ঢাকা, ১৪ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বাংলাদেশের ক্রিকেটটা যদি হতো শুধু বোলিংয়ের খেলা! তাহলে এই টেনশন নেই; হা-হুতাশও করতে হবে না। লজ্জা বা অপমান এসব প্রসঙ্গও আসবে না। বরং বোলিংয়ে উইকেট আর বিপক্ষের ব্যাটসম্যানদের ভোগানোর কৃতিত্বে ঢেঁকুর তুলে বলা যাবে, এই তো আমরাও পারি! বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ নিয়ে মিরপুর স্টেডিয়াম থেকে লিখেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া সম্পাদক মোস্তফা মামুন।
আজকালকার ফুটবল কোচরা ট্যাকটিকসের নামে ডিফেন্স শক্ত করার নিরন্তর চেষ্টা চালিয়েই যাচ্ছেন। ডিফেন্সিভ মিডফিল্ডার নামের 'কর্মী' ফুটবলারদের ভীড় বাড়ছে মাঠে। এসবই গোল ঠেকানোর জন্য, কিন্তু সে চেষ্টা যতই চলুক তবু ফুটবল শেষপর্যন্ত গোলেরই খেলা। গোল না হলে তার জাত-পাত কিছুই থাকে না। ক্রিকেটে কিন্তু চেষ্টাটাই ব্যাটিং আকর্ষণ আর রান বাড়ানোর দিকে। ওয়ানডে এলো, তারপর হালের টোয়েন্টি-টোয়েন্টি তো শুধু ব্যাটসম্যানদের কথা ভেবেই তৈরি। এবং সত্যি বললে যে কোনো দলের সমর্থকরা তার দলের ব্যাটিং দেখতেই মাঠে আসেন। বাংলাদেশের দর্শকরাও ব্যতিক্রম হবেন না স্বাভাবিক। কিন্তু এসে কী দেখেন! কেউ কেউ রসিকতা করে বলছেন, আসলে তো দেখতেই পান না! মাঠে আসার আগেই তো বিদায়। সেটাও সত্যি। শীর্ষ তিন বা চারজনের ব্যাটিংয়ের দিকেই আকর্ষণ থাকে, কিন্তু মিরপুরে লম্বা লাইন পেরিয়ে মাঠে ঢুকতে ঢুকতেই তো প্রায় সময় তারা নেই।
শুক্রবার শেষ ম্যাচে তবু বেশ কিছুক্ষণ ছিলেন। ৩৪ রান পর্যন্ত উদ্বোধনী জুটির টিকে থাকা এই সিরিজের মানদণ্ডে বলার মতো ঘটনাই। আগের ম্যাচে ১৮ রানে পড়েছিল ৪ উইকেট, সেই হিসাবে এদিন চতুর্থ উইকেট পড়ল তার চেয়ে চার গুণ বেশি রানে। কিন্তু শেষ পর্যন্ত মোট রান আগের দিনের চেয়েও কত কম! প্রথম দুই ওয়ানডের ১৭৮ আর ১৭৩ রানের তুলনায় এদিন ১৪৩। আবার পুরনো কথা, বাংলাদেশের ভালো শুরু আর খারাপ শুরুর মধ্যে কোনো তফাত নেই। তফাত থাকলে এটা যে, শুরুটা তুলনামুলক ভালো হলে রানটা তুলনামুলক কম হবে। সত্যি এটা কি কোনো ব্যাটিং? একজন আসছেন, দলের পরিস্থিতি তার মাথায় নেই, স্টেডিয়ামের অতো বিশালাকৃতির স্কোরবোর্ডের দিকে তার চোখ যায় না, চোখ-মুখ বন্ধ করে একটা কিছু মেরে দিচ্ছেন।
আজকাল গ্রাম পর্যায়েও ক্রিকেট পৌঁছে গেছে। শুকনো মৌসুমে ধানী জমির মধ্যে মাঠ তৈরি করে যে ক্রিকেট হয় তার ব্যাটসম্যানরা এমন দায়িত্বহীন শট মারলেও মানতে কষ্ট হয়, আর এরা তো বাংলাদেশ জাতীয় দলের ব্যাটসম্যান! অধিনায়ক আশরাফুল অফস্টাম্পের বল মিডউইকেটের ওপর দিয়ে তুলে মারতে গেলেন, এমন শট খেলতে তিনি সক্ষম, কিন্তু সেটা মারছেন কখন? যখন তার কাছে টিকে থাকার দাবি জানাচ্ছে দল এবং নিজের এই সিরিজে একটাও স্কোর নেই। যখন হচ্ছে না, ভাগ্য পক্ষে থাকছে না তখন নিরাপদ ক্রিকেট খেলাই তো বড় ব্যাটসম্যানের কাজ। হাতে শক্তি আর কব্জিতে কারুকাজ থাকলেই বোধহয় বড় ব্যাটসম্যান হওয়া যায় না। মাথায়ও ব্যাটিংটা থাকতে হয়।
ক্রিকেটে রান আউট সবসময়ই বিলাসী আউট বলে গন্য। তা বিলাসী তারাই হতে পারে যাদের অঢেল আছে। কিন্তু বাংলাদেশের ভাবটা এমন যে বড় লোক হতে না পারি বড় মন তো আছে। অভাবের মধ্যে বিলাসিতা দেখানোতেই তো বড় মনের পরিচয়! নইলে প্রতি ইনিংসেই কেন একাধিক রান আউট থাকবে? শুক্রবারও ছিল। এবং তার শিকার আগের দিনের টপ স্কোরার রাকিবুল। এই সিরিজে জানা গেলো একদমই সেসব বাংলাদেশের ব্যাটসম্যানদের নেই। ভাবা যায়, পুরো সিরিজে ৭ ইনিংসে বাংলাদেশ মাত্র একবার দুশো পেরোতে পেরেছে!
