২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্যারেল হেয়ার আবার আন্তর্জাতিক ক্রিকেটে

খবরটা শুনে পাকিস্তানের ক্রিকেটাঙ্গন নিশ্চয়ই হতাশায় আক্রান্ত! তাদের 'শত্র"' ড্যারেল হেয়ার যে ফিরতে যাচ্ছেন আম্পায়ারদের এলিট প্যানেলে। ২০০৬ সালের আগস্টে ওভাল-কাণ্ডের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত এই অস্ট্রেলীয় আম্পায়ারকে এলিট প্যানেলে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। মঙ্গলবার দুবাইতে শেষ হওয়া নির্বাহী বোর্ডের মিটিংয়ে আগামী বিশ্বকাপ সংক্ষিপ্ত করার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2008, 12:06 PM

Updated : 26 Aug 2022, 01:34 PM

দুবাই, ১৯ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- খবরটা শুনে পাকিস্তানের ক্রিকেটাঙ্গন নিশ্চয়ই হতাশায় আক্রান্ত! তাদের 'শত্র"' ড্যারেল হেয়ার যে ফিরতে যাচ্ছেন আম্পায়ারদের এলিট প্যানেলে। ২০০৬ সালের আগস্টে ওভাল-কাণ্ডের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত এই অস্ট্রেলীয় আম্পায়ারকে এলিট প্যানেলে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। মঙ্গলবার দুবাইতে শেষ হওয়া নির্বাহী বোর্ডের মিটিংয়ে আগামী বিশ্বকাপ সংক্ষিপ্ত করার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। ২০০৬ সালে ওভাল টেস্টে বিতর্কিত এক ঘটনার জন্ম দিয়ে ক্রিকেট বিশ্বে একেবারে হৈ-চৈ ফেলে দিয়েছিলেন হেয়ার। বল ট্যাম্পারিংয়ের অভিযোগে ৫ রান জরিমানা করায় ক্ষুব্ধ পাকিস্তান দল সে সময়ের অধিনায়ক ইনজামাম-উল হকের নেতৃত্বে বেরিয়ে গিয়েছিল মাঠ থেকে। পরে তারা মাঠে ফিরতে অস্বীকৃতি জানালে ইংল্যান্ডকে বিজয়ী হিসাবে ঘোষণা করা হয়েছিল। টেস্ট ক্রিকেটের প্রায় ১৩০ বছরের ইতিহাসে 'ফোরফিট' হওয়া অর্থাৎ একটি দলের অনুপস্থিতিতে প্রতিপক্ষকে বিজয়ী ঘোষণা করার ঘটনা এটাই প্রথম। পরে এ নিয়ে কম জল ঘোলা হয়নি। শেষ পর্যন্ত কিছুটা চাপের মুখে পড়েই সে বছরের নভেম্বরে এলিট প্যানেল থেকে হেয়ারকে সরিয়ে দিয়েছিল আইসিসি। তবে এলিট প্যানেল থেকে বিতাড়িত হলেও কম গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ঠিকই আম্পায়ারিং করে যাচ্ছিলেন হেয়ার। আইসিসির পরবর্তী প্রেসিডেন্ট ডেভিড মরগ্যান জানিয়েছেন, "ড্যারেল হেয়ার একজন ভালো, দক্ষ আম্পায়ার। ২০০৯ সালের ৩১ মার্চের পর তার অবস্থা পুনর্বিবেচনা করা হবে। (তাকে ফিরিয়ে আনার) সিদ্ধান্তটা সর্বসম্মতিক্রমে নেয়া হয়েছে।" নির্বাহী বোর্ডের মিটিংয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে সবচেয়ে আগে রাখতে হবে ২০১১ বিশ্বকাপের কলেবর সংক্ষিপ্ত করাটাকে। গত বার ১৬টি দল অংশ নিলেও আগামী বিশ্বকাপ আয়োজিত হবে ১৪টি দল নিয়ে। পাকিস্তানে অনুষ্ঠেয় এ বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি সম্পর্কেও সিদ্ধান্ত নেয়া হয়েছে আইসিসির বোর্ড মিটিংয়ে। কয়েকটি দল, বিশেষ করে অস্ট্রেলিয়া নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকায় পাকিস্তানকে মাত্র ৩টি ভেন্যুতে টুর্নামেন্টটা আয়োজনের নির্দেশ দিয়েছে আইসিসি। বহুল আলোচিত ভারতীয় ক্রিকেট লিগ বা আইপিএল নিয়েও আলোচনা হয়েছে দু দিন ধরে চলা এই মিটিংয়ে। এই টোয়েন্টি টোয়েন্টি টুর্নামেন্টের বিপুল অর্থের প্রলোভনে এখন বেশ কয়েকটি দেশের ক্রিকেট বোর্ড শঙ্কিত। বিশেষ করে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। তাদের আশঙ্কা আইপিএল-এর লোভনীয় প্রস্তাবে অনেক ক্রিকেটারই আগেভাগে অবসর নিয়ে যোগ দেবে তাদের সঙ্গে। সেই শঙ্কা দূর করার লক্ষ্যে আইসিসির সিদ্ধান্ত, কোনো খেলোয়াড় অবসর নেয়ার দুই বছর পর পর্যন্ত তাকে আইপিএল-এ যোগ দেয়ার ব্যাপারে বাধা দিতে পারবে সংশ্লিষ্ট বোর্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৭৫০ঘ.