ঢাকা, ২২ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- পরিসংখ্যানের পাতার অনেক কিছুই বদলে দিতে পারতো এই ম্যাচ। তবে তা না হলেও শনিবার আয়ারল্যান্ড সিরিজের শেষ ম্যাচে এসে দেখা মিলেছে দারুণ এক সেঞ্চুরির। তামিম ইকবালের সেঞ্চুরিতে বাংলাদেশের ২৯৩ তাড়া করতে নামা আইরিশরা ২৭ বল বাকি থাকতেই ২১৪ রানে অলআউট। ৭৯ রানের জয় দিয়ে প্রত্যাশামতো হোয়াইটওয়াশের আনন্দে তাই একটুও প্রভাব ফেলতে পারেনি পরিসংখ্যানগত কোনো অপ্রাপ্তি। মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম থেকে সে কথাই জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ।
আর ৯ রান বেশি হলে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ দলীয় স্কোর হয়ে যেত বাংলাদেশের। ৬ রান বেশি করলে সাকিব আল হাসানকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মালিকও হয়ে যেতে পারতেন তামিম ইকবাল। আরো ১২ রান করতে পারলে শনিবারই হাবিবুল বাশারকে টপকে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করা বাংলাদেশী ব্যাটসম্যান হয়ে যেতেন মোহাম্মদ আশরাফুল। সে সব হয়নি। তবে পাওয়ার হিসাব কষতে গেলে এই ম্যাচ থেকে পাকিস্তান সফরের আগে স্বস্তির অনেক উপাদানই পাওয়া যাচ্ছে।
দ্বিতীয় ওয়ানডেতে ৯৪ রানের পর এদিন ওপেনিংয়ে বহুদিন পর বাংলাদেশকে সেঞ্চুরি পার্টনারশিপ উপহার দিয়েছেন শাহরিয়ার নাফীস-তামিম ইকবাল। আগের ম্যাচে একশো পার করতে ২৭.৩ ওভার লাগালেও এবার তাদের লেগেছে ১৭ ওভার। যদিও এই পার্টনারশিপটির জন্য তাদের বিশেষ করে তামিমের কৃতজ্ঞ থাকা উচিত আন্দ্রে বোথার কাছে। ব্যক্তিগত ৩০ রানের সময় তামিম নিশ্চিত আউট জেনে সাজঘরের পথ ধরেই ফেলেছিলেন। চালাতে গিয়ে তার ব্যাটের ওপরের কানা নিয়ে অনেক উঁচুতে উঠে গিয়েছিল বল। কিন্তু নিজের বলে সহজ ক্যাচটা নিতে পারেননি আইরিশ মিডিয়াম পেসার।
ওভাবে জীবন ফিরে পাওয়ার সুযোগ ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি দিয়েই কাজে লাগিয়েছেন তামিম। এজন্য এই ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারের চেকটাও গেছে তার পকেটেই। আর তার ওপেনিং সঙ্গী নাফীস পেয়েছেন সিরিজ সেরার পুরস্কারটা। অপরাজিত ৯০ এবং ৬০ রানের পর এদিন ৫৪, এই সিরিজে ব্যাটিংয়ে এমন ধারাবাহিক নাফীসের বিদায়ের পর আফতাবও (০) তার পথ ধরেন দ্রুতই। মাঝে আশরাফুল (২২), সাকিব আল হাসান (৭) ও রাকিবুল হাসানদের (২) উইকেটগুলোও চটজলদি হারানোয় রানের গতি শ্লথ হয়ে পড়েছিল কিছুটা। ১৭ ওভারে একশো পেরোনো বাংলাদেশকে দুইশোর ঘরে পৌঁছাতে অপেক্ষা করতে হয়েছে ৪১.১ ওভার পর্যন্ত।
কিন্তু ট্রেন্ট জনস্টনকে থার্ডম্যান দিয়ে বাউন্ডারি মেরে ১২০ বলে প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে পৌঁছানো তামিম এরপর দলের রানের গতি বাড়িয়ে দিয়ে যান। ১৫ বাউন্ডারির সঙ্গে তার ১৩৭ বলে ১২৯ রানের দুর্দান্ত এক ইনিংসের একমাত্র ছক্কাটিও সেঞ্চুরির পরই মারা। মাঝে রানের গতি খুব ধীর হয়ে গেলেও শেষপর্যন্ত ২৯৩-তে পৌঁছানোয় মাহমুদুল্লাহ রিয়াদের ৪৪ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংসটারই সবচেয়ে বড় ভূমিকা। একটি করে বাউন্ডারি ও ছক্কায় মাশরাফি বিন মর্তুজার ৭ বলে ১৬ রানের ইনিংসটার কথাও বলতে হবে।
আয়ারল্যান্ডের ইনিংসে বাংলাদেশের বোলারদের চেয়ে ফিল্ডারদের কথাই বেশি বলা উচিত। কারণ চার-চারজন আইরিশ ব্যাটসম্যান রানআউট হয়েছেন। এরমধ্যে দুটো আবার সরাসরি থ্রোতে। রানআউটের সংখ্যা পাঁচও হতে পারতো। যদি টিভি রিপ্লেতে পরিষ্কার বোঝা যাওয়া আরেকটি রান আউট দিতেন আম্পায়ার এনামুল হক মনি। অবশ্য এই সিরিজে এধরনের সিদ্ধান্তের জন্য থার্ড আম্পায়ারের শরণাপন্ন হওয়ার কোনো ব্যবস্থা ছিল না। তবে ওই সিদ্ধান্ত পক্ষে না গেলেও মাশরাফি (১/৩২), আব্দুর রাজ্জাক (২/৫০), সাকিব (২/৪৬) ও রিয়াদরা (১/৪১) মিলে ঠিকই চেপে ধরেছেন প্রতিপক্ষকে। ৭০ রানের ইনিংস খেলে শুধু একাই লড়েছেন নিয়াল ও'ব্রায়েন।
আরে, এরকম লড়াই তো এই কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও বাংলাদেশের কেউ দেখাতে পারেননি। এই সিরিজ তাই সেই দুঃখের ক্ষতে প্রলেপ বুলাতে পারছে কিছুটা হলেও। ইস্পাহানি সিরিজের ট্রফি নিয়ে তোলা ছবিতে ক্রিকেটারদের উচ্ছ্বাসটা অবশ্যই প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার জন্য। এই নিয়ে চতুর্থবার কোনো দলকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। এর আগে কেনিয়া দু বার ও জিম্বাবুয়ে এক বার হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশের কাছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২০০৪ঘ.
bdnews24