এই সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে দক্ষিণ আফ্রিকা দুটো কাজ সেরে নিল। ওয়ানডে র্যাংকিংয়ে শুক্রবার থেকে তারা আবার এক নম্বরে এবং একই সঙ্গে এই সিরিজ দিয়ে ভারত সফরের প্রস্তুতিটাও বেশ হলো। এবং আসলে হয়নি। বাংলাদেশের ব্যর্থতায় পার পেয়ে গেলেও স্পিনের বিপক্ষে ওদের ব্যাটিংয়ের যে হাল তাতে ঢাকার ম্যাচ দেখে ব্যাঙ্গালোর-দিল্লিতে কুম্বলে- হরভজনরা কয়েক পাক নেচে নিতে পারেন। তিনটি মাত্র উইকেট হারিয়ে ৭ উইকেটের জয়, কিন্তু খেলতে হয়েছে ৩৪.২ ওভার। আর রাজ্জাক-সাকিবের করা ১৯.২ ওভারে কতবার যে বল তাদের ব্যাট ফাঁকি দিয়েছে সেটা গুণে শেষ করার নয়। স্বল্প পুঁজি নিয়েও এদিন দক্ষিণ আফ্রিকান বোলারদের ভোগানোর কাজটা ঠিকই করে গেলেন বাংলাদেশের বাঁহাতি স্পিনাররা। দেখতে দেখতে মনে হচ্ছিল, একটা ম্যাচে যদি ব্যাটসম্যানরা লড়ার মতো একটা স্কোর দিতে পারতেন। বোলাররা তাই বাংলাদেশের ক্রিকেটকে শুধুমাত্র বোলিংয়ের খেলা ঘোষণার দাবি তো করতেই পারে! নাকি! ক্রিকেট আইনে সম্ভব নয়, কিন্তু মানুষের আবেগে সম্ভব। এই সিরিজে বাংলাদেশের ব্যাটিং-বোলিংয়ে এতটাই বৈপরীত্য।
দক্ষিণ আফ্রিকার যেমন এরপর ভারত, বাংলাদেশের তেমনি আয়ারল্যান্ড। স্পিনের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকানদের অক্ষমতা পরীক্ষিত, তাছাড়া অস্ট্রেলিয়া জয় করে আসা ভারতীয় দল যে ফর্মে তাতে ওদের উড়ে যাওয়ারই কথা। সিরিজপূর্ব এই ধারণা সিরিজ শেষে আরও প্রতিষ্ঠিত। কিন্তু বাংলাদেশের বিষয়ে প্রাক সিরিজ ধারণা একেবারে বদলে গেলো। যে আয়ারল্যান্ডকে মনে হচ্ছিল সহজ খাদ্য, এই সিরিজে বাংলাদেশের ব্যাটিং দেখে মনে হচ্ছে ওরাও খুব কঠিন প্রতিপক্ষ। ওদের সঙ্গেও লড়তে হবে। কে জানে হয়তো হারতেও হবে!
শেষে এসে মনে হচ্ছে একটা জায়গায় তো বাংলাদেশের ব্যাটসম্যানরা ঠিকই পারে। সেটা উল্লেখ না করলে তাদের প্রতি অমর্যাদা করা হয়। প্র্যাকটিস ম্যাচে। টেস্ট সিরিজ শুরুর আগে ফতুল্লার প্র্যাকটিস ম্যাচের কথা ভাবুন। বাংলাদেশ এমন ব্যাটিং করেছিল যে সিরিজ কাভার করতে আসা দক্ষিণ আফ্রিকান সাংবাদিকরা উদ্বিগ্ন হয়ে বিশাল বিশাল লেখা পাঠাচ্ছিলেন। বোলারদের এই কন্ডিশনে বলা করা আরও শিখতে হবে। আরও মাথা খাটাতে হবে। ওয়ানডে সিরিজ শুরুর আগে চট্টগ্রামে প্রস্তুতি ওয়ানডে ম্যাচটাতে বাংলাদেশ ২৪৩ রানই শুধু করেনি, টাই করে বসেছিল। অথচ তারপর সিরিজে এই হাল! সমস্যাটা কোথায়? অধিনায়ক আশরাফুল সমস্যাটা দেখেছিলেন, টিভিতে খেলা স
bdnews24