ঢাকা, ১৩ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- জহুরুল ইসলাম অমির সেঞ্চুরিতে প্রিমিয়ার ক্রিকেট লিগে সহজ জয় পেয়েছে আবাহনী। বিকেএসপির দুই নাম্বার মাঠে বর্তমান চ্যাম্পিয়নদের তৃতীয় জয়টা পারটেক্সের বিপক্ষে, ১০৫ রানে। নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে কলাবাগানকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে সিটি ক্লাব। আর ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ইয়াং পেগাসাসকে ৪ উইকেটে হারিয়ে দ্বিতীয় জয় পেয়েছে বিকেএসপি।
টস জিতে ব্যাটিংয়ে নামা আবাহনী নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৮৬ রানের পাহাড়ের ভিত্তিটা গড়ে দেয় ওপেনার জহুরুলের সেঞ্চুরি। ১ রানে অন্য ওপেনার মাহবুবুল করিমের উইকেট হারালেও পাকিস্তানি ব্যাটসম্যান আনোয়ার হাফিজকে (৪৮) নিয়ে তার ৯২ রানের পার্টনারশিপ পথ দেখায় আবাহনীকে। এরপর তাদের তিনশোর কাছাকাছি পৌছে দেওয়ার কৃতিত্ব পেসার জিয়াউর রহমানের ঝড়ো ব্যাটিং। মাত্র ২০ বলে পাঁচটি ছক্কা ও এক বাউন্ডারিতে ৪৩ রান করেন তিনি। জবাব দিতে নামা পারটেক্স ৪৪ ওভারে মাত্র ১৮১ রানে গুটিয়ে যায়। সেঞ্চুরির জন্য ম্যান অফ দি ম্যাচ হয়েছেন জহুরুল।
একটা দলের সর্বোচ্চ ২৯ রান এসেছে অতিরিক্ত খাত থেকে। আর ব্যক্তিগত সর্বোচ্চ ২৩। তাহলে একটা দলের সংগ্রহ কতোইবা আর হতে পারে। ১০১ রান করা কলাবাগানের হার তাই অবধারিতই ছিল। প্রশ্ন ছিল সেটা কতো দ্রুত হয়। সিটি ক্লাব এই রান মাত্র ২০ ওভারেই টপকে যায়। তাদের পেসার (৩/২৩) শাফাক আল জাবির হয়েছেন ম্যান অফ দি ম্যাচ।
অন্য ম্যাচে পেগাসাসের ২০৩ রান টপকে ৪ উইকেটের জয় তুলে নিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে মাহমুদুল হাসানের অপরাজিত ৪২ রানের ইনিংস। সুবাদে তিনিই ম্যাচের সেরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১১৫ঘ.
bdnews24