ঢাকা, ১৮ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- স্কোর তখন ২ উইকেটে ৫৬। ১৮৬ রান যত সহজ লক্ষ্যই হোক, তখনো ভালোভাবেই ম্যাচে ছিল আয়ারল্যান্ড। সে অবস্থায় আশরাফুল এলেন। শাহরিয়ার নাফীস তার আগেই দিয়ে ফেলেছেন ভালো কিছু করার ইঙ্গিত। ম্যাচের বাকিটা চললো এই দুজনের ব্যাটের ইশারাতেই; সুবাদে তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ১৩০ রানের জুটি। নাফীসের অষ্টম ওয়ানডে ফিফটির (৯০*) সঙ্গে আশরাফুলেরও ত্রয়োদশ ফিফটি (৬০*) যোগ হওয়ায় ৩৯.৫ ওভারেই ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে গেলো বাংলাদেশ। আয়ারল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের সিরিজ শুরু হলো বাংলাদেশের ৮ উইকেটের জয় দিয়ে।
উদ্বোধনী জুটিতে ২৫ রান তোলার পর ল্যাঙ্গফোর্ড স্মিথের বলে তামিম ইকবাল (১৩) বিদায় নিলে প্রথম ধাক্কা খায় বাংলাদেশ। একটু পর শাহরিয়ার নাফীসকে (২৯*) নিয়ে সে আঘাত সামলে দেয়ার সম্ভাবনা জাগানো আফতাবও (১১) আউট। আইরিশ অধিনায়ক ট্রেন্ট জনস্টন তাকে স্ট্রাইডমের ক্যাচ বানানোয় দলকে এগিয়ে নেবার দায়িত্ব নিতে হয় আশরাফুলকে। ৯০ বলে ৮টি বাউন্ডারিতে ৬০ রানের হার না মানা ইনিংস খেলে সে দায়িত্ব ভালোভাবেই পালন করছেন এক দিন আগেই দর্শকের গায়ে হাত তুলে বিতর্কে জড়ানো বাংলাদেশ অধিনায়ক। জয়ের লক্ষ্য আরেকটু বড় হলে এ ম্যাচে হয়তো আরেকটা আনন্দের উপলক্ষ পেতো বাংলাদেশ। বিশ্বকাপের সময় হঠাৎ করে নিজেকে হারিয়ে ফেলা শাহরিয়ার নাফীস ফিফটি পেলেন ১২ ম্যাচ পর। আশরাফুলের তুলনায় সেঞ্চুরি হারানোর দুঃখ তারই বেশি হওয়ার কথা, কারণ তিনি অপরাজিত ছিলেন ৯০ রানে।
সকালে বাংলাদেশের কাজটা অনেক এগিয়ে রাখেন মাশরাফি। দিনের পঞ্চম ও নিজের তৃতীয় ওভারের শেষ বলে পোর্টারফিল্ড উইকেটকিপার ধীমান ঘোষকে ক্যাচ দিতে বাধ্য হওয়ায় ৮ রানে প্রথম সাফল্য পেয়ে যায় বাংলাদেশ। ২০ রানে দ্বিতীয় সাফল্যও আসে একইভাবে। সেবার শিকার স্ট্রাইডম, ধীমানের সহায়তায় শিকারী সেই মাশরাফি। আর বড় স্কোরের আশা জাগাতে পারেননি আইরিশ ব্যাটসম্যানরা। কৃতিত্বটা বোলারদেরই। তাই বড় কোনো জুটি গড়ে উঠতে পারেনি। আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেছেন কুসাক। ১০ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন মাশরাফি। মাহমুদুল্লা রিয়াদ (১/৩১), সাকিব আল হাসান (১/৩৮) ও ফরহাদ রেজা (১/৪৯) পেয়েছেন একটি করে উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/এমএম/১৬০১ঘ.
bdnews24