বাংলাদেশ, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- আবারো সেই রান ঘাটতির গল্প। এবং যথারীতি পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে সিরিজের শেষ ম্যাচ খেলার প্রতিজ্ঞা!
দ্বিতীয় ম্যাচের ভুলগুলো নিয়েই সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তার চোখে প্রথম ভুলটাই হচ্ছে রান-ঘাটতি, "মনে হয় ২২৫ রান করতে পারলে আজ দক্ষিণ অফ্রিকাকে হারানোর সুযোগ ছিল।" বাংলাদেশ করেছে ১৭৩ রান, মানে ৫২ রানের ঘাটতি। চট্টগ্রামে প্রথম ওয়ানডে শেষেও এরকম ৩০-৪০ রানের জন্য হাহাকার করেছিলেন অধিনায়ক। প্রতিদিনই কম হচ্ছে, প্রত্যাশামতো কিংবা তার চেয়ে বেশি হচ্ছে না। বাংলাদেশের ক্রিকেট ইতিহাস ঘাটলেও দেখা যাবে এই রান-ঘাটতির গল্পই ঘুরে ফিরে আসবে বারবার। সঙ্গে থাকবে আরেকটা ঐতিহ্যও, আগের ম্যাচের ভুলগুলো আবার পরের ম্যাচে বিস্ময়করভাবে আবিস্কার করবেন বাংলাদেশ অধিনায়ক !
এ ম্যাচের রান-ঘাটতির জন্য অধিনায়ক খানিকটা দায় চাপিয়েছেন রাকিবুল হাসানের ঘাড়ে, "দলের পরিকল্পনা ছিল রকিবুল ৪০ ওভার পর্যন্ত উইকেটে থাকবে এবং হাওয়ায় শট খেলবে না। সে আউট হয়ে যাওয়ায় ধীমান ও রাজ্জাক আউট হয়ে গেল। তাই আমার কাছে মনে হয় রাকিবুলের আউটাটাই আমাদের প্রত্যাশার জায়গায় পৌঁছুতে দেয়নি।"
১৮ রানে চার উইকেট পরে যাওয়ার পর সবাই যখন বাংলাদেশের সর্বনিু রানের রেকর্ড খোঁজাখুজিতে ব্যস্ত হয়ে পড়েছিল তখনই ত্রাতার ভূমিকায় নামেন রাকিবুল হাসান। এবং পঞ্চম উইকেট সাকিব আল হাসানের সঙ্গে ১১৯ রানের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন। দলকে সমূহ লজ্জার হাত থেকে পরিত্রান দেওয়ার বিষয়টা সবার কাছে বেশি গুরুত্বপূর্ণ হলেও বাংলাদেশ অধিনায়কের কাছে রাকিবুলের ৬৩ রানে ওভাবে আউট হওয়াটাই বড় ঘটনা! অথচ মাত্র দ্বিতীয় ওয়ানডেতে অস্বাভাবিক চাপের মধ্যে এমন অসাধারণ ব্যাটিং করেছেন এই তরুণ।
কিন্তু ওই চাপ যারা সৃষ্টি করেছেন টপ সেই অর্ডার ব্যাটসম্যানদের দায়ের কথা বলবে কে? মোহাম্মদ আশরাফুল সেভাবে বলেননি। অথচ ম্যাচ শুরু হতেই তো বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দিয়েছেন চার টপঅর্ডার ব্যাটসম্যান তামিম, শাহরিয়ার, আশরাফুল ও নাজিমউদ্দিন আউট হয়ে। তাতে বেশ দৃষ্টিকটু লেগেছে অধিনায়কের লং লেগে ক্যাচ তুলে দিয়ে ফিরে আসাটা। দক্ষিণ আফ্রিকান অধিনায়ক গ্রায়েম স্মিথ যখন তরুণ ব্যাটিং লাইন-আপের কথা ভেবে দায়িত্বশীল হয়ে ওঠেন তখন বাংলাদেশ অধিনায়কের ব্যাটিং প্রশ্নবিদ্ধ। কিন্তু অধিনায়কের জবাব, "আমার আত্মবিশ্বাসের জায়গা ঠিক আছে। দুটো ম্যাচে রান পাইনি আর কি।"
তৃতীয় ম্যাচে রানে ফেরার সুযোগ আছে। সেটা কাজে লাগাতে না পারলে বাংলাদেশের রান-ঘাটতির গল্প একেবারেই হাস্যকর হয়ে যাবে। আর তাহলে গ্যালারির বুধবারের ক্ষোভ-বিক্ষোভ সেদিন তীব্র আকারই ধারণ করার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০১০ঘ.
bdnews24