১০২ রানের জুটি বড় স্কোরের স্বপ্নই দেখাচ্ছিল কিউইদের। তবে মধ্যাহ্ন বিরতির পর রুদ্রমূর্তি ধারণ করেন সাইডবটম, একে একে ফিরিয়ে দেন হাও (৪৪), ফ্লেমিং (৫৯), ম্যাথু সিনক্লেয়ার (৭), গ্র্যান্ট এলিয়ট (৬), ব্রেন্ডন ম্যাককালাম (৯) ও প্রতিপক্ষ অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরিকে (১৪)। এর মধ্যে দ্বিতীয় সেশনে টানা ১৩ ওভার বল করে ৩৩ রানে নিয়েছেন ৫ উইকেট। বোলিং ফিগারটাও এক কথায় দুর্দান্ত (২১.৪-৬-৪৭-৭)। এই অসাধারণ পারফরম্যান্স দারুণ এক অর্জনও এনে দিয়েছে প্রথম টেস্টে হ্যাটট্রিকসহ ১০ উইকেট নেয়া সাইডবটমকে। ২৩ উইকেট নিয়ে তিনিই এখন নিউজিল্যান্ড সফরে ইংল্যান্ডের কোনো টেস্ট সিরিজের সফলতম বোলার। ১৯টি করে উইকেট নিয়ে এত দিন রেকর্ডটা যৌথভাবে ছিল ড্যারেন গফ (১৯৯৬-৯৭) ও অ্যান্ড্রু ক্যাডিকের (২০০১-০২) দখলে। সাইডবটমের সঙ্গে স্টুয়ার্ট ব্রডও (৩/৫৪) জ্বলে ওঠায় প্রথম ইনিংসে বেশ বড় লিড পেয়েছে ইংল্যান্ড। সফরকারীদের দ্বিতীয় ইনিংসের শুরুটা অবশ্য ভালো হয়নি। মাইকেল ভন ৪ রান করেই ক্রিস মার্টিনের বলে ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। দলীয় ৫ রানে অধিনায়ককে হারানোর পর অ্যালিস্টার কুক ও অ্যান্ড্রু স্ট্রাউস ৭২ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠতে সাহায্য করেছেন দলকে। কুককে (৩৭) কট বিহাইন্ড করে জুটিটা ভেঙ্গেছেন অফস্পিনার জিতান প্যাটেল। দিনশেষে স্ট্রাউস ৪২ রানে অপরাজিত। ৭ রান নিয়ে তার সঙ্গী প্রথম ইনিংসে দারুণ এক সেঞ্চুরি করা কেভিন পিটারসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৭৪৫ঘ.