ঢাকা, ১৯ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- মঞ্জুরুল ইসলামের দূরন্ত বোলিংয়ে প্রিমিয়ার ক্রিকেট লিগে জয়যাত্রা অব্যাহত আছে মোহামেডানের। বুধবার ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে তারা সোনারগাঁ ক্রিকেটার্সের বিপক্ষে পেয়েছে ৮ উইকেটের অনায়াস জয়। বিকেএসপির দুই নাম্বার মাঠে সূর্যতরুণের ১৭৯ রান টপকাতে অবশ্য যথেষ্ট ঘাম ঝরাতে হয়েছে বিমানকে। তাদের জয় মাত্র ৩ উইকেটের। এই দুই ম্যাচের তুলনায় অনেক বেশি রান দেখেছে নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামের বিকেএসপি-ভিক্টোরিয়া ম্যাচ। ওপেনার মোহাম্মদ মিঠুনের সেঞ্চুরিতে বিকেএসপির ৬ উইকেটে তোলা ২৬৭ রান শেষপর্যন্ত পাহাড়সম বলেই প্রমাণিত হয়েছে ভিক্টোরিয়ার জন্য। হেরেছে ৮০ রানে।
২৭ রানে ৪ উইকেট হারানোর ধাক্কা আর সামলাতে পারেনি সোনারগাঁ। এক্ষেত্রে বাঁ হাতি পেসার মঞ্জুরুলেরই সবচেয়ে বড় ভূমিকা। সাকুল্যে ৪ উইকেটই শুধু নেননি, মিতব্যয়ী বোলিংও তার হাতে উঠিয়েছে ম্যাচ সেরার পুরস্কার : ৭-৩-৫-৪! পরে পাকিস্তানি বোলার আদিল আরশাদ ২৫ রানে ৪ উইকেট নিয়ে গুটিয়ে দেন সোনারগাঁকে। এরমধ্যে ইলিয়াস সানির (৫০) ফিফটিটা না হলে ৪৩.৩ ওভারে অলআউট হওয়ার আগে ১৩৯ ও করা হয় না তাদের। ওপেনার ইমতিয়াজ হোসেনের অপরাজিত ৮০ রানে লক্ষ্যে পৌছাতে মাত্র ২৯.৪ ওভার লেগেছে মোহামেডানের।
সূর্যতরুণের নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে তোলা ১৭৯ রানের মধ্যে সর্বোচ্চ ৪২ এসেছে হাবিবুল বাশারের ব্যাট থেকে। ৩৫ রানে ২ উইকেট নেওয়া মোশাররফ হোসেন রুবেলের অপরাজিত ৩৩ রান বিমানকে জয়ের তীরে পৌছে দিয়েছে ৩ বল বাকি থাকতেই। এজন্য ম্যাচ সেরাও হয়েছেন তিনি। তবে ওপেনার নাফিস ইকবালের ৫৫ রানের ইনিংসটার কথা না বললেই নয়।
কিছুদিন আগে বাংলাদেশের হয়ে মালয়েশিয়ায় যুব বিশ্বকাপ খেলে আসা দলের দুই সদস্য মিঠুন এবং নাসির হোসেনের (৮৫) ১৪০ রানের পার্টনারশিপ বড় সংগ্রহ গড়ে দেয় বিকেএসপিকে। ম্যান অফ দি ম্যাচ মিঠুন করেছেন ১১৬ রান। জবাব দিতে নামা ভিক্টোরিয়াকে ১৮৭ রানে শেষ করে দেয় তাপসের (৪/৩৬) বোলিং।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১০০ঘ.
bdnews24