ঢাকা, ২২ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যারা উইকেট দিয়ে আসছিলেন, আয়ারল্যান্ড সিরিজে তাদের ব্যাটেই রানের ফল্গুধারা। সপ্তাহখানেকের ভেতর বাংলাদেশের ব্যাটসম্যানদের এমন বিবর্তনের কারণ কোচ জেমি সিডন্সের দৃষ্টিতে এরকম, "এই সপ্তাহটা খুব ভালো গেল। তবে দক্ষিণ আফ্রিকা ভীষণ কঠিন সময়ের মধ্যে ফেলেছিল আমাদের ব্যাটসম্যানদের। ওদের ১৪০-১৪৫ কিলোমিটার গতির বল খেলাটাই ওই সিরিজের সঙ্গে এই সিরিজের পার্থক্য।"
দক্ষিণ আফ্রিকা সিরিজের দুঃস্বপ্ন ভুলতে তাই আয়ারল্যান্ড সিরিজটা খুব কাজেই দিয়েছে। সাফল্যখরা কাটাতে এমন সিরিজ খেলা দরকার। তবে প্রতিদ্বন্দ্বিতামূলক দল হয়ে উঠতে গেলে নিশ্চয়ই এ ধরনের দলের সঙ্গে খেলা ঠিক নয়? এমন প্রশ্নে অবশ্য সায় দিতে পারলেন না বাংলাদেশ দলের অস্ট্রেলিয়ান কোচ, "বিশ্বের সেরা দল কিংবা যে দলগুলো আমাদের চেয়ে ভালো, এই পর্যায়ে কেবল তাদের সঙ্গেই খেলে যাওয়াকে ভালো বলে মনে হয় না আমার। এটা ঠিক নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি আমরা। প্রতিদ্বন্দ্বিতামূলক দল হয়ে উঠতে গেলে আরো কতোটা ভালো করতে হবে, সেই ধারণাও পাওয়া গেছে।"
আর আয়ারল্যান্ড সিরিজের অভিজ্ঞতায় তিনি বলছেন, "এই সিরিজ থেকে বুঝলাম আয়ারল্যান্ডের চেয়ে আমরা ভালো দল। এখন আমাদের পরবর্তী টার্গেট জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আরো বেশি বেশি ম্যাচ খেলা। শক্তিশালী দলের কাছে সবসময় বিধ্বস্ত না হয়ে মাঝে মাঝে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এ ধরনের দলের সঙ্গেও খেলা দরকার। তাই আমি মনে করি ঘুরিয়ে ফিরিয়ে আমাদের সবার সঙ্গেই খেলা উচিত।"
মোহাম্মদ আশরাফুলও দ্বিতীয় ম্যাচে সিরিজ জয় নিশ্চিত হওয়ার পর থেকে আত্মবিশ্বাস বাড়ার কথাই বলে আসছেন। তার মতের সমর্থক পেয়ে যাওয়ায় শনিবার সংবাদ সম্মেলনে সেকথা আরো জোর দিয়ে বললেন, "কোচ তো বললেন, আমাদের সবার সঙ্গেই ঘুরিয়ে ফিরিয়ে খেলা উচিত। আর এই সিরিজ প্রত্যেকের আত্মবিশ্বাস বাড়িয়েছে। পাকিস্তান সফরে এটা খুব কাজে দেবে।"
গত বছর বিশ্বকাপে আয়ারল্যান্ডের কাছে হেরেছিল বাংলাদেশ। এবার তাদের হোয়াইটওয়াশ করে সেই দুঃখ ভোলা গেল কিনা, এমন প্রশ্নে বাংলাদেশ অধিনায়ক বললেন, "আসলে বিশ্বকাপ ম্যাচ আর এখানকার ম্যাচের মধ্যে কোনো তুলনা হয় না।" আশরাফুল তুলনায় না গেলেও আয়ারল্যান্ডের কোচ ফিল সিমন্স গেলেন। এই সাবেক ক্যারিবীয় অলরাউন্ডার ২০০৬ এর নভেম্বরে বাংলাদেশ সফরের সময় ছিলেন জিম্বাবুয়ের কোচ। সেবার পাঁচ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়ে যাওয়া সিমন্সের একই অভিজ্ঞতা হল এবারো। তবে দুই সময়ের বাংলাদেশ দলের তুলনা করতে গিয়ে পার্থক্য খুঁজে পেলেন অনেক, "অনেক উন্নতি করেছে, বিশেষ করে ফিল্ডিংয়ে।"
কিন্তু এই দলটাকে নিয়ে মাঝে-মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট পরিমন্ডলে অনেক নেতিবাচক কথা উঠে যায়। এই বিষয়টাকে ঠিক বলে মনে হয় না সিমন্সের। এখানে তিনি বাংলাদেশের পাশেই দাঁড়াচ্ছেন, "আমি মনে করি লোকজনের এখন সমালোচনা না করে বরং তাদের উন্নতিতে সাহায্যই করা উচিত।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২১৪১ঘ.
bdnews